কক্সবাজারের রামু উপজেলার ছয় ইউনিয়নের নির্বাচনে জয়জয়কার হয়েছে নতুনদের। গত মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে ছয় ইউনিয়নের একটিতে আওয়ামী লীগ, চারটিতে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বিজয়ী ছয়জনই নতুন মুখ।বিএনপি-সমর্থিত বিজয়ীরা হলেন—ফতেখারকুল (সদর) ইউনিয়নে সিরাজুল ইসলাম, চাকমারকুলে মুফিদুল আলম, রাজারকুলে আবদুর রহিম ও দক্ষিণ মিঠাছড়িতে সাইফুল ইসলাম। খুনিয়াপালংয়ে আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মাবুদ ও জোয়ারিয়ানালায় স্বতন্ত্র প্রার্থী এম এম নুরুচ্ছাফা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।মিয়া আর সিকদার যুগের অবসান দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে এবারের নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ৬০ বছরের মিয়া যুগের অবসান ঘটেছে।১৯৬০ সালের পর থেকে পর্যায়ক্রমে মিয়া বংশের জাফর আলম চৌধুরী, তাঁর জ্যেষ্ঠ ছেলে দানেশ আলম চৌধুরী, তাঁর ছোট ভাই মরহুম দিদারুল আলম চৌধুরী এবং সর্বশেষ মনিরুল আলম চৌধুরী এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এবারের নির্বাচনে মনিরুল আলম চৌধুরীকে প্রায় সাড়ে চার হাজার ভোটে হারিয়ে চেয়ারম্যান হন নতুন মুখ মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি পান পাঁচ হাজার ২১৪ ভোট। মনিরুল আলম চৌধুরী পান দুই হাজার ৮৯১ ভোট।নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, এলাকার মানুষের রায়ে শুধু মিয়া যুগের অবসান নয়, বলতে হবে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনার অবসানের পক্ষে রায় দিয়েছেন তাঁরা।অন্যদিকে, রাজারকুল ইউনিয়নে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় চেয়ারম্যান ছিলেন এলাকার সিকদার বংশের আশরাফুজ্জামান সিকদারের ছেলে জাফর আলম চৌধুরী। তিনি পরপর চারবার চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু এবারের নির্বাচনে তিনি নাটকীয়ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।তাই এখানে প্রতিদ্বন্দ্বী দুজনই ছিলেন নতুন মুখ, প্রবাসী। এঁদের মধ্যে চেয়ারম্যান হন আবদুর রহিম। ভোটাররা বলেন, এলাকায় জনপ্রিয়তা হারানোর বিষয়টি বুঝতে পেরে জাফর আলম চৌধুরী নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।