রাশেদা আপুর পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় শিক্ষার্থীদের কাছে ‘রাশেদা আপু’ নামে বেশি পরিচিত রাশেদা বেগম। তিনি আমিরাবাদ ইউনিয়নের কবির মোহাম্মদপাড়ার আবদুস সোবহানের মেয়ে। স্বপ্ন ছিল একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজে শিক্ষার আলো ছড়াবেন। কিন্তু ১৯৯৩ সালে উচ্চমাধ্যমিক পড়ার সময় রাশেদার জীবনে ঘটে যায় এক অভাবনীয় দুর্ঘটনা। গাছ থেকে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে যান তিনি। এতে তাঁর দুই পা ভেঙে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ঢাকার পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) পাঁচ মাস চিকিৎসা নেন। কিন্তু পা দুটি আর সচল হয়নি। এরপর থেকে পঙ্গু হয়ে হুইলচেয়ারে চলাফেরা করছেন। কলেজের লেখাপড়া আর বেশি দূর এগোয়নি। পঙ্গুত্ব কাবু করেনি রাশেদা বেগমকে। জীবনের স্বপ্ন পূরণে নিজ বাড়িতেই খুললেন শিশুদের পাঠশালা। সকাল-বিকেল-সন্ধ্যায় চলে পাঠকার্যক্রম। রাশেদা জানান, যেসব অভিভাবক দরিদ্র এবং শিক্ষার ব্যাপারে অসচেতন তাদের সন্তানদের পড়ানোটা তিনি কর্তব্য মনে করেন। তিনি বলেন, ‘অচল পা দুটি নিয়ে গ্রামাঞ্চলে বেশি কিছু করা যায় না। অন্তত এলাকার শিশুদের লেখাপড়া শিখিয়ে স্বপ্ন পূরণের চেষ্টা করছি। তাদের নিয়ে সময়টা আমার ভালোভাবে কাটছে।’ রাশেদা বেগমের পাঠশালায় এখন ২৫-৩০ জন শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করে। জায়গার অভাবে বেশি শিক্ষার্থী নিতে পারছেন না চাহিদা থাকা সত্ত্বেও। সকাল সাতটা থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। পাঠশালার পঞ্চম শ্রেণীর ছাত্রী মোজাম্মেল হক ও তৃতীয় শ্রেণীর ছাত্রী শাহীন সুলতানা জানায়, ‘আপুর কাছে আমাদের পড়তে খুব ভালো লাগে। আমাদের খুব আদর করেন তিনি।’ স্থানীয় অভিভাবক কাঠমিস্ত্রি মো. নূরুন্নবী জানান, রাশেদা বেগমের পাঠশালায় ছেলে ও মেয়েকে পাঠিয়ে তিনি নিশ্চিত। মায়ের স্নেহে ছেলেমেয়েদের পড়াচ্ছেন। স্থানীয় গোলামবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ কান্তি দাশ জানান, ‘রাশেদা আমাদের স্কুলের মেধাবী ছাত্রী ছিল। পঙ্গু হয়েও এলাকার শিশুদের আলোকিত করছে—এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত।’ রাশেদা বেগম জানান, উপজেলা প্রশাসন থেকে কয়েকবার পঙ্গু-ভাতার জন্য নাম লিখে নিলেও এখনো পাননি। তিনি জানান, আগামী দিনে পাঠশালার কক্ষটি বড় করে আরও বেশি শিক্ষার্থীকে পড়ানোর ব্যবস্থা করবেন। পাশাপাশি এলাকায় দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণকেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে তাঁর। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সিংহ প্রথম আলোকে জানান, ‘রাশেদা বেগম একজন পঙ্গু নারী হয়েও সমাজে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছেন—এটা অবশ্যই মহৎ কাজ। উপজেলা প্রশাসন থেকে তাঁকে পঙ্গু-ভাতা অচিরেই দেওয়া হবে।’