ধূমপান করছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা, আর সেই ছবি লাগানো আছে পোস্টারে! ঘটনাস্থল রাশিয়ার রাজধানী মস্কো। কাচের ফ্রেমের মধ্যে ওই পোস্টারে লেখা: ‘ওবামা যত মানুষকে হত্যা করেন, ধূমপানে মৃত্যুর সংখ্যা তার চেয়ে বেশি। তাই ধূমপান করবেন না, ওবামার মতো হবেন না।’
ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই পোস্টার। পক্ষে-বিপক্ষে মন্তব্য বিস্তর। রাশিয়ার পার্লামেন্টের বিরোধীদলীয় আইনপ্রণেতা দিমিত্রি গাদকভ রুশ রাজধানী শহরে ওই পোস্টার লাগানোর বিষয়টিকে ‘বিরক্তিকর ও বিব্রতকর’ আখ্যা দিয়েছেন।
ওবামাবিরোধী ওই বিজ্ঞাপনকে কেউ কেউ গত সপ্তাহে প্রচারিত ‘স্টপ ওবামা!’ শীর্ষক ভিডিওর ধারাবাহিকতা বলে মনে করছেন। ওই ভিডিওর বার্তা ছিল, ‘মার্কিন প্রেসিডেন্ট প্রতি সপ্তাহে ৮৭৫ জনকে হত্যা করেন!’ এর আগে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘হাজারো মানুষের মৃত্যুর জন্য ওবামার শাস্তি দাবি’ করে জাতিসংঘের প্রতি আবেদন জানিয়ে আরেকটি ভিডিও প্রকাশ করেন। ইউটিউবে ওই দুটি ভিডিওর প্রতিটি পাঁচ লাখের বেশিবার দেখা হয়েছে।
ওবামা ২০১৩ সালে বলেন, তিনি ছয় বছর আগেই সিগারেট ছেড়ে দিয়েছেন।