রামুতে সার্কাসের নামে অশ্লীলতা মদ-জুয়ার আসর
এলাকাবাসীর বিক্ষোভ এবং জেলা প্রশাসকের কাছে লিখিত আপত্তি জানানোর পরও কক্সবাজারের রামু উপজেলায় সার্কাসের নামে অশ্লীল নৃত্য ও মদ-জুয়ার আসর বন্ধ হচ্ছে না। ১০ মে মসজিদ ও মন্দিরের মাঝখানে বসানো সার্কাস বন্ধের দাবিতে রামুর পাঁচটি মসজিদের পাঁচ শতাধিক মুসল্লি আসরের নামাজ শেষে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন। তাঁরা সার্কাসের নামে অশ্লীলতা বন্ধের দাবি জানান। ওই দিন একই দাবিতে জেলা প্রশাসক, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক দুটি স্মারকলিপি দিয়েছে সচেতন নাগরিক কমিটি ও রামু লেখক ফোরাম।স্মারকলিপিতে বলা হয়, প্রতি রাতে সার্কাসের নামে অশ্লীল নাচ, গান, মদ, জুয়ার আসরসহ নানা অপকর্ম চলছে। ছাত্রসহ যুবসমাজ নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বখাটে যুবকেরা সার্কাসের জন্য খরচ জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি-ডাকাতি করছে। অনেকে মা-বাবার অগোচরে বাড়ির অনেক গুরুত্বপূর্ণ জিনিস নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছে। সার্কাসের নামে অশ্লীল নাচ-গানের উচ্চমাত্রার শব্দে শিক্ষার্থীদের পড়ালেখা এবং মুসলমানদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের পূর্বে চেরাংঘাটা এলাকায় ৭ মে থেকে সার্কাস শুরু হয়েছে। অথচ এর পাশেই রয়েছে দুটি মসজিদ এবং তিনটি বৌদ্ধবিহার। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় লোকজন সার্কাস বন্ধে সোচ্চার হলেও আয়োজকেরা নির্বিঘ্নে তা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় লোকজনের আপত্তি সত্ত্বেও পুলিশসহ স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নীরব রয়েছে। রামু সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মাওলানা আমানুল্লাহ সিকদার ও রামু লেখক ফোরামের সদস্য সচিব মুহাম্মদ আবুল মনজুর জানান, সার্কাসের নাম দিয়ে প্যান্ডেলের ভেতরে অশ্লীলতা চলছে। আর বাইরে মদ, জুয়ার রমরমা আসর বসানো হয়েছে। ফলে যুবসমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। শিগগির এসব অপকর্ম বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সন্তোষ বড়ুয়া জানান, চেরাংঘাটায় যেখানে সার্কাসের আয়োজন হয়েছে তার পাশেই রয়েছে দুটি মসজিদ ও তিনটি বৌদ্ধবিহার। তাতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, এই সার্কাসকে ঘিরে বর্তমানে ওই জায়গায় এবং আশপাশে মদ-জুয়ার রমরমা বাণিজ্য চলছে। রাত যতই গভীর হয় ততই মাদকসেবী ও জুয়াড়িদের আনাগোনা বাড়তে থাকে। ফলে এখন এলাকায় চুরি-ডাকাতি বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। দ্য নিউ স্টার সার্কাসের ব্যবস্থাপক মোক্তার আহমদ অশ্লীল নাচ-গানের বিষয়টি অস্বীকার করে বলেন, শুধু গান-বাজনা, শারীরিক কসরত আর জীবজন্তুর খেলা দেখানো হয়। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, এলাকাবাসীর অভিযোগের পর সার্কাসে অনৈতিক কিছু না করতে কর্তৃপক্ষকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। সার্কাসের নামে অশ্লীলতা হলে বন্ধ করে দেওয়া হবে। রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার জানান, ‘এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’