রামুর বৌদ্ধ নিদর্শন পরিদর্শনে ১৩ দেশের সেনা কর্মকর্তারা

কক্সবাজারের রামুর বৌদ্ধ স্থাপত্য নিদর্শন ঘুরে দেখলেন ১৩টি দেশের সেনা কর্মকর্তারা। ২৭ মে দুপুর ১২টায় উপজেলার উত্তর মিঠাছড়ি পাহাড়চূড়ায় স্থাপিত ১০০ ফুট লম্বা ‘ভুবন শান্তি সিংহ শয্যা গৌতমবুদ্ধ মূর্তি’ এবং তার পাশে অবস্থিত ‘বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র’ পরিদর্শন করেন ন্যাশনাল ডিফেন্স কোর্সের ১০ ইনফেন্ট্রি ডিভিশন ইন্টারনাল স্টাডি ট্যুর-২–এর সদস্যরা।
রামুতে অতিথিদের অভ্যর্থনা জানান, রামুর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক ভিক্ষু করুণাশ্রী থের ও কেন্দ্রের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া।
ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের জ্যেষ্ঠ ডাইরেক্টিং স্টাফ রিয়ার অ্যাডমিরাল মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সৌদি আরব, কাতার, জর্ডান, ব্রুনাই, আরব আমিরাত, ভারত, পাকিস্তান, িময়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কানাডা, নাইজেরিয়া ও বাংলাদেশের শতাধিক সেনা কর্মকর্তা রামুর বৌদ্ধ স্থাপত্য নিদর্শনসহ সেনানিবাস ও জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় ন্যাশনাল ডিফেন্স কোর্সের পক্ষ থেকে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক ভিক্ষু করুণাশ্রী থেরর হাতে স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেন রিয়ার অ্যাডমিরাল মো. আনোয়ারুল ইসলাম।