রামুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে কক্সবাজারের রামু উপজেলার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে। প্রশিক্ষণের ভাতা আত্মসাৎ, নম্বর ফর্দ, প্রশংসাপত্র, পরীক্ষার প্রবেশপত্র ও বৃত্তির টাকা বিতরণে উৎকোচ আদায় এবং জোর করে কোচিংয়ে অংশ নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কারিগরি বোর্ডের চূড়ান্ত পরীক্ষায় মোট এক হাজার ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে তত্ত্বীয় ও ব্যবহারিকের (শ্রেণী পরীক্ষা, কুইজ, মধ্যবর্ষ পরীক্ষা) ৩৪৮ নম্বর দেন শিক্ষকেরা। কিন্তু নম্বর দেওয়ার ব্যাপারে গড়িমসি কিংবা ফেল করানোর ভয় দেখিয়ে কম্পিউটার শিক্ষক বিল্লাল হোসেন ও কার্যালয় সহকারী উৎপল কুমার দাশ তত্ত্বাবধায়ক ইমদাদুর রহমানের যোগসাজশে অর্থ আদায় করেন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীরা লিখিত অভিযোগে দাবি করেন, বাস্তব প্রশিক্ষণে (হাতে-কলমে) অংশ নেওয়া নবম ও এসএসসি উত্তীর্ণ প্রায় ৬১ জনের প্রশিক্ষণ ভাতা (৬১ হাজার টাকা) আত্মসাৎ করা হয়েছে।অভিযোগ যাচাই করতে ৮ ডিসেম্বর রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক প্রতিষ্ঠানে গেলে নাজমুল হুদা ও সাইফুল ইসলাম নামের দুই শিক্ষার্থী কার্যালয় সহকারী উৎপল কুমার দাশের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ইউএনও আসার আগে তিনি অভিযোগের বিষয়ে জানতে চাইলে কী জবাব দিতে হবে তা শিক্ষার্থীদের বলে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা অনেক কথা প্রকাশ্যে বলার সাহস পাননি। ২০১০ সালে এসএসসি পাস করা ছাত্র নাজমুল হুদা, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, মনসুর আলম, ইমাম হোসেন জানান, ২০০৮ সালে নবম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পর ৩২ জন এবং ২০১০ সালে ৩১ জন শিক্ষার্থী এসএসসি পাস করে বাস্তব প্রশিক্ষণ নেন। উভয় শ্রেণীতে প্রশিক্ষণ শেষে এক হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা থাকলেও কোনো শিক্ষার্থীকে তা দেওয়া হয়নি। সম্প্রতি এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করার পর ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে ওই টাকা তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের কার্যালয় সহকারী উৎপল কুমার দাশ বলেন, ২০০৮ সাল থেকে নবম শ্রেণীর বাস্তব প্রশিক্ষণ ভাতা বন্ধ রয়েছে। শ্রেণী পরীক্ষা, কুইজ টেস্ট ইত্যাদির নামে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন, ‘এসব পরীক্ষার কাগজের দাম কে দেবে? গতবার ডিসি অফিস (জেলা প্রশাসক) থেকে প্রশ্নপত্র আনার সময় পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। ওই টাকা কি আমার পকেট থেকে দেব?’ কম্পিউটার শিক্ষক বিল্লাল হোসেন বলেন, ‘ফির ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে যে যা দিতে পারেন, তা-ই নেওয়া হয়।’ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ইমদাদুর রহমান বলেন, ‘প্রকল্পের মেয়াদ শেষে নতুন করে মেয়াদ বাড়ানোর সময় অর্থসংকট দেখা দেওয়ায় বাস্তব প্রশিক্ষণ ভাতাও দেওয়া হয় না। কার্যালয় সহকারীর বিরুদ্ধে উৎকোচ আদায়ের অভিযোগও সত্য নয় বলে তিনি দাবি করেন। ইউএনও শহীদ মো. ছাইদুল হক জানান, আসলে শিক্ষার্থী-শিক্ষক কোনো পক্ষের বক্তব্যই পুরোপুরি সত্য নয়। আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।