রাশিয়ার ওপর অবরোধে কার ক্ষতি বেশি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুনস্টক ডট কম–এর সৌজন্যে
কার্টুনস্টক ডট কম–এর সৌজন্যে

ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশীয় বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউসহ পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে রাশিয়া। আর এই বিদ্রোহীরাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মালয়েশীয় যাত্রীবাহী বিমানকে ভূপাতিত করেছে; সেই সঙ্গে কেড়ে নিয়েছে বিমানটির ২৯৮ আরোহীর প্রাণ।
ইইউ এবার রাশিয়ার অস্ত্র কেনাবেচা, সমুদ্রে জ্বালানি অনুসন্ধান ও ইউরোপের বাজারে রাশিয়ার ব্যাংকগুলোর ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার ওপর এটাই সবচেয়ে কড়া নিষেধাজ্ঞা। বলা হচ্ছে, রাশিয়ার অর্থনীতির টুটি চেপে ধরতে ও ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের ওপর থেকে পুতিনের সমর্থন তুলে নিতে বাধ্য করতেই নতুন এ অবরোধ আরোপ।
এর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু রাশিয়াকে চাপে ফেলতে গিয়ে ইউরোপীয় দেশগুলোই না চাপে পড়ে যায়, তা-ই এখন দেখার বিষয়।
মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার ব্যাংকগুলোর প্রায় ৩০ শতাংশ সম্পদই এখন নিষেধাজ্ঞার আওতায়। কিন্তু এতে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে রাশিয়া?
ব্রিটিশ অর্থনীতিবিদ ক্রিস স্কিনার বলেন, ইউরোপের বাজারে রাশিয়ার ব্যাংকগুলোর ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা রাশিয়াকে লন্ডন থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে নিতে বাধ্য করতে পারে। তিনি আরও বলেন, তাহলে এই নিষেধাজ্ঞা আমাদের বাজার থেকে রাশিয়ার মূলধনের প্রবাহকে বন্ধ করে দিতে পারে। তারা চীন বা হংকংয়ের দিকে ঝুঁকতে পারে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার ক্ষতি হবে সামান্যই।
ব্যাংক বিষয়ে বিশেষজ্ঞ রালফ সিলভা বলেন, রুশ ব্যাংকগুলোকে আঘাত করতে গেলে সেই আঘাত পশ্চিমা বিশ্বের গায়েই লাগবে। এটা শেষ পর্যন্ত নিউইয়র্ক ও লন্ডনের মতো শহরগুলোকেই ক্ষতিগ্রস্ত করবে। কারণ, রুশরা এই প্রথমবারের মতো উপলব্ধি করবে যে বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই তারা বাঁচতে পারবে। তিনি আরও বলেন, এসব নিষেধাজ্ঞা রুশ প্রেসিডেন্ট পুতিনের হাতকে শক্তিশালী করবে। রুশ জনগণ তাঁকে রক্ষাকর্তা হিসেবে মনে করে। এই নিষেধাজ্ঞার ফলে নিজ দেশে তাঁর ক্ষমতা আরও পাকাপোক্ত হবে।
আন্তর্জাতিক ক্রেডিটকার্ড কোম্পানিগুলো এ নিষেধাজ্ঞার ব্যাপারে এতটুকু চিন্তিত নয়। মাস্টারকার্ড জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার ব্যবসা-বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না। অন্যদিকে ভিসা বলছে, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় তাদের কর্মকাণ্ড পরিচালনায় কোনো সমস্যা হবে না।
রাশিয়ার ব্যাংক অব মস্কো জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে ব্যবসা-বাণিজ্যে কোনো ব্যাঘাত ঘটছে না। আর এর ফলে তারা বিদেশি বাজার থেকে ঋণ নেওয়ারও কোনো পরিকল্পনা করছে না।
তবে অবরোধের ঘোষণার পরপরই রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবির লেনদেন ১ দশমিক ২ শতাংশ পড়ে গেছে। ব্যাংকটি বলেছে, এ নিষেধাজ্ঞা অন্যায্য, সন্দেহজনক এবং এটি সব পক্ষের জন্যই ক্ষতিকর।
সাম্প্রতিক এক তথ্যে দেখা যায়, রাশিয়ার বড় বড় প্রতিষ্ঠানের ৬৫ হাজার ৩০০ কোটি ডলার বিদেশি ঋণ রয়েছে। এর বেশির ভাগই ইইউ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া। রাশিয়া বাণিজ্যিকভাবে একঘরে হলে তার প্রভাব রুশ প্রতিষ্ঠানগুলোর ওপরও পড়বে। ঋণের অর্থ আদায় করতে না পারলে ঋণ দেওয়া ইইউ ও মার্কিন প্রতিষ্ঠানগুলোও সংকটে পড়বে।
ইইউর দেশগুলোর সঙ্গে রাশিয়ার অস্ত্র বেচাকেনা নিষিদ্ধ করা হলেও তার কোনো প্রভাব মস্কোর ওপর পড়বে না। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হলেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে রাশিয়ার অস্ত্র বাণিজ্য বলতে গেলে নেই। ইইউভুক্ত দেশগুলো থেকে মস্কো খুব কমই সামরিক সরঞ্জাম আমদানি করে থাকে।
উল্টো অস্ত্র বেচাকেনার ওপর নিষেধাজ্ঞার কারণে রুশ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান কালাশনিকভ গত মঙ্গলবার মার্কিন গ্রাহকদের জন্য দুঃখ প্রকাশ করেছে। কেননা, এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন ক্রেতারা আর তাদের অস্ত্র কিনতে পারবেন না।
এদিকে রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপীয় দেশগুলোকে বেশি বিপাকে পড়তে হবে। কেননা, তেল-গ্যাসে সমৃদ্ধ রাশিয়া যেসব কাঁচামাল রপ্তানি করে, তার ৬০ শতাংশই জ্বালানিপণ্য। আর রাশিয়ার রপ্তানিপণ্যের ৪৫ শতাংশই কিনে নেয় ইইউ। অথচ ইইউর রপ্তানিপণ্যের ৩ শতাংশেরও কম যায় রাশিয়ায়। তাই ইইউ এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এর বদলে রাশিয়া যাতে নতুন তেলের মজুত গড়ে তুলতে না পারে, তা ঠেকানোর কৌশল নিয়েছেন ইউরোপীয় নেতারা। তাঁরা যেসব প্রযুক্তি তেল-গ্যাস উত্তোলনে সহায়তা করে, সেসব পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এ নিষেধাজ্ঞার পর রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম ঘোষণা দিয়েছে, এসব প্রযুক্তি তারা আমদানি না করে দেশেই উৎপাদন করবে।
রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞায় আখেরে কে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তা-ই এখন দেখার অপেক্ষা।