রাশিয়ায় স্বাধীন বিচারব্যবস্থা বলে কিছু নেই: খোদোরকোভ্স্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিখাইল খোদোরকোভিস্ক রাশিয়ার একজন ধনকুবের। ২০০৩ সালে তাঁকে একটি মামলায় সাক্ষ্য দিতে ডাকা হলেও শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধেই প্রতারণা ও কর ফাঁকির মামলা হয়। সেই মামলায় নয় বছরের দণ্ডভোগ চলার সময়ই আবার তাঁকে দণ্ডিত করা হয় আত্মসাৎ ও কালোটাকা সাদা করার চেষ্টার জন্য। বলা হয়ে থাকে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পুতিনের রাশিয়ার বিচারব্যবস্থাসহ সার্বিক অবস্থার সমালোচনা করে টাইম সাময়িকীতে এ নিবন্ধটি লেখেন খোদোরকোভিস্ক। চলতি বিশ্বের পাঠকদের জন্য তা তুলে দেওয়া হলোভ্লাদিমির পুতিন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে গত ৭ মে শপথ নিয়েছেন। ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রাশিয়ার ভেতরে ও বাইরে প্রশ্ন রয়েছে। কিন্তু নাগরিক সমাজ কোনো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করলেই পুতিনের সরকার বলে, ‘আদালতে যান।’ প্রতিটি ক্ষেত্রেই ফলাফল এক ও অভিন্ন। বিচারক ঘোষণা করেন, ‘আদালতের দৃষ্টিতে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।’যেসব দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা বিদ্যমান, সেসব দেশের মানুষ মনে করেন, ন্যায়বিচার হয়েছে। আদালত সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে অনিয়ম পাননি। তাঁদের প্রশ্ন হবে: ‘আপনারা তাহলে আর কী চান?’আট বছর আগে প্রতারণা ও কর ফাঁকির মামলায় আমিও ন্যায়বিচার প্রত্যাশা করেছিলাম। আমি ভাবতাম, একজন বিচারক হয়তো নিরপেক্ষ না-ও হতে পারেন। কিন্তু সামগ্রিক বিচারব্যবস্থা আইন ও জাজ্বল্যমান প্রামাণ্য তথ্য কোনোভাবেই পাশ কাটাতে পারে না। এখানেই ভুল করেছিলাম আমি। একই ভুল করেছেন এখন যাঁরা পুতিনের নির্বাচনী বিজয় নিয়ে আদালতে প্রশ্ন তুলছেন। সহজ কথায় বললে, রাশিয়ায় স্বাধীন বিচারব্যবস্থা বলে কিছু নেই। আর তার অর্থ দাঁড়ায়, এখানে কোনো বিচারব্যবস্থাই নেই—অন্তত প্রচলিত অর্থে বিচারব্যবস্থা বলতে যা বোঝায়। রাশিয়ার একজন বিচারককে ওপর থেকে যে নির্দেশ দেওয়া হয়, তিনি তা-ই বাস্তবায়ন করেন। আর তা না করলে তাঁকে চাকরি ছাড়তে হয়। এ রীতিতে একজন বিচারক পরিণত হন সাধারণ সরকারি আমলায়।আমার আট বছরের কারাজীবনের সময় কয়েকজন বিচারকের অভিজ্ঞতা জানার সুযোগ হয়েছে। ওই বিচারকেরা প্রকাশ্যে স্বীকার করেছেন, তাঁদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা নেই। তাঁরা সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপন্থী রায় দিলে তা উল্টে দেওয়া হয়। বিচারক বিবাদীকে এ কথা বলে দিলে তাঁদের উভয়কে শাস্তি পেতে হবে। পরিসংখ্যানে দেখা গেছে, রাশিয়ার বিচারকেরা সাধারণত ২ শতাংশেরও কম বিবাদীকে খালাস দেন। কিছু হিসাব বলছে, এটি আসলে ১ শতাংশেরও কম। আইনবিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা মনে করেন, রাশিয়ার কারাগারগুলোতে মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে।পুতিনের ‘সিলোভিকির’ (গোয়েন্দা ও সামরিক বাহিনীর হোমরাচোমরা সদস্য) যেকোনো সদস্যকে জিজ্ঞেস করুন, তাঁরা বোকার হাসি হেসে বলবেন, ‘অপরাধীরা সব সময়ই দাবি করে যে তাঁরা নির্দোষ। আসলে এর উল্টোটাই সত্যি।’ কিন্তু রাশিয়ার বিকৃত বিচারব্যবস্থায় অনেক নিরপরাধ লোকও দাবি করেন যে তাঁরা দোষী। তাঁরা দাবি করেন, নির্বুদ্ধিতা বা মদ্যপ থাকায় ওই কাজ করেছেন। কারণ সবাই জানেন, স্বীকারোক্তি দিলে সাজার মেয়াদ অনেক কম হবে এবং দ্রুত মুক্তি পাওয়ারও সম্ভাবনা থাকে। সবাই এটাও জানেন যে যাঁরা কর্তৃপক্ষের পছন্দমতো চলবেন না, তাঁদের কোনো না-কোনোভাবে দণ্ডিত করা হবেই। তাঁদের পূর্ণ মেয়াদ সাজা খাটতে হবে। আর সে মেয়াদও হবে দীর্ঘ।অন্যায়ভাবে অভিযুক্ত ব্যক্তিদের অনেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান। তাঁরা কি নির্বোধ? কখনোই না। তাঁরা শুধু নিজের মর্যাদাকে এতটাই গুরুত্ব দেন যে হার মানতে চান না।পুতিন ফের ক্ষমতায় আসার পর সেই মর্যাদা ধরে রাখার অভীপ্সাতেই আমার দেশের নাগরিকেরা মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও অন্যান্য নগরের রাজপথে নেমে এসেছেন। তাঁরা তাঁদের ভোটচুরির প্রতিবাদ করছেন। তাঁদের প্রথম দাবিগুলোর মধ্যে ছিল স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাজবন্দীদের স্বাধীনতা। আজকের রাশিয়ায় যাকে বিচার বলে মনে করা হয়, ক্রমেই বেশি বেশি নাগরিক তার মূল্য টের পাচ্ছেন। তবে পুতিনের শাসনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, শীর্ষ পর্যায় থেকে একেবারে নিচে পর্যন্ত বিদ্যমান প্রতারণা। দুর্নীতি, রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি—এসবই হচ্ছে এই সরকারের চরম অনৈতিকতার পরিণতি।আমাদের প্রজন্মকে একটা বদনাম বয়ে বেড়াতে হবে যে আমরা শাসকগোষ্ঠীকে মিথ্যাচারের সুযোগ করে দিয়েছি। এটা আমরা করেছি নিস্পৃহতা থেকে। তবে এর পেছনে ভয় ছিল আরও বড় কারণ।ভবিষ্যৎ প্রজন্ম ও আর রাস্তার বিক্ষোভকারীদের দৃষ্টিতে নিজেদের দেখলে লজ্জায় মাথা নত হয়ে আসে আমাদের। তরুণতর প্রজন্ম আমাদের থেকে আলাদা। তাঁদের মনে ভয় নেই। নতুন প্রজন্মের সম্মানে আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছি। আমরা কপটতাপূর্ণ আদালত এবং রাজপথে মাথা তুলে কথা বলতে শুরু করেছি। এটা সত্যি যে আমরা এখনো আতঙ্কিত। তবে সন্তানের সামনে তার চেয়েও অনেক বেশি লজ্জিত। আমরা আর নতজানু হতে পারি না।  ভাষান্তর: মনিরুল ইসলাম