রামুর দর্জিবাড়িগুলোতে অন্য রকম ব্যস্ততা
ঈদ মানেই অনাবিল আনন্দ। সে আনন্দেরই একটি অংশ নতুন পোশাক। নতুন পোশাক তৈরির ধুম শহরের বিপণিকেন্দ্রগুলোতে যেমন তেমনই গ্রামের দর্জিবাড়িগুলোতেও চলছে অন্য রকম ব্যস্ততা। রামুর সব দর্জিবাড়ির কারিগরেরা এখন মহাব্যস্ত সময় পার করছেন। সকাল আটটা থেকে রাত বারটা, কোনো দিন একটা-দুইটায়ও কাজের শেষ নেই। উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক দর্জিবাড়িতে ঈদের নতুন পোশাক তৈরির এ ব্যস্ততা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।চৌমুহনী বাসস্টেশনের প্রাচীন সেলাইঘর তারুণ্য সেলাই বিতানে স্বাভাাবিকভাবে সাত-আটজন কারিগর প্রতিদিন কাজ করতেন। এখন করছেন ১২-১৪ জন। তবুও চাহিদা অনুযায়ী কাজ শেষ করে দিতে পারছেন না শ্রমিকেরা। প্রতিষ্ঠানের মালিক সঞ্জয় বড়ুয়া বলেন, ‘রমজানের আগে থেকে কাজের চাপ বাড়তে শুরু করে। এখন সর্বোচ্চ ব্যস্ততা চলছে। নারীদের সালোয়ার-কামিজ, থ্রিপিস, বোরকা, খাটো পাঞ্জাবি, ফতুয়া, ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও পায়জামার কাজ বেশি।’ ‘প্রতিদিন সকাল নয়টা থেকে কাজ শুরু হয়, কখন যে রাত ১২টা-একটা বেজে যায় টেরই পাই না।’ জানালেন কারিগর কামাল হোসেন।চৌমুহনীর আওনাত শপিং কমপ্লেক্সের দোতলায় নকিশ টেইলার্সে আছে পুরুষ ও মহিলাদের আলাদা শো-রুম। দোকানে জমা অসংখ্য তৈরি পোশাক দেখেই বোঝা যায়, কী রকম ব্যস্ততা এখন তাঁদের। নকশির মালিক মফিজুর রহমান জানালেন, মেয়েদের সুতি এবং সিল্কের কাপড়ে লেইস ও চুমকির কাজের থ্রিপিস এবং সালোয়ার-কামিজের চাহিদা বেশি। ছেলেদের চাহিদা শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, খাটো পাঞ্জাবি ও ফতুয়ার। কথা বলে জানা গেছে, এ দোকানে মেয়েদের থ্রিপিস সেলাইয়ে ১২০ টাকা, বোরকা ৩৫০-৪৫০ টাকা, খাটো বোরকা ৩০০ টাকা, ব্লাউজ ৪০ টাকা, ফতুয়া ১৫০ টাকা, ছেলেদের শার্ট ১৫০ টাকা, প্যান্ট ২৪০ টাকা, খাটো পাঞ্জাবি ও পাঞ্জাবি ১৮০ টাকা নেওয়া হয়। প্রায় সব দোকানেই একই রকম দাম নেওয়া হচ্ছে বলে জানালেন টেইলার্সমালিক মফিজুর রহমান।এ দোকানের প্রধান কারিগর তপন বড়ুয়া জানান, প্রতিদিন ২০-২৫ জন কারিগর রাত দুইটা পর্যন্ত কাজ করছেন। তবুও কাজের শেষ নেই। এখানে কথা হয় কলেজছাত্রী সোমার সঙ্গে। তিনি জানান, তৈরি পোশাকের ওপর তাঁর বরাবরই আগ্রহ কম। তাই বরাবরের মতো এবারও পোশাক সেলাই করতে দিয়েছেন। তবে বেশি গরম পড়ায় এবার সুতির কাপড়ের ওপর চুমকির কাজ করাচ্ছেন তিনি। ‘বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠিক সময়ে পোশাক সরবরাহ করা যাচ্ছে না। এজন্য অনেক গ্রাহক বিরক্ত হন। ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ থাকলে একটি থ্রিপিস সেলাই করতে সময় লাগে সর্বোচ্চ এক ঘণ্টা। কিন্তু এখন সাত-আট দিনের আগে সরবরাহ দেওয়া যাচ্ছে না।’ অনেকটা বিরক্তির সুরে বললেন রামু বালিকা বিদ্যালয়সংলগ্ন মডেল প্লাসের মালিক রহমত উল্লাহ। তাঁর প্রতিষ্ঠানে শুধু নারীর পোশাক তৈরি হয়। তাই তাঁর সব গ্রাহক মহিলা। ঠিক সময়ে সরবরাহ দিতে না পারলে নারী গ্রাহকদের সামনে বিব্রতকর অবস্থায় পড়তে হয় বলে জানালেন রহমত উল্লাহ। মডেল প্লাসের সামনেই স্টার টেইলার্স। মালিক নজিবুল আলম জানান, তাঁর প্রতিষ্ঠানে সারা বছরই এমনিতে কাজের চাপ থাকে। ঈদ, কোরবান এলে বাড়তি চাপ পড়ে। এ বছর আরও বেশি। তাই ১৫ রমজান থেকে নতুন কাজ নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন। তীব্র লোডশেডিংয়ের কারণে ইতিমধ্যে নেওয়া কাজগুলো ঠিক সময়ে সরবরাহ করা যাবে কি না তা নিয়ে সন্ধিহান তিনি। এসব প্রতিষ্ঠান ছাড়াও চৌমুহনী বি-স্মার্ট টেইলার্স, সানমুন, মিস ফ্যাশন, সান, ইউনিক, রামু টেইলার্স, রাখাইন টেইলার্সসহ বিভিন্ন স্থানের শতাধিক দর্জিবাড়িতে এখন ঈদের পোশাক তৈরির ধুম পড়েছে। লাল, নীল, খয়েরি, সবুজসহ বর্ণিল সব পোশাকে রঙিন হয়ে উঠেছে দর্জিপাড়ার দোকানগুলো।