রায়ের রকমফের
মফস্বলের স্কুল। ক্লাস সিক্স। ক্লাস নিচ্ছেন মোতালেব স্যার। হরতালের কারণে ক্লাসের অর্ধেক ছাত্রই আজ অনুপস্থিত। হরতাল উপেক্ষা করে আসার জন্য মোতালেব স্যার সবাইকে স্বাগত জানালেন, যদিও এখানে স্বাগত জানানোর কিছু নেই। কারণ, যারা এসেছে, তাদের সবার বাড়ি আশপাশেই। তার পরও সবার মধ্যে কেমন যেন ‘কিছু একটা করে দেখিয়েছি’ টাইপের আনন্দ ছুঁয়ে গেল। আফটার অল, কর্কশ আর বদখত মোতালেব স্যারের কাছ থেকে বাহবা বলে কথা!ইদানীং বাচ্চারা কতগুলো কঠিন বানান শিখে গেছে। এই যেমন ‘ফাঁসি’ লিখতে চন্দ্রবিন্দু লাগে। আন্দোলন বানানে মূর্ধন্য ‘ণ’ না, দন্ত্য ‘ন’ হবে। চত্বর বানানে ত-য়ে ‘ত’ হবে না, ‘ত’-এর নিচে ‘ব’ হবে...ইত্যাদি অনেক কঠিন বানান। ব্যাপারটি কিন্তু ভালোই। দেশ যে রাস্তা দিয়েই চলুক, বাচ্চারা কিছু শিখছে। ব্যাপারটি ভালো তো, ভালো না!হুট করেই মোতালেব স্যারের জিজ্ঞাসা, ‘আচ্ছা, বল তো “রায়” কী?’বিলুর তৎক্ষণাৎ দাঁড়িয়ে উত্তর, ‘রায় হতিছে রায়। ব-য়ে শূন্য “র” আকার, “অন্তঃস্থ অ” “রায়”। রায় সম্ভবত শুধু কোটের লুকজনই দিতারে। আর কেউ দিতারে না।’‘গুড! দারুণ বলেছিস। ক্রিয়েটিভ উত্তর। বসে পড়।’এখন যে ছেলেটি দাঁড়িয়েছে, সে ক্লাসের সেরা সাতচাড়া ও বোম ব্লাস্টিং প্লেয়ার। ওর হাতের নিশানা এককথায় দুর্দান্ত রকমের অসাধারণ! হেড স্যারের টাক মাথা হোক আর উঁচু ডালের কাঁচা আমই হোক, সাফিনের এক জম্পেশ থ্রোই যথেষ্ট। পর মুহূর্তেই সে দাঁড়িয়ে গিয়ে বলল, ‘স্যার, আমি বেশ কয়েকটা রায় জানি। যেমন: সুকুমার রায়, সত্যজিৎ রায়, সন্দীপ রায়...।’ ‘এই থাম থাম।’ স্যার ওকে থামিয়ে দিয়ে বললেন, ‘তোর কোন রায় ভালো লাগে?’ ‘স্যার আমার সব রায় ভালো লাগে। সুকুমার রায়ের ছড়া ভালো লাগে, সত্যজিৎ রায়ের ফেলুদা ভালো লাগে, সন্দীপ রায়ের সিনেমা ভালো লাগে।’আচমকা রায়ের গল্পটা ঘুরিয়ে মোতালেব স্যারও বলা শুরু করলেন, ‘আজ তোদের দ্বিজেন্দ্রলাল রায়ের গল্প শোনাব। তিনি একটা গান লিখেছিলেন। গানটি হলো—“ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা”।’