রায়হান, গরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রায়হান, আমার ছাত্র। খুবই ঘুমকাতুরে। ঘুম পেলে তার আর খবর থাকে না। প্রথম যেদিন ওকে পড়াতে যাই সেদিন ওর দুচোখ খুব লাল ছিল। তখন বুঝতে পারিনি, এর আড়ালে লুকিয়ে থাকা ঘটনাটা কী। পরদিন যখন আবার পড়াতে গেলাম তখন ওকে বিছানা থেকে টেনে নামানোর আপ্রাণ চেষ্টা চলছে! অনেকেই ডাকাডাকি করলাম। ওর কানের কাছে মুখ নিয়ে অনেকবার বললাম, ‘আমি তোমার টিচার, তোমাকে পড়াতে এসেছি।’ কোনো লাভ হলো না। উপায় না দেখে আমরা সবাই ওকে টেনে মাটিতে নামিয়ে দিলাম। তার পরও কোনো লাভ হলো না! মাটিতে শুয়েই ঘুমাতে লাগল। সেদিনও ফিরে গেলাম। 
সমস্যাটা প্রতিদিন নয়, মাঝে মাঝে দেখা দিত। পরে আরেক দিন ওর গায়ে এক বালতি পানি ঢেলে দিয়েও ঘুম ভাঙানো যায়নি! রায়হানের মাও শিক্ষক, খুবই ভালো মানুষ। বিষয়টা নিয়ে তাঁর দুশ্চিন্তার শেষ নেই! আমি নিজেও বিষয়টা নিয়ে অনেক ভাবলাম। কোনো সমাধান করতে পারলাম না। এভাবে
এক বছর যাওয়ার পর রায়হানের ওই সমস্যার সমাধান হয়ে গেল!
সে বছর রায়হানরা কোরবানির জন্য যে গরুটা কিনেছিল, সেটা ছিল খানিকটা বেয়াড়া গোছের! শিং দিয়ে ঢুস দিত যাকেতাকে! তাই গরুটার সামনে দিয়ে যাওয়া মানে ভীষণ মুশকিলের ব্যাপার। একদিন রায়হানকে আমরা অনেক কষ্টে ঘুম থেকে ওঠালাম। সে ঘুমঘুম অবস্থায় মুখ ধোয়ার জন্য গরুটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। যা হওয়ার তা–ই হলো। গরুটা রায়হানের পেছন বরাবর দিল ভীষণ এক ঢুস। ঢুস খেয়ে রায়হান দিল পাড়াকাঁপানো চিৎকার!
তার পর থেকে তাকে ঘুম থেকে ওঠাতে আমাদের আর কষ্ট হতো না। শুধু কানের কাছে গিয়ে আস্তে করে বলতাম, ‘রায়হান, গরু!’
ছাগলনাইয়া, ফেনী