রামুর বৌদ্ধবিহার দেখে মুগ্ধ জাপানিরা

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লি ঘুরে গেল ১৭ সদস্যের একটি জাপানি প্রতিনিধিদল। নবনির্মিত বিহারের সৌন্দর্য দেখে ও আশপাশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা। দলটি আসে জাপানের রাজধানী টোকিওর তামা প্রদেশ থেকে।
গত ২০ ফেব্রুয়ারি সকাল নয়টায় দলটি রামু পৌঁছে প্রথমে কেন্দ্রীয় সীমাবিহার পরিদর্শন করে। এ সময় তারা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রামুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসার জন্য দলের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এরপর দলটি আড়াই হাজার বছরের পুরোনো সম্রাট অশোকের রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার, জগত জ্যোতি ওয়েল ফেয়ার হোম ও উত্তর মিঠাছড়ি পাহাড়ের চূড়ায় স্থাপিত বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্র ও এশিয়ার বৃহৎ ১০০ ফুট লম্বা সিংহশয্যা বুদ্ধমূর্তি পরিদর্শন করে।
প্রতিনিধিদলের প্রধান ও জাপানের রিসসো কোসেই কাই-এর বাংলাদেশ ব্রাঞ্চ মিনিস্টার রেভারেন্ড মিৎসুয়ুকি আরিতোমি সান বলেন, ‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধবিহার ও বসতিতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাটি ছিল খুবই দুঃখজনক। হামলার পর আমি বেশ কয়েকবার রামুতে এসেছি। বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকার চেষ্টা করেছি। তবে হামলার পরপরই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহারগুলো দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করে দিয়েছে। এটি প্রশংসনীয় উদ্যোগ। নবনির্মিত বিহারগুলোর নির্মাণশৈলী যেকোনো মানুষকে অভিভূত করবে।’
রিসসো কোসেই কাই জাপানের চউফো ধর্ম সেন্টারের মিনিস্টার রেভারেন্ড মিৎসুও য়্যাবে বলেন, ‘নতুন বিহারগুলো দেখে আমরা মুগ্ধ।’
এ সময় উপস্থিত ছিলেন রিসসো কোসেই কাই বাংলাদেশের সহকারী ব্রাঞ্চ মিনিস্টার কাঞ্চন বড়ুয়া, কক্সবাজার শিবু ব্রাঞ্চের চেয়ারম্যান বাবুল বড়ুয়া, মিশ- নারির প্রধান অশোক বড়ুয়া, সাধারণ সম্পাদক রুমন বড়ুয়া, বিপক বড়ুয়া, পুতুল বড়ুয়া, সুরেশ বড়ুয়া, ইমন বড়ুয়া, স্বদীপ বড়ুয়া প্রমুখ।