রামুর ৩০টি ইটভাটায় পুড়ছে ২৭ লাখ মণ কাঠ
কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে ধানি জমিতে গড়ে তোলা প্রায় ৩০টি ভাটায় ইট তৈরির কাজে চোরাই কাঠ পোড়ানো হচ্ছে। এর মধ্যে বেশির ভাগই বনের চারাগাছ। সংশ্লিষ্ট ইটভাটার মালিককে মাঝেমধ্যে জরিমানা করা হলেও প্রশাসন কঠোর ব্যবস্থা না নেওয়ায় কাঠ পোড়ানো বন্ধ হচ্ছে না বলে ভুক্তভোগীরা মনে করেন। গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুরা ও বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তিনটি ইটভাটাকে ৯০ হাজার টাকা জরিমানা করে। এ সময় ভাটা তিনটি থেকে সাত ট্রাক অবৈধ কাঠ উদ্ধার করা হয়। ইউএনও জানান, রামুতে বেশ কয়েকটি অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে সব ভাটায় অভিযান চালানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইটভাটার অনুমতিপত্র বাতিলের ক্ষমতা জেলা প্রশাসকের।’ খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফতেখাঁরকুল, চাকমারকুল, জোয়ারিয়ানালা, খুনিয়াপালং, দক্ষিণ মিঠাছড়ি ও রশিদনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে ৩০টি ইটভাটা রয়েছে। সব ভাটা স্থাপন করা হয়েছে উর্বর ধানি জমি এবং লোকালয়ে। প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত এসব ভাটায় পাঁচ-ছয় দফায় (রাউন্ড) ইট পোড়ানো হয়।শ্রমিকেরা জানান, একটি ভাটায় দিনে ৫০০ মণ করে মাসে ১৫ হাজার মণ লাকড়ির দরকার পড়ে। ছয় মাসে লাগে ৯০ হাজার মণ। সে হিসেবে ৩০টি ভাটায় মৌসুমে (ছয় মাসে) ২৭ লাখ মণ কাঠের দরকার হয়। এসব কাঠের জোগান দিতে বনের চারাগাছ কাটছে সংঘবদ্ধ কাঠ পাচারকারীরা।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-১৯৮৯ অনুযায়ী, ভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া, উপজেলা সদরের সীমানা থেকে তিন কিলোমিটার, আবাসিক এলাকা (যেখানে আনুমানিক ৫০টি পরিবার বসবাস করে) ও ফলের বাগান (যেখানে আনুমানিক ৫০টি ফলদ ও বনজ গাছ আছে) থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন নিষিদ্ধ। সরেজমিনে বিভিন্ন ইটভাটা পরিদর্শন করে দেখা যায়, কয়েকটি ইটভাটায় কয়লা পোড়ানো হলেও বেশির ভাগ ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। একটি ভাটায় কর্মরত জামালপুরের কয়েকজন শ্রমিক জানান, ব্যবসায়িক লাভের জন্য ইটভাটার মালিকেরা কাঠ ব্যবহার করেন। বনে এখন পরিপক্ব গাছ না থাকায় কাঠ ব্যবসায়ীরা প্রায় বনের চারাগাছ কেটে (লাকড়ি) সরবরাহ করছেন বলে জানান তাঁরা। অনুসন্ধানে জানা গেছে, কাঠের চাহিদা মেটাতে রামু ও পাশের নাইক্ষ্যংছড়ি উপজেলার বনাঞ্চল উজাড় করছে প্রায় ১৫টি কাঠ পাচারকারী চক্র। তবে অভিযোগ অস্বীকার করে এক ইটভাটা মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বর্তমানে প্রায় প্রতিটি ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ভাটায় আগুন দেওয়ার সময় সামান্য কাঠ পোড়াতে হয়।’ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর কাশেম হেলালীর দাবি, ‘বর্তমানে কোনো ভাটায় কাঠ পোড়ানো হয় না।’ রামু ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কক্সবাজার পরিবেশ বাঁচাও আন্দোলনের সভানেত্রী অধ্যাপিকা শারমিনা আফরোজ প্রথম আলোকে বলেছেন, ‘কলেজের চারপাশে আধা কিলোমিটারের মধ্যে কম হলেও ১০টি ভাটা রয়েছে। এ সবের মধ্যে কিছু কিছু কাঠ পোড়ানোর কারণে ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় পরিবেশ দিন দিন ভারসাম্য হারাচ্ছে। ফলে কলেজের শিক্ষকসহ প্রায় এক হাজার শিক্ষার্থী দূষিত বায়ুর মধ্যে আছেন।’ কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আহম্মদ নিয়ামুর রহমান জানান, ইতিমধ্যে রামুর জোয়ারিয়ানালা কালিরছড়া ও ধলিরছড়া এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের মজুদ করা প্রায় সাত হাজার ঘনফুট চোরাইকাঠ উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা যাতে গাড়ি (পিকআপ) নিয়ে বনে ঢুকতে না পারে কয়েক স্থানে রাস্তা কেটে দেওয়া হয়েছে। ভাটায় অভিযানের ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি পরিকল্পনায় আছে। শিগগিরই অভিযান চালানো হবে।’ কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ইটভাটা এবং তামাক পোড়ানোর চুল্লির কারণে এ অঞ্চলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে। নীতিমালা অনুযায়ী কক্সবাজার এবং বান্দরবান জেলায় ইটভাটা হতেই পারে না। কিন্তু অতীতে এতগুলো ভাটার অনুমতিপত্র (লাইসেন্স) কীভাবে দেওয়া হলো আমি জানি না।’ পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক সাইফুল আশফাক বলেন, ‘কাঠ পোড়ানো ও বন উজাড়ের ফলে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ে। জনবল-সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে আমরা ইটভাটায় অভিযান চালাতে পারি না।’