রায়ের জন্য ৫২ বছরের অপেক্ষা!
‘বাবা আবদুস ছমদ ছিলেন পাকিস্তান স্টেট ব্যাংকের কর্মকর্তা। ১৯৬১ সালে তিনি চকবাজার এলাকা থেকে একটি জায়গা কেনেন প্রতিবেশী এক ব্যক্তির কাছ থেকে। কিছুদিনের মধ্যে ওই জায়গা নিয়ে চট্টগ্রাম প্রথম সাবজজ আদালতে একটি গোলাভাগের মামলা (বন্টন মামলা) করেন অপর এক ব্যক্তি। আমি তখন ছোট। বাবাই মামলা চালাতেন।
‘ইতিমধ্যে আমি বড় হয়ে চাকরি শেষে ১৯৮৭ সালে অবসরে এসেছি। এদিকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আদালত ভবনে দলিলপত্র নষ্ট হয়ে যায়। হাতে থাকা কিছু নকল কপির ভিত্তিতে স্বাধীনতার পর মামলাটি চালু হয় নতুন করে। মামলা চালানোর একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন বাবা। ৯২ সালে তিনি মারা যান। এ অবস্থায় ছয় ভাইবোনের মধ্যে বড় হিসেবে মামলা চালানোর ভার পড়ে আমার কাঁধে। সেই থেকে মামলার বোঝা বইতে বইতে এখন আমিও ক্লান্ত। জীবদ্দশায় এর কুল-কিনারা হবে কি না, আল্লাহই জানেন।’
৫২ বছর ধরে চলা এই মামলার উত্তরাধিকার সূত্রে বহনকারী ভদ্রলোকের নাম আজমল হোসেন। নগরের চকবাজার এলাকার বাসিন্দা। মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। কথা বলতে কণ্ঠ জড়িয়ে আসছিল তাঁর।
১৫ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম আইনজীবী ভবনে মামলাজটের কারণে ভোগান্তি নিয়ে কথা হচ্ছিল আইনজীবী দিদারুল আলমের সঙ্গে। এ সময় তাঁর কক্ষে ক্রাচে ভর দিয়ে ষাটোর্ধ্ব আজমলকে ঢুকতে দেখে দিদারুল আলম বলেন, এই যে দেখছেন লোকটা, ৫২ বছর আগের একটি মামলা নিয়ে আদালতের বারান্দায় ঘুরছেন বছরের পর বছর। তাঁর কাছেই জানতে পারবেন মামলায় ভোগান্তি কাকে বলে!
আজমল হোসেন আরও জানান, ইতিমধ্যে মামলার আইনজীবীদের মধ্যে তিনজন—সালেহ আহমদ, আনোয়ারুল কবির চৌধুরী ও বজল আহমদ মারা গেছেন। বছর তিনেক আগে আদালতে আসার সময় অটোরিকশা দুর্ঘটনায় আহত হন তিনি। মামলা চালাতে গিয়ে ঢাকা ও চট্টগ্রামের আইনজীবীর ফি, বিভিন্ন নথির সই মুহুরি নকল সংগ্রহ, যাতায়াত, খাবার ও আনুষঙ্গিক খাতে ইতিমধ্যে ৫০ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। সময় তো গেছেই। মামলায় জিতে জায়গা পেলেও জায়গার দামে খরচ উঠে আসবে কি না সন্দেহ।
অনুসন্ধানে জানা গেছে, আজমল হোসেনের মতোই ২৭ বছর ধরে মামলাজটে ঘুরপাক খাচ্ছেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা দীন মোহাম্মদ, ২৬ বছর ধরে পটিয়ার গোবিন্দার খিলের আবু ছিদ্দিকসহ হাজারো মানুষ।
নিষ্পত্তির অপেক্ষায় দেড় লাখ মামলা: চট্টগ্রামের বিভিন্ন আদালতে মামলাজট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন হাজারো বিচারপ্রার্থী মামলা নিষ্পত্তির আশায় আদালত ভবনে এসে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। অনেকে মামলা পরিচালনা, আদালতে আসা-যাওয়া ও বোর্ডিংয়ে থাকা-খাওয়ার খরচ জোগাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক লাখ ৫০ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। ৪০-৫০ বছর ধরে মামলা চলাকালে বাদী-বিবাদী কিংবা আইনজীবী মারা গেলেও মামলার অগ্রগতি হয় না এমন নজিরও পাওয়া গেছে।
জেলা ও দায়রা জজ আদালত: আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আওতাধীন দেওয়ানি আদালতগুলোতে মামলাজট অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।
গত বছর ডিসেম্বর পর্যন্ত নগরসহ জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৮৬ হাজার ৪৭৯। এ বছর জুলাই পর্যন্ত এ সংখ্যা এক লাখ এক হাজার ৬৩৬-এ দাঁড়িয়েছে।
নগরের বাইরে সবচেয়ে বেশি, অর্থাৎ ১৫ হাজারের বেশি মামলা রয়েছে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে।
অন্যদিকে, জেলা ও দায়রা জজ আদালতের আওতায় গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ফৌজদারি মামলা বিচারাধীন ছিল চার হাজার ৯৪১টি। এ বছর ৩১ জুলাই পর্যন্ত তা বেড়ে পাঁচ হাজার ২২৫টিতে দাঁড়িয়েছে।
মহানগর দায়রা জজ আদালত: মহানগর দায়রা জজ আদালতের আওতায় মোট ১৩টি আদালতে গত বছর ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১৫ হাজার ৬৮৩। এ বছর ৩১ আগস্ট পর্যন্ত তা ১৭ হাজার ৬২২টিতে উন্নীত হয়েছে।
সিএমএম আদালত: সূত্র জানায়, সিএমএম (চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত) আদালতের আওতাধীন ছয়টি আদালতেও মামলার সংখ্যা বাড়ছে। এসব আদালতে গত ৩১ জুলাই পর্যন্ত মামলার সংখ্যা ছিল ২৪ হাজার ৫১৮। গত ৩১ আগস্ট পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৬-এ।