রামুতে শপথগ্রহণ অনুষ্ঠান পরিণত হলো মিলনমেলায়
নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানেই ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হলো বিদায়ী ১১ চেয়ারম্যানকে। এ উপলক্ষে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। নতুন-পুরোনো চেয়ারম্যান-সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপজেলার প্রায় চার শ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়। অনুষ্ঠানে সবাই নিজ নিজ এলাকার উন্নয়নে পরস্পরকে সহযোগিতার আশ্বাস দেন। নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ উপলক্ষে গত ৩০ জুলাই ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে রামু উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, ৩৩ জন নারী সদস্য ও ৯৯ জন সাধারণসহ ১৪৩ জন জনপ্রতিনিধি শপথ নেন। চেয়ারম্যানদের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী এবং সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক শপথবাক্য পাঠ করান।জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়নে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার, ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাছান, মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, রুহুল আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে নজিবুল ইসলাম ও সাইমুম সরওয়ার। নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে নুরুল হক, আবদুল মাবুদ, মুফিদুল আলম, নুরুল আমিন, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম এবং বিদায়ী চেয়ারম্যানদের মধ্যে জামাল উদ্দিন শাহ, মোক্তার আহমদ, জাফর আলম, জাফর আলম চৌধুরী, আবদুস সালাম, ফরিদ বখ্ত এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভবেন্দু বিকাশ চক্রবর্তী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পল্লি জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নুরুল আজিম সিকদার।প্রতিক্রিয়া জানাতে গিয়ে পুরোনো চেয়ারম্যান সদস্যরা এলাকার উন্নয়নে নতুনদের সহযোগিতার আশ্বাস দেন।রাজারকুল ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান জাফর আলম চৌধুরী উপজেলা প্রশাসনের এ উদ্যোগের প্রসংশা করে বলেন, ‘নতুনদের শপথ অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যানদের সম্মাননা জানানোর বিষয়টি ব্যতিক্রমী।’ কচ্ছপিয়ার বিদায়ী চেয়ারম্যান মোকতার আহম্মদ বলেন, ‘এ ধরনের আয়োজন এলাকার উন্নয়নে সমন্বয়ের জন্য দরকার ছিল। আমি এলাকার উন্নয়নে নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের সহযোগিতা করব।’