রামুর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তৈরি করছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা সদরে গত ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২টি মন্দিরসহ ৪০টির বেশি বসতবাড়ি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকার প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত মন্দিরের নির্মাণকাজ করছে। আর ক্ষতিগ্রস্ত বসতবাড়ি তৈরি করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। কক্সবাজারের ১৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, রামুর ক্ষতিগ্রস্ত সকল পরিবারের ঘরবাড়ি তৈরির জন্য বিজিবির সদস্যরা গত ৩০ অক্টোবর থেকে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে ৮০ শতাংশ বসতবাড়ি, বাড়ির সীমানাপ্রাচীরসহ নানা নির্মাণকাজ শেষ হয়েছে। মেরুংলুয়া বড়ুয়াপাড়ার বাসিন্দা বিকাশ বড়ুয়া (৪৪) বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তের আগুনে এই পাড়ায় ২০টির বেশি বসতবাড়ি পুড়ে ছাই হয়। এরপর সেনাবাহিনীর সদস্যরা গৃহহীন লোকজনের থাকার জন্য একটি করে তাঁবু সরবরাহ করলেও অবর্ণনীয় কষ্টে শতাধিক নারী-পুরুষকে সময় কাটাতে হয়েছে। এখন বিজিবি ঘরবাড়ি, ঘরের সীমানাপ্রাচীর নির্মাণ করে দিচ্ছে। এমনকি রান্নাবান্না ও খাবারের উপকরণও সরবরাহ করছে। এ রকম সহযোগিতার ফলে আমরা আগের অবস্থানে ফিরে এসেছি।’স্থানীয় সুরেশ বড়ুয়া ও সচিবালা বড়ুয়া বলেন, বিজিবির সদস্যরা ইতিমধ্যে তাঁদের পুড়ে যাওয়া ঘর নতুন করে তৈরি করে দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু সফরে এসে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে প্রায় চার কোটি টাকা বিতরণ করেন। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুড়ে যাওয়া সব মন্দির নতুন করে তৈরির প্রতিশ্রুতি দেন। রামু, উখিয়া ও টেকনাফের ক্ষতিগ্রস্ত ১৯টি মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যে ১১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনে অন্যান্য সংস্থা, সংগঠনের পাশাপাশি এগিয়ে আসেন বিজিবির সদস্যরাও। বিজিবি চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. জিল্লুল হক ও কক্সবাজারের ১৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত বিজিবির সদস্যরা ২০টি পরিবারের ঘরবাড়ি, সীমানাপ্রাচীর তৈরি, ৫৫ পরিবারে রন্ধন, রেশন ও বস্ত্রসামগ্রী বিতরণ, ভিক্ষুদের থাকার ও তপস্যার ঘর নির্মাণ এবং দুস্থদের মধ্যে নগদ অর্থ প্রদান করে।