রাশিয়ায় ভবিষ্যতে কাজের সুযোগ

অভ্যন্তরীণ শ্রমবাজারের ঘাটতি মেটাতে রাশিয়ায় ভবিষ্যতে কাজের সুযোগ তৈরি হবে। কারণ রাশিয়ার তিন-চতুর্থাংশ শিক্ষার্থী দেশের বাইরে কর্মজীবন শুরু করতে চান। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে সদ্য পাস করা ৭৭ শতাংশ রুশ শিক্ষার্থী বিদেশে চাকরি করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
রাশিয়ায় চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট www.career.ru পরিচালিত সাম্প্রতিক জরিপে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি ১ হাজার ২১৭ জন শিক্ষার্থীর ওপর এ জরিপ চালায়। গত ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এ জরিপ চালানো হয়।

জরিপের তথ্যে দেখা যায়, ৬০ শতাংশ শিক্ষার্থীর বিদেশে চাকরির আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। ১৪ শতাংশ শিক্ষার্থী চাকরি খোঁজা শুরু করেছেন এবং ৩ শতাংশ কাঙ্ক্ষিত দেশে এরই মধ্যে চাকরি খুঁজে পেয়েছেন।
জরিপে বলা হয়, সাধারণত কলা-মানবিক (৮৬ শতাংশ) ও মার্কেটিং (৮৪ শতাংশ) বিষয়ে যারা পাস করেছেন তাঁদের মধ্যে রাশিয়া ছেড়ে যাওয়ার প্রবণতা বেশি। অন্যদিকে শিক্ষকতা ও চিকিৎসা পেশায় যাঁরা কাজ করবেন, তাঁদের মধ্যে বিদেশে চাকরি করার ইচ্ছা সবচেয়ে কম।
জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৬ শতাংশ ইউরোপে, ১০ শতাংশ যুক্তরাষ্ট্রে, ৬ শতাংশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে, ৫ শতাংশ কানাডায়, ৪ শতাংশ মধ্য এশিয়ায় এবং ৪ শতাংশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন জীবন গড়ার জন্য যেতে চান। তবে ১৪ শতাংশ কোথায় কাজ করতে যাবেন, তা এখনো ঠিক করেননি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে লন্ডনভিত্তিক মানবসম্পদ সেবাবিষয়ক বেসরকারি সংস্থার এক গবেষণায় বলা হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বৃহৎ শ্রমিক সংকটের দেশে পরিণত হবে রাশিয়া। তখন অভ্যন্তরীণ শ্রমবাজারের ঘাটতি মেটাতে ও জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে দেশটির ১ কোটি ৭০ লাখ অতিরিক্ত জনসংখ্যার প্রয়োজন হবে।
জামিল খান
মস্কো, রাশিয়া