১৭ বছর আগে তিন কানি (এক একর ২০ শতক) জায়গায় মাছ চাষ শুরু করেন তিনি। এক লাখ টাকা পুঁজি খাটিয়ে প্রথম বছরেই লাভ পান ৭৫ হাজার টাকা। সেই থেকে তাঁর সাফল্যের পথে এগিয়ে চলা শুরু। এ বছর তিনি বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন ১২ একর জমিতে। কিন্তু সাম্প্রতিক বন্যায় তাঁর পুরো মাছের খামারটি আট দিন ধরে ছিল পানির নিচে। এতে প্রায় ৭০ লাখ টাকার মাছ ভেসে যাওয়ায় বর্তমানে তিনি নিঃস্ব। ক্ষতিগ্রস্ত এই ব্যক্তির নাম নুরুল ইসলাম, কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুলের সাতঘরিয়াপাড়ার বাসিন্দা। এর আগে ১৬ বছরে কোনো ঋণ না করলেও গত বছর ব্যবসার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে ১১ লাখ টাকা ঋণ নিয়েছেন তিনি। এখন তাঁর একটাই চিন্তা, কীভাবে ঋণের টাকা শোধ করে নতুন করে ব্যবসা দাঁড় করাবেন। নুরুল ইসলামের মতো ফতেখাঁরকুল ছাড়াও রাজারকুল, কাউয়ারখোপ, জোয়ারিয়ানালা, চাকমারকুলসহ ১১টি ইউনিয়নে প্রায় এক হাজার খামারির এক হাজার ৫০০ পুকুর ও খামারের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকা। নুরুল ইসলাম জানান, এ বছর ১২ একর জমি বর্গা নিয়ে গলদা চিংড়ি, রুই, কাতলা, সরপুঁটি, সিলভার কার্প, কার্ফু, মৃগেল, মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্ন জাতের মাছের চাষ করেন তিনি। বন্যায় তাঁর খামারের দু-তিন কেজি ওজনের প্রায় ১০ হাজার কেজি, এক-দুই কেজি ওজনের ৩০ হাজার কেজিসহ বিভিন্ন জাতের প্রায় ৫০ হাজার বড় মাছ এবং দেড় লাখ ছোট মাছ ভেসে যায়। এর মধ্যে গলদা চিংড়ি ছিল প্রায় এক লাখ। বন্যা না হলে শুধু চিংড়ি বিক্রি করেই ৫০ লাখ টাকা আয় করা যেত। সব মিলিয়ে তাঁর ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নুরুল ইসলাম বলেন, ‘১৭ বছরের মধ্যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিইনি। সম্পূর্ণ নিজের ব্যবসার লাভের টাকায় এ পর্যন্ত আসা। খামার সম্প্রসারণের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে গত বছর ১১ লাখ টাকা ঋণ নিয়েছি। বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব। সরকারি সহযোগিতা বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া না গেলে চিরদিনের জন্য ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঋণের টাকা কীভাবে শোধ করব, তাও জানি না।’ খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড় খামারিদের মধ্যে কাউয়ারখোপের মো. তৈয়বের ১০ একর, দরগাহপাড়ার রশিদ আহমদের ১০ একর, তেচ্ছিপুলের নুরুল ইসলাম ও মো. হাবিবের ১০ একর, রাজারকুলের মো. ওসমানের সাত একর, মেরংলোয়ার মৃদুল ও মো. আলমের সাত একর এবং সাতঘরিয়াপাড়ার আবু আহম্মদের পাঁচ একরসহ প্রায় এক হাজার খামারির ছোট-বড় প্রায় এক হাজার ৫০০ পুকুর ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। খামারি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মদ জানান, তাঁর প্রকল্পটি পাহাড়ি এলাকায়। অতিবৃষ্টিতে পাহাড় ধসে খামারে এসে পড়ায় তাঁর প্রায় ৩০ মণ পোনা ভেসে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে ।রামু উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. ওসমান জানান, বন্যার কারণে তাঁদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া উপজেলার ১১ ইউনিয়নের অন্তত দেড় হাজার খামারের অবকাঠামোসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুঁজি হারিয়ে বেশির ভাগ খামারি এখন নিঃস্ব। তাঁরা বলেন, সরকারি সহযোগিতা বা ঋণ পাওয়া না গেলে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এতে এসব এলাকায় ভবিষ্যতে মাছের তীব্র সংকট দেখা দেবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, অবকাঠামোসহ বন্যায় মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে ৭৬ লাখ টাকার মাছ, ২৭ লাখ টাকার চিংড়ি এবং ৭৩ লাখ টাকার অবকাঠামোসহ এক কোটি ৭৬ লাখ টাকা ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, খামারিদের সহযোগিতার ব্যাপারে কোনো নির্দেশনা এখনো আসেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘মৎস্য খামারিদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে।’