রামুতে স্বর্গপুরীর মিলনমেলা
মাঠের একটি নির্দিষ্ট জায়গাজুড়ে আছে প্যাঁচঘর বা চক্রবাঁক। এ প্যাঁচঘরের ঠিক মধ্যে বাঁশ, কাঠ, রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয়েছে দোতলা স্বর্গ (এটি স্বর্গের কল্পিত রূপ)। নারী-পুরুষেরা নানাভাবে সং সেজে, বাদ্য বাজিয়ে নেচে-গেয়ে উল্লাস করতে করতে প্যাঁচঘরের আঁকাবাঁকা পথ ঘুরছে আর সেই স্বর্গে আরোহণ করছে। দোতলা এ স্বর্গ থেকে নেমে আবার ঘুরতে ঘুরতে চলে আসছে বাইরে। গত শুক্রবার কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ঘেরা উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে স্বর্গপুরী উৎসব ও ব্যূহচক্র মেলায় দেখা গেছে আনন্দমুখর এ চিত্র। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে বৌদ্ধভিক্ষু ও শ্রমণ এবং বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার নর-নারীর অংশগ্রহণে এ উৎসব অসাম্প্রদায়িক মিলনমেলায় পরিণত হয়। স্বর্গে গমনের পর মানুষ পুনর্জন্ম নিয়ে মর্ত্যে ফিরে আসে—এ রকম ধারণা থেকেই এই বনবিহারে গত ২৬ বছর ধরে এই উৎসব পালন করা হচ্ছে। অনুষ্ঠান স্থল ঘুরে দেখা যায়, বিভিন্ন গ্রাম থেকে আসা ১৫-২০টি দল প্যাঁচঘর ঘুরতে ঘুরতে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছে। তারা সং সেজে নাচছে, গাইছে, অন্য রকম আনন্দে মেতেছে। শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক, বৃদ্ধ কেউ এ আনন্দ থেকে বাদ পড়েনি। শুক্রবার সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথের। বিকেলে ধর্মসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ চট্টলার বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজল। স্বাগত বক্তব্য দেন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের। বিশেষ অতিথি ছিলেন রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, তরুণ সমাজসেবক কামাল শামসুদ্দিন আহমেদ, জগদীশ বড়ুয়া প্রমুখ।উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের জানান, প্রতিবছর বৈশাখের এই সময়ে এ উৎসব ঘিরে পুরো রামু উপজেলায় আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। এবারও উৎসবে স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আসা হাজারো নর-নারীর সমাগম হয়েছে। বিহার পরিচালনা কমিটির সভাপতি রণজিৎ বড়ুয়া ও সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া জানান, দীর্ঘ ২৬ বছর ধরে এখানে স্বর্গপুরী উৎসব পালন করা হচ্ছে। এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তাঁরা জানান, আবহাওয়া ভালো থাকায় এবার রামু, কক্সবাজার, মহেশখালী, উখিয়া, চৌফলদণ্ডী, চকরিয়া ছাড়াও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা, আলী কদম থেকে অনেক উপজাতি নারী-পুরুষ উৎসবে যোগ দিয়েছে।পণ্ডিত সত্যপ্রিয় মহাথের বলেন, ‘প্রায় শত বর্ষ আগে রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহারে ‘জগৎ ঠাকুর’ নামের এক বৌদ্ধ সংস্কারক এ উৎসবের আয়োজন করেন। উৎসব শুরু হতো বাংলা নববর্ষের শুরুতে। চলত টানা সাত দিন। বর্তমানে এ মেলা ‘রামকূট’ মেলা নামে পরিচিত।