রামুতে সড়কের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর চেইন্দা-রাজারকুল সড়কের ছয় কিলোমিটার অংশের সংস্কারকাজ চার বছরেও শেষ হয়নি। ফলে দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। চলতি বর্ষায় এ দুর্ভোগ আরও বেড়েছে। বর্তমানে এলাকার অধিকাংশ মানুষ প্রায় ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ মিঠাছড়ি ও কক্সবাজার সদরের লিংক রোড হয়ে উপজেলা সদরে যাতায়াত করছে। এলাকাবাসী জানান, ঠিকাদারের অনিয়ম এবং গাফিলতির কারণে সড়কের কাজ শেষ হয়নি। এ ব্যাপারে উপজেলা স্থানীয় প্রকৌশল বিভাগে অভিযোগ দেওয়া হয়েছে। নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় স্থানীয় লোকজন ইতিপূর্বে একাধিকবার কাজ বন্ধ করে দেন বলে জানা গেছে । রামু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আট কিলোমিটার দীর্ঘ চেইন্দা-রাজারকুল সড়কের পশ্চিম উমখালী সোলাইমান মেম্বারের বাড়ি থেকে রাজারকুল, রামু-মরিচ্যা সড়কের মাথা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের জন্য দরপত্র আহ্বান করা হয় ২০০৬ সালের জুনে। কাজের মোট ব্যয় ধরা হয় দুই কোটি আট হাজার টাকা। কাজ পান গোপালগঞ্জের বাসিন্দা ঠিকাদার জাহিদুল ইসলাম ফারুক। তবে কাজ বাস্তবায়ন করছেন তার আত্মীয়-সহযোগী ঠিকাদার আদনান ডাবলু। স্থানীয় লোকজন জানান, রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ি দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে রামু সদরসহ আশপাশের এলাকায় যাতায়াত করেন। এ ছাড়া রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মাছুমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয় ও কেজি স্কুলসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়ক এটি। তাঁরা জানান, সড়কের কাজ শেষ না হওয়ায় এলাকার অন্তত দুই হাজার শিক্ষার্থী প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী, মীর আহাম্মদ, স্থানীয় শওকত আলী, দীপক ধর, মাস্টার রতন ধর, শাহ আলমসহ অনেকে জানান, মাত্র সাড়ে চার কিলোমিটার সড়কের ম্যাকাডমের (ইটের টুকরা বসানো) কাজ শেষ হলেও তার অনেকটাই পরপর দুই বর্ষায় বৃষ্টির পানিতে ধসে যায়। বর্তমানে যতটুকু কাজ শেষ হয়েছে সেখানে নিম্নমানের উপকরণ (ইট, বালি ও কংক্রিট) ব্যবহার করা হয়েছে। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে এলাকাবাসী অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিলে এরপর আর শুরু হয়নি। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত আলী জানান, নির্মাণকাজে অনিয়ম বন্ধ এবং দ্রুত কাজ শেষ করতে একাধিকবার রামু এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) কার্যালয়ে যোগাযোগ করলেও কোনো কাজ হয়নি। ধর পাড়ার বাসিন্দা অপূর্ব ধর মানিক ও নাছির উদ্দীন জানান, বর্ষাকালে সড়কের কিছু কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ সময় আট কিলোমিটার সড়ক অটোরিকশায় পাড়ি দিতে তিন ঘণ্টা সময় লাগে। রাস্তা খারাপ থাকায় ওই সময় ডাকাতি, ছিনতাই বেড়ে যায়। ভয়ে বেশির ভাগ মানুষ কক্সবাজার সদরের লিংক রোড ও দক্ষিণ মিঠাছড়ি হয়ে ১৭ কিলোামিটার পথ পাড়ি দিয়ে যাতায়াত করছেন। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী জানান, রাস্তার কাজ শেষ না হওয়ায় দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রামু কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ও কাজের তদারকি কর্মকর্তা আবুছ উদ্দিন প্রথম আলোকে জানান, সঠিক সময়ে কাজ শেষ না করায় ঠিকাদারকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে। প্রকল্পটি বাতিলের জন্য কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানানো হয়েছে।ঠিকাদার ডাবলুর মুঠোফোনে (০১৭১৩ ১২১০৩০ ও ০১৭২৬ ০৪৩৫৮৮) একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।