রামুর গর্জনিয়ায় সৌরবিদ্যুৎ নিয়ে বিপাকে গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ গর্জনিয়া ইউনিয়ন। বিদ্যুৎ সঞ্চালন লাইন নেই এ ইউনিয়নে। তবে এক যুগ ধরে এলাকার প্রায় আড়াই হাজার গ্রাহক সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন। কিন্তু কিস্তির টাকা পরিশোধ আর হয়রানির কারণে দুর্ভোগে পড়ছেন গ্রাহকেরা।
ইউনিয়নের থিমছড়ি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন কোম্পানির সৌরবিদ্যুৎ প্যানেল (৫০ ওয়াটের) চালু করতে প্রথমে গ্রাহকদের ১১ হাজার টাকার স্থলে তিন থেকে আট হাজার টাকা করে পরিশোধ করতে হয়েছে। তারপর ৫০ ওয়াটের ওই প্যানেল লাগিয়ে ঘরে চারটি বাল্ব, একটি মোবাইল চার্জার ও একটি ১৪ ইঞ্চি সাদাকালো টেলিভিশন চালানোর কথা থাকলেও তা হচ্ছে না। বর্তমানে অনেক প্যানেল অচল হয়ে গেছে।
গ্রাহকেরা জানান, প্যানেল চালুর বিপরীতে গ্রাহকদের মাসিক কিস্তি পরিশোধ করতে হয় ৯৯০ টাকা করে। এভাবে ৩৬ কিস্তি চালানোর পর সিস্টেমটি নিজের হয়ে যায়। বর্তমানে রুলার সার্ভিস ফাউন্ডেশন, আইডিএফ, সৃজনি, গ্রামীণ শক্তিসহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা গর্জনিয়ায় সৌরবিদ্যুৎ সরবরাহ করছে।
গ্রাহকদের অভিযোগ, এই বিদ্যুৎ দিয়ে বাতি জ্বলে টিম টিম করে। ঘরের অন্ধকার কিছুটা দূর হলেও অন্য কোনো কাজ করা যাচ্ছে না। টেলিভিশন দেখা যায় না। বর্ষার সময় পুরো মৌসুমেই প্যানেলগুলো অচল থাকে। আবার শীতের কুয়াশায় একই পরিস্থিতি বিরাজ করে।
ইউনিয়নের বোমাংখিল গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, সৌরবিদ্যুৎ চালু হওয়ার পর এলাকা থেকে কিছু কুপিবাতি (চেরাগ) উঠে গেছে ঠিক; কিন্তু এ বিদ্যুৎ দিয়ে কম্পিউটারও চালানো যায় না। ফলে তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে আছে এলাকার শিক্ষার্থীরা।
গ্রাহক আলী আকবর ও ফোরকান আহমদ জানান, ২০১২ সালের জুন মাসে বন্যায় ৬০ শতাংশ সৌরবিদ্যুৎ প্যানেল নষ্ট হয়ে যায়। তার পরও গ্রাহকদের মাসিক কিস্তি প্রদান অব্যাহত রাখা হয়েছে। খেলাপি গ্রাহকদের মামলা দিয়ে ঘরছাড়া করা হচ্ছে। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের বিপরীতে গ্রাহকদের যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, বিদ্যুৎ সঞ্চালন লাইন টানানো হলে তার অর্ধেকও হতো না। পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে রশি–টানাটানির কারণে গর্জনিয়ায় বিদ্যুতের সরবরাহ সম্ভব হচ্ছে না।