রামুতে মাদক ব্যবসায়ীর ছয় মাসের জেল
কক্সবাজারের রামু উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১১ জুলাই অরবিন্দ বড়ুয়া নামের ওই ব্যক্তিকে রামু থানার পুলিশ আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হাজির করলে ইউএনও তাঁকে জেলহাজতে পাঠান। তবে অরবিন্দর স্ত্রীর দাবি, তাঁর স্বামী মদ ব্যবসায়ী নন। স্থানীয় কিছু চিহ্নিত মদ ব্যবসায়ী তাঁদের (অরবিন্দদের) বাড়ির পেছনে বাঁকখালী খালসংলগ্ন বিলের মাঝে বসে বোতলে মদ ভরছিল। এ সময় খালে গোসল করছিলেন অরবিন্দ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ অরবিন্দকে থানায় নিয়ে যায়। রামু থানার উপপরিদর্শক আবু বক্কর ভূঁইয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন দুপুরে পুলিশ নিয়ে তিনি ফতেখাঁরকূলের দ্বীপ শ্রীকুল এলাকায় অভিযান চালান। এ সময় কয়েকজন মদ ব্যবসায়ী স্থানীয় নুরুল হুদার খামারবাড়িতে বসে কোমল পানীয় টাইগারের বোতলে বাংলা মদ ভরছিল। আর অরবিন্দ বোতলভর্তি মদ খালের ওপারে পাচার করছিল। পুলিশ তাঁকে ধাওয়া করে মদসহ আটক করে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘অরবিন্দ নিজেকে মদ ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তাই তাঁকে ছয় মাসের জেল দেওয়া হয়।’