রাষ্ট্রপতি ভবনে প্রথম বাঙালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মিরাটি থেকে দিল্লির রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনের দূরত্ব মাত্রই এক হাজার ৭০০ কিলোমিটার। কিন্তু ভারতের একজন বাঙালির জন্য এত দিন যেন এটি ছিল সুদূর এক গন্তব্য। দীর্ঘ ৬৫ বছর লেগেছে এ পথ পাড়ি দিতে।গত পরশু প্রণব মুখার্জি পা রেখেছেন রাষ্ট্রপতি ভবনে। তিনি আজ ১২০ কোটি মানুষের দেশ ভারতের রাষ্ট্রপতি। ৪২ বছর আগে দিদি অন্নপূর্ণা দেবীর মুখ থেকে বেরিয়ে আসা একটি কথা আজ সত্যি হয়েছে।১৯৭০ সালের কথা। কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য হয়েছেন প্রণব। রাষ্ট্রপতি ভবনের দক্ষিণে সাউথ এভিনিউতে সরকারি আবাসন পান তিনি। এর বারান্দা থেকে রাষ্ট্রপতি ভবন ও এর আস্তাবলটি দেখা যেত। প্রণব দেখতেন, রাষ্ট্রপতি ভবনের ঘোড়াগুলোকে কীভাবে আদর-যত্ন করা হচ্ছে। দিদি অন্নপূর্ণা স্মৃতিচারণা করে বলেন, ছোট ভাই প্রণব একদিন তাঁকে ঘোড়াগুলো দেখিয়ে বলেন, ‘দেখেছ দিদি, কী সুন্দর ঘোড়াগুলো। কী আরামে আছে! খাচ্ছে-দাচ্ছে চিন্তা নেই। আমি পরজনমে রাষ্ট্রপতি ভবনের ঘোড়া হয়ে জন্মাব।’ তখন অন্নপূর্ণা ছোট ভাইকে বলেছিলেন, ‘ঘোড়া হয়ে জন্মাবি কেন? তুই রাষ্ট্রপতি হবি।’ প্রণব মুখার্জি দিদির কথা শুনে হেসে বলেছিলেন, ‘কী যে বলো না দিদি!’ কিন্তু শেষ পর্যন্ত দিদির সেদিনের কথাই ৪২ বছর পর সত্যি হয়েছে। যোগ্যতাবলেই সম্মানজনক এ পদে অধিষ্ঠিত হয়েছেন কমবেশি সবার কাছে শ্রদ্ধাভাজন এ প্রবীণ নেতা।পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক রাজনৈতিক পরিবারে জন্ম প্রণবের। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর। বাবা কামদা কিংকর মুখার্জি স্বাধীনতাসংগ্রামী ছিলেন। কংগ্রেসের নেতা ছিলেন। রাজনীতির জন্য জেল খেটেছেন দীর্ঘদিন। প্রণব ছোটবেলায় জন্মস্থান মিরাটি গ্রামের স্কুলেই পড়েছেন। বর্ষায় জলকাদার কারণে জামাকাপড়, বই হাতে নিয়ে গামছা পরে স্কুলে যেতেন। প্রথম না হলেও ক্লাসে দ্বিতীয় বা তৃতীয় স্থান থাকত। ছোটবেলার সেই স্কুলের এক শিক্ষকের কথায়, খুব মেধাবী ছিল পল্টু, অর্থাৎ আজকের প্রণব। সবকিছুর পেছনে যুক্তি খুঁজত।বড় হয়ে বাবার পদাঙ্ক অনুসরণ করে কংগ্রেসের রাজনীতিতে যুক্ত হন প্রণব। রাজনীতিতে যোগ দেন প্রয়াত কংগ্রেসনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে। ১৯৬৯ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন। ১৯৭৩ সালে হন পল্লি উন্নয়নবিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ১৯৮০ সালে রাজ্যসভার দলনেতা। ১৯৮২-৮৪ সালে প্রথমবার দায়িত্ব পান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ১৯৯১ সালে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হন। এরপর ১৯৯৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত কয়েক দফায় কেন্দ্রীয় পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী হয়েছেন। মুকুটের সর্বশেষ পালক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতির পদ।দেশে সর্বজনশ্রদ্ধেয় নেতা হলেও প্রণবের রাষ্ট্রপতি হওয়ার পথ মসৃণ ছিল না মোটেই। প্রণব আশা করেছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন সর্বসম্মতভাবে হবে। ইউপিএর সমর্থন পান তিনি। সমর্থন জানায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কয়েকটি শরিক দলও। বিজেপির একাংশের পছন্দের তালিকায় ছিল প্রণবের নাম। ফলে একটা পর্যায়ে মনে হচ্ছিল প্রণবই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হতে চলেছেন। কিন্তু বাদ সাধেন পশ্চিমবঙ্গেরই আরেক বাঙালি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রণবের প্রার্থিতা ঘোষণা করার সঙ্গে সঙ্গে মমতা তাঁর পছন্দের প্রার্থী হিসেবে সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নাম বলেন। কালামের পক্ষে প্রচারণাও শুরু করেন তিনি। কিন্তু কালাম জানিয়ে দেন তিনি প্রার্থী হতে আগ্রহী নন।দলমত-নির্বিশেষে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এবার একটি কারণেই প্রণবের পাশে এসে দাঁড়িয়েছিল—তিনি বাঙালি। ভারতের স্বাধীনতার ৬৫ বছরের ইতিহাসে কোনো বাঙালি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হননি। এবার সেই সুযোগ এসেছে। প্রণবকে রাষ্ট্রপতি করতেই হবে। কিন্তু মমতাও প্রণবের বিরোধিতায় অনড় থাকেন। সিপিএমের ‘ভুল বিবেচনার’ কারণে ১৯৯৬ সালে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগটি নষ্ট হয়। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব ওঠে। কিন্তু এর বিরোধিতায় নামে খোদ তাঁর দল সিপিএম। কেন্দ্রীয় কমিটিতে ভোটাভুটি হলে খারিজ হয়ে যায় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব। এবার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আবার সে রকম কিছু হোক, তা পশ্চিমবঙ্গের মানুষ চায়নি। তাই প্রণব কংগ্রেসের প্রার্থী হওয়া সত্ত্বেও বাঙালির প্রশ্নে সিপিএম তাঁকে সমর্থন জানায়। একপর্যায়ে ইউপিএর জোট শরিক মমতার ভোট ছাড়াই জিততে চলেছে, তা নিশ্চিত হয়ে যায়। মমতা ব্যাপারটি বুঝতে পেরে সুর বদলে ফেলেন। ভোটের মাত্র দুই দিন আগে ঘোষণা দেন, ইচ্ছা না থাকলেও জোট রাজনীতির বাধ্যবাধকতার কারণে তাঁরা প্রণব মুখার্জিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মমতা বুঝতে পেরেছিলেন প্রণবকে ভোট না দিলে বাঙালি হিসেবে কলঙ্কের বোঝা বইতে হবে, যেমনটা বহন করছে সিপিএম। অমর সাহা