রাশি রাশি প্রশ্নে আনন্দের বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের নানা বিষয় নিয়ে আড্ডা জমাতে বিভিন্ন বিদ্যালয়ে প্রথম আলো আয়োজন করে জানা-অজানার আনন্দ-আয়োজন। বন্ধুসভার সহযোগিতায় অন্য রকম এ অনুষ্ঠান নিয়ে লিখেছেন পিংকী চৌধুরী চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ভালো বিদ্যালয় হিসেবে সুনাম আছে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের। শুধু পড়ালেখা নয়, সাধারণ জ্ঞান কিংবা বিশ্বকাপ ক্রিকেটের খুঁটিনাটিও যে তাদের জানা, তা প্রমাণিত হলো ২৫ জানুয়ারি। ওই দিন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রথম আলোর ‘জানা-অজানার আনন্দ-আয়োজন’। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কান্তি দাশগুপ্ত ও মাসুদ ইবনে আলম। সঞ্চালক ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন। প্রথম প্রশ্নটাই একটু বাঁকা—‘আয়ারল্যান্ডের অধিনায়কের নাম কী?’ উত্তর—‘উইলিয়াম পোর্টার’। কঠিন প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় মুজাহিদুল ইসলাম। ‘মাশরাফির একটা নাম আছে, সেটা কী? ‘নড়াইল এক্সপ্রেস’ উত্তর দিয়ে পুরস্কার পেল ফজলুল করিম। প্রথমে দুজনের পুরস্কার মহামূল্যবান বই। তাই দেখে প্রশ্নের জন্য উন্মুখ সবাই। তবে সঞ্চালক চাইলেন ভিন্ন কিছু, তাঁর ডাকে গান করেন জয়দ্বীপ চৌধুরী। ‘হুনন হুনন চাটগাঁবাসী, হুনন দিয়া মন’ আঞ্চলিক ভাষার কবিতা আবৃত্তি করে অনুষ্ঠান জমিয়ে দেয় সপ্তম শ্রেণীর ছাত্র অভ্র সরকার। কিছু কথা, মাঝখানে প্রথম আলোর বদলে যাওয়ার আহ্বান। আবার প্রশ্ন—এই বিশ্বকাপ দিয়ে শ্রীলঙ্কার একজন খেলোয়াড় অবসর নেবেন, তিনি কে? ‘সনাৎ জয়সুরিয়া’। রিয়াজুর রহমানের উত্তর সঠিক হয়েছে। সে বিশ্বকাপের মাসকাটের নাম কী? এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল বল। রায়হানুল করিম বিদেশি অতিথিদের সামনে চট্টগ্রামকে কীভাবে তুলে ধরা যায়, তা নিয়ে সুন্দর বক্তৃতা (উপস্থাপকের ভাষায়) দিল। দশম শ্রেণীর ছাত্র আবদুল আউয়াল বলল, ‘দেশের জন্য সবাইকে কাজ করতে হবে, দেশের দুর্দিনে এক থাকতে হবে।’ পাকিস্তানের কোন দুই খেলোয়াড়কে ‘টু ডব্লু’ বলা হয়? ‘ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস।’ প্রশ্নের উত্তর দিলেন তানভির মাহতাব। প্রথম তিনটি বিশ্বকাপ কোথায় হয়। জিসান চৌধুরীর উত্তর—ইংল্যান্ড। শেষ মুহূর্তে ক্রিকেট ব্যাট পাওয়ার লড়াই!’ কে পাবে ব্যাট? তিনটি প্রশ্ন—বাংলাদেশ প্রথম টেস্ট কোন দলের বিরুদ্ধে খেলে? কোন দলের বিরুদ্ধে প্রথম জয়? কোন খেলোয়াড় প্রথম সেঞ্চুরি করে? তিন ‘প্রথমের’ উত্তর যথাক্রমে—ভারত, জিম্বাবুয়ে ও আমিনুল ইসলাম। অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে ব্যাট পেল তৌফিকুর রহিম। শিক্ষকের হাত থেকে পুরস্কার নেওয়ার সময় করতালির ঢেউ আছড়ে পড়ে চারদিকে। অনুষ্ঠান শেষ, এবার পুরস্কার বিজয়ীদের ছবি তোলার পালা। সবার মুখে হাসি, রাশি রাশি। নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়‘বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্রিকেট দলের অধিনায়কের নাম কী?’ উত্তর—‘আমিনুল ইসলাম।’ বাংলাদেশ প্রথম টেস্ট জেতে কোন দলের বিপক্ষে? ‘জিম্বাবুয়ে।’ শ্রীলঙ্কা কোন সালে বিশ্বকাপ জেতে, কার বিপক্ষে? উত্তর—‘১৯৯৬ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।’ এমন সব প্রশ্নের উত্তর দিয়ে নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা বুঝিয়ে দিল ক্রিকেট-জ্ঞানে ছেলেদের চেয়ে তারাও খুব পিছিয়ে নেই। ২৬ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ নিয়ে আনন্দ-আয়োজন। শুধু প্রশ্ন নয়; ছিল গান, কবিতা আর কথার ফুলঝুরি। ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে...’ অন্তির এই গানটা সবাইকে নিয়ে যায় অন্য এক আনন্দভুবনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন লাল বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষিকা মাসুমা খাতুন। উপস্থিত ছিলেন শিক্ষক মোজাম্মেল হোসেন ও মরিয়ম বেগম। প্রথম আলোর সাত দিনের সাতটি ফিচার পাতার সঠিক নাম বলে পুরস্কার জিতে নেয় বৃষ্টি বড়ুয়া। পত্রিকার বিভিন্ন দিক সম্পর্কে বলে পুরস্কার পায় রোকসানা আক্তার ও ফয়েজুন্নেসা। তামান্না বলে, ‘দেশকে ভালোবাসলেই চলবে না, সুন্দর করে গড়ে তুলতে হবে।’ বিশ্বকাপের মাসকাটের নাম কে বলবে? কে পাবে ব্যাডমিন্টন র‌্যাকেট? সবার আগে উত্তর বলে রাহী পেয়ে গেল র‌্যাকেট। ফাঁকে দেখানো হয় প্রথম আলোর ওপর নির্মিত তথ্যচিত্র। প্রথম আলোকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করে দশম শ্রেণীর ছাত্রী রাজিয়া সুলতানা। ‘আর মাত্র তিনটি প্রশ্ন? যে সঠিক উত্তর দিতে পারবে, সে পাবে ব্যাডমিন্টন র‌্যাকেট’—সঞ্চালকের এ ঘোষণা যেন আনন্দের ঢেউ তুলল ছাত্রীদের মনে। সঠিক উত্তরটা দিয়ে চৈতি দে নিয়ে গেল পুরস্কার। চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়‘হই হই, রই রই, কলেজিয়েটের ছাত্ররা গেল কই!’ জানা-অজানার আনন্দ-আয়োজন শুরুর আগে এমনই উচ্ছ্বসিত চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের ছাত্ররা। ২৭ জানুয়ারি প্রথম আলোর এ আয়োজনে ছিল বিশ্বকাপ ক্রিকেটের হাঁড়ির খবর। সঞ্চালক বললেন, ‘এখানেই আছে ভবিষ্যতের মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও জুনায়েদ সিদ্দিকী। তাই আশা করি, সব প্রশ্নের সঠিক উত্তর পাব।’‘বিশ্বকাপের বাকি আর কত দিন?’ ‘২১ দিন!’ সঠিক উত্তর দিয়ে প্রথমেই পুরস্কার নিয়ে নিল জাবেদ হোসেন। অনুষ্ঠানে ছিলেন শিক্ষক পূরবী চৌধুরী, খোদেজা বেগম, আশীষ কান্তি চৌধুরী ও মো. আনিস ফারুক। তাঁরা ছাত্রদের সঠিক উত্তরে উচ্ছ্বসিত হন, বিজয়ীদের পুরস্কার দেওয়ার সময় পিঠে হাত বুলিয়ে দেন। অনেক প্রশ্নের উত্তরে হাসির ফোয়ারা ছুটেছে। ‘ক্রিকেটের মাসকাটের নাম কী?’ একজনের উত্তর ‘ছোট হাতির বাচ্চা’। অপরজন বলল ‘আরে না, শুধু হাতির বাচ্চা!’ এর সঙ্গে বাড়তি পাওনা ছিল পিয়াল সেনের ‘ফিনফিনে বাবু’ কবিতা ও অর্ণব চক্রবর্তীর ‘নয়ন ভরেছে জলে’ গানটা। মা ও দেশ বিষয়ে তৈরি প্রথম আলোর বিজ্ঞাপনচিত্র দেখে কিছু বলতে মঞ্চে এল মো. সাইফুল ইসলাম। তার কথা—‘মা আমাদের জন্ম দিয়েছে। দেশও মা, তাকে ভালোবেসে সঠিক পথে এগিয়ে নিয়ে যাব।’ ব্র্যাডম্যানের শেষ ম্যাচে রান কত? তাঁর রানের গড় কত? এমন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে ক্রিকেট ব্যাট জিতে নিল অন্ত বড়ুয়া। ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ‘মেয়েরা বল নিয়ে কী করবে! এই প্রশ্নটা ছেলেদের করি?’ সঞ্চালকের এমন কথায় প্রতিবাদে মুখর ছাত্রীরা। ‘না, না’ শব্দের ঝড় বয়ে গেল। এবার সঞ্চালকের হার মানা কণ্ঠ শোনা গেল—‘ঠিক আছে, প্রশ্নটা সবার জন্য।’‘বিশ্বকাপ ক্রিকেটের মাসকাটের নাম কী?’ ‘স্টাম্পি’ উত্তর দিয়ে বল জিতে নেয় দেবজ্যোতি বড়ুয়া। তাতে কী, গানের সুরে তা পুষিয়ে দিল দশম শ্রেণীর ছাত্রী রুতমিলা হোসেন। তার ‘দূর দ্বীপবাসিনী, চিনি তোমারে চিনি’ গানটা সবার মন ছুঁয়ে যায়।বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ২৭ জানুয়ারি ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘জানা-অজানার আনন্দ-আয়োজন’। এতে সহযোগিতা করে বন্ধুসভা।দোতলা মিলনায়তনের নিচে বসেছিল ছেলেরা, ওপরে মেয়েরা। অধ্যক্ষ মাহবুবুল আলম চৌধুরী ও ক্রীড়াশিক্ষক মায়ারুজ্জামান চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অধ্যক্ষ বলেন, ‘প্রথম আলো ব্যতিক্রমী কিন্তু শিক্ষার্থীদের জন্য আনন্দময় এ আয়োজন নিয়ে আমাদের বিদ্যালয়ে এসেছে। পুরস্কার পাওয়াটা এখানে মুখ্য নয়। শেখাটাই আসল।’তামিম ইকবালের বাবার নাম কী? তিনি কী খেলতেন? ‘ইকবাল খান, তিনি ফুটবল ও ক্রিকেট খেলতেন।’ প্রশ্নের উত্তর দিল তাহমিনা সুলতানা। ক্রিকেট নিয়ে মজার সব প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার নেয় আনিস, ফারিহা, তাফসিউর ইসলাম, মহিউদ্দিন, ফারদিনসহ অনেকে। সঞ্চালক আলাউদ্দিন খোকনের আহ্বানে দশম শ্রেণীর ছাত্র সাদমান কবিতা আবৃত্তি করে। এরপর পর্দায় প্রথম আলোর থিম সং ‘মাতৃভূমি, মাগো তুমি...’ গেয়ে ওঠেন তারকাশিল্পীরা। গানটা পিনপতন নীরবতায় শুনল অনেকে কিন্তু শেষ হওয়ার পর সরব হলো সবাই—মুহুর্মুহু করতালিতে মুখর হলো মিলনায়তন। নবম শ্রেণীর ছাত্রী নওশিন মাশরাফ বলল, ‘বিদ্যালয়ের পড়ার ফাঁকে প্রথম আলো পড়াতেই আমার আনন্দ।’ এরপর সবাই শপথ নিল মাদককে ‘না’ বলার, ইভ টিজিং ‘না’ করার। অষ্টম শ্রেণীর ছাত্রী রুবাইয়া আলম বলে গেল দেশকে মায়ের মতো ভালোবাসার কথা। উদ্বোধনী খেলা কোথায় হবে, কারা খেলবে, ওই দুই দেশের অধিনায়ক কে? তিন প্রশ্নের উত্তর দিয়ে ক্রিকেট ব্যাট জিতে নিল সাজ্জাদ বিন আজাদ। ছেলেরা জিতে নিল ব্যাট, তাতে মেয়েদের খুশি দ্বিগুণ। কারণ কী? একজন বলল—‘ওই ব্যাট দিয়ে আমরা ম্যাচ খেলব।’