রামুতে ভূমিহীন শতাধিক পরিবারের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর গিলাতলীতে ভূমিহীন পরিবারের সদস্যদের মানববন্ধন l প্রথম আলো
রামুর গিলাতলীতে ভূমিহীন পরিবারের সদস্যদের মানববন্ধন l প্রথম আলো

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গিলাতলী এলাকার ভূমিহীন শতাধিক পরিবারের নারী-পুরুষেরা ১১ সেপ্টেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তাঁদের নিজ বসতবাড়ির সামনে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক আলী আহমদ। বক্তব্য দেন স্থানীয় দিনমজুর মো. ইলিয়াছ, মোস্তাক আহমদ, আবুল হোছন, আবু হানিফ, জয়নাল আবেদীন, মিনারা বেগম প্রমুখ। 
আলী আহমদ বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক জলবায়ু উদ্বাস্তু ও হতদরিদ্র মানুষ বন বিভাগের বাঁকখালী রেঞ্জের গিলাতলী বনবিটের ২৫ হেক্টর বিরাণ ভূমিতে সামাজিক বনায়ন সৃজন ও বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ইতিমধ্যে বনের আশপাশে পরিত্যক্ত জমিতে ৫০টির বেশি ঘরবাড়ি তৈরি করে ভূমিহীনেরা মাথা গেঁাজার ঠাঁই করে নিয়েছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল ভূমিহীন পরিবারগুলো উচ্ছেদ করে সৃজিত বাগানটি দখলে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে। ঘরবাড়ি উচ্ছেদের হুমকি দিচ্ছে।
দিনমজুর সুলতান আহমদ বলেন, ‘নিয়ম অনুযায়ী সামাজিক বনায়নের জন্য আমাদেরকেই উপকারভোগী হিসেবে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু স্থানীয় বন বিভাগের এক কর্মকর্তা নানা সুবিধা আদায় করে ১০-১২ কিলোমিটার দূরের প্রভাবশালী ব্যক্তিদের ওই জমির উপকারভোগী হিেসবে নিয়োগ দিচ্ছেন। এতে শতাধিক হতদরিদ্র পরিবারের নারী–শিশুরা ঘরবাড়ি হারানোর আশঙ্কা করছে। এ ব্যাপারে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এবং বন ও পরিবেশমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবদুল আউয়াল সরকার জানান, বনভূমি থেকে উপকারভোগী হতদরিদ্রদের উচ্ছেদের বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে তিনি খোঁজ নিচ্ছেন।