রাষ্ট্রহীন এক রাষ্ট্রনায়ক
এক বছর আগে বীরের বেশে স্বদেশে ফিরেছিলেন তিনি। সেই গৌরবের কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের সবুজ মার্বেলের বক্তৃতা-মঞ্চে দাঁড়িয়ে এক স্পর্ধিত উচ্চারণ। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টিনিয়ান অথরিটি বা পিএ) হিসেবে খণ্ডিত পরিচয় নয়, ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে হবে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজেও জানতেন, এ এমনই এক দাবি যা সহজে পূরণ হওয়ার নয়। সেই ঘটনার পর চলে গেছে একটি বছর। আবার বিশ্ববাসীর ভালোমন্দের হিসাব-নিকাশে বসলেন বিশ্বনেতারা। ২৭ সেপ্টেম্বর মাহমুদ আব্বাস আবারও দাঁড়ালেন সবুজ মার্বেলের সেই বক্তৃতা-মঞ্চে। এবারও একটি দাবি তুলে ধরলেন। তবে সেটি গতবারের চেয়ে ভিন্ন। হয়তো খুব সহজেই তা অর্জিত হবে। মাহমুদ আব্বাস এবারের ভাষণে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবি তোলেননি। চেয়েছেন ‘নন মেম্বার অবজারভার স্টেট’-এর মর্যাদা। বিশেষজ্ঞরা বলছেন, এর আইনি মর্যাদা পূর্ণ সদস্যপদের চেয়ে খুব কম কিছু নয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মাহমুদ আব্বাসের প্রতিশ্রুতি ছিল—আলাপ-আলোচনার মাধ্যমে তিনি অধিকৃত এলাকায় ইসরায়েলি দখলদারির অবসান ঘটাবেন। কিন্তু আট বছরে তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণের ধারে-কাছেও যেতে পারেননি। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন জাতিসংঘে তাঁর সাম্প্রতিকতম পদক্ষেপ ফিলিস্তিনের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে। আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা বলছেন, ‘নন মেম্বার অবজারভার স্টেট’—মর্যাদা দাবিতে ‘স্টেট’ অর্থাৎ রাষ্ট্র শব্দটি আছে। এটি ফিলিস্তিনিদের অনেক সুবিধা দেবে। এই মর্যাদার কারণে অধিকৃত ভূখণ্ডে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের জন্য চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যেতে পারবে তারা। ১৯৬৭ সাল থেকে ওই ভূখণ্ড দখল করে রেখেছে ইসরায়েল।আইসিসি ইসরায়েলের জন্য বরাবরই একটি অস্বস্তিকর বিষয়। আইসিসির সংবিধিতে উল্লেখ রয়েছে যে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হবে। হিব্রু ইউনিভার্সিটির ল স্কুলের ডিন ইউভাল শেনি মনে করেন আইসিসি একটি বড় ইস্যু। তিনি বলেন, ইসরায়েল আইসিসির মতো আন্তর্জাতিক ফোরামে অস্বস্তিতে পড়তে পারে। বিশেষ করে বসতি ইস্যুতে। কারণ, এই বিষয়ে ইসরায়েলের কাছে ভালো কোনো আইনি জবাব নেই।জাতিসংঘ সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘নন মেম্বার-অবজারভার স্টেট’ মর্যাদা পাওয়া সম্ভব। নিরাপত্তা পরিষদের মতো যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের ভেটোতে নাকচ হয়ে যাওয়ার আশঙ্কা সেখানে নেই। মাহমুদ আব্বাস পিএর নেতৃত্বে আসার পর থেকে সংঘাত কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগের পাঁচ বছরে পাঁচ হাজারেরও বেশি ফিলিস্তিনি ও এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে গত তিন বছরে ফিলিস্তিনি নিহত হয়েছে মাত্র ৩১১ জন। ইসরায়েলের পক্ষে এই সংখ্যা ২০ জন। কিন্তু এ জন্য কোনো পক্ষ থেকেই মাহমুদ আব্বাসকে যথেষ্ট কৃতিত্ব দেওয়া হয়নি।ইসরায়েল ও ফিলিস্তিনিদের পরস্পরকে দোষারোপ করা অবশ্য বন্ধ হয়নি। ফিলিস্তিনিরা বলছে, আলোচনার মাধ্যমে দখলদারির অবসানে তাঁদের আগ্রহের বিষয়টিকে মূল্যায়ন করছে না ইসরায়েলিরা। গত মাসে মাহমুদ আব্বাস যখন জাতিসংঘ সম্মেলনের জন্য নিউইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইসরায়েলের ডানপন্থী পররাষ্ট্রমন্ত্রী আভিদগর লিবারম্যান তাঁকে ‘কূটনৈতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছিলেন।গত বছর ফিলিস্তিনিদের জাতিসংঘের পূর্ণ সদস্যরাষ্ট্রের মর্যাদার জন্য আবেদনের সিদ্ধান্ত খুবই ক্ষুব্ধ করে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র বিষয়টা এতটাই অপছন্দ করে যে পিএর জন্য নির্ধারিত আর্থিক সহায়তা পর্যন্ত বন্ধ করে দেয়। রাজস্বে টান পড়ায় ব্যাপক চাপে পড়ে যায় ফিলিস্তিনের অর্থনীতি। মানুষ নেমে আসে রাস্তায়। তবে ইসরায়েলের ৪৫ বছরের দখলদারির বিরুদ্ধে নয়, তাদের ওই বিক্ষোভ ছিল পিএরই বিরুদ্ধে। অর্থাৎ নিজেদের নেতাদের ‘ব্যর্থতায়’ ক্ষুব্ধ তারা। পিএর সাবেক মন্ত্রী আবদুল জাওয়াদ সালেহ বলেন, তাঁর (মাহমুদ আব্বাস) অস্ত্র কেবল আলোচনা। কীভাবে লড়তে হয়, তা তিনি জানেন না।কেউ কেউ বলছেন ইসরায়েলিদের নিরাপদে রাখার জন্য অন্য যেকোনো ফিলিস্তিনি নেতার চেয়ে বেশি করেছেন মাহমুদ আব্বাস। তিনি অবশ্য এ সমালোচনায় ভীত নন। আব্বাস সম্প্রতি বলেন, ‘আমি সব সময় স্রোতের বিরুদ্ধে গিয়েছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ই বলেছিলাম, আমি সশস্ত্র লড়াই মেনে নেব না। আমি তা নিষিদ্ধ করব।’মাহমুদ আব্বাস তা-ই করেছেন। যদিও হামাস-নিয়ন্ত্রিত গাজা থেকে মাঝেমধ্যেই রকেট উড়ে যায় ইসরায়েলি জনবসতির দিকে। জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয় কার্যালয়ের তথ্য মতে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাই এখন বেশির ভাগ সহিংসতা ঘটাচ্ছে। আর এর শিকার হচ্ছেন প্রতিবেশী ফিলিস্তিনিরা। তাদের মতে, ধীরে ধীরে প্রবণতার পরিবর্তন হচ্ছে। ফিলিস্তিনিরা এত দিন হামলা করে এলেও ইদানীং উল্টো সহিংসতার শিকার হচ্ছে। তবে এ রকম প্রতিটি ঘটনাকে ফিলিস্তিনিদের ধৈর্যশীলতার প্রমাণ হিসেবে দেখছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, ‘ওরা ভেবেছিল, আমরা সহিংসতার মাধ্যমে জবাব দেব। কিন্তু আমরা তাদের হতাশ করব।’ দাউদ ইসলাম, টাইম অবলম্বনে