রামুতে বৌদ্ধবিহার থেকে ১৩টি মূল্যবান বুদ্ধমূর্তি চুরি
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল পুরাতন রাখাইন বৌদ্ধবিহার থেকে মূল্যবান ১৩টি বুদ্ধমূর্তি চুরি হয়ে গেছে। এসব মূর্তির মধ্যে দেড় কেজি ওজনের প্রায় ২০০ বছরের পুরোনো একটি পিতলের প্রাচীন বুদ্ধমূর্তিও রয়েছে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শুক্রবার রামু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।বৌদ্ধবিহারের অধ্যক্ষ উদেম্মা পিয়া ভিক্ষু জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিনি বিহারের প্রধান ফটকে তালা লাগিয়ে বাইরে ওষুধ কিনতে গিয়েছিলেন। এ সুযোগে চোরের দল কৌশলে মন্দিরের পাটাতনের তক্তা ভেঙে ভেতরে ঢুকে ২০০ বছরের একটি প্রাচীন বুদ্ধমূর্তিসহ ১৩টি বৌদ্ধমূর্তি চুরি করে নিয়ে যায়। তিনি জানান, চুরি হওয়া মূর্তির মধ্যে ২০০ বছরের পুরোনো মূর্তিটি দুষ্প্রাপ্য। মূর্তিটি পূরাকীর্তির পর্যায়ে পড়ে বলে তিনি জানান। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম জানান, চুরি হওয়ার পর খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তাঁর ধারণা, মাদকাসক্ত ব্যক্তিরা এ ঘটনা ঘটাতে পারে। তবে তিনি দাবি করেন—১৩টি নয়, দেড় কেজি ওজনের একটি বুদ্ধমূর্তি চুরি হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টাকার অভাবে এ বিহারের যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিহারের অধ্যক্ষ উদেম্মা পিয়া ভিক্ষু।