রাসায়নিক প্রেম কাহিনি
পর্যায় সারণির দক্ষিণ পাড়ার বনেদি ধাতু গ্রুপে বাস সোডিয়াম খানের। একে তো সারণির সবচেয়ে ধনবান সোসাইটির সদস্য, তার ওপর সোডিয়াম দেখতে-শুনতেও ড্যাশিং স্মার্ট। সহজেই ইমপ্রেস করতে
পারে যে কাউকে।
অন্যদিকে সারণির উত্তর পাড়ায় খানদানি হ্যালোজেন পরিবারে বাস করে ক্লোরিন জাহান। প্রচণ্ড তার আকর্ষণী ক্ষমতা! রূপে-গুণে অনন্য ক্লোরিন ধনবান শ্রেণির যে কাউকেই আকর্ষণ করার ক্ষমতা রাখে।
একদিন সোডিয়ামের চোখে পড়ে যায় ক্লোরিন। চোখে পড়া থেকে ঠাস করে প্রেমেই পড়ে যায় সোডিয়াম। ক্লোরিনেরও ভীষণ ভালো লেগে যায় সোডিয়ামকে। দুজনই চিরদিনের জন্য গাঁটছড়া বাঁধবে বলে ঠিক করে।
কিন্তু সোডিয়াম ও ক্লোরিনের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায় চিরন্তন ইলেকট্রন কনফ্লিক্ট! শেষের কক্ষপথে সোডিয়ামের বাড়তি ইলেকট্রন আর ক্লোরিনের ঘাটতি ইলেকট্রন ইস্যু বিশাল বাধার দেয়াল হয়ে সামনে দাঁড়ায়। তবে কি সোডিয়াম আর ক্লোরিন দুজন দুজনার হবে না? স্বপ্নের গাঁটছড়া বাঁধা হবে না তাদের?
বাড়তি ইলেকট্রনকে নিয়ে সোডিয়ামের খুবই অস্থির লাগে। নিজের ইলেকট্রন ঘাটতি নিয়ে অস্থির লাগতে থাকে ক্লোরিনেরও।
কিন্তু শাশ্বত প্রেমের মাঝে ইলেকট্রন বৈষম্য বাধা হয়ে থাকতে পারে না। না...না...না! আর তাই সব বাধা-বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সোডিয়াম আর ক্লোরিন পরস্পরের কাছাকাছি আসে। ধনবান সোডিয়াম নিজের বাড়তি ইলেকট্রনটি ক্লোরিনকে দিয়ে নোবেল সোসাইটির সদস্যদের মতো মহৎ হয়ে যায়। সোডিয়ামের কাছ থেকে ইলেকট্রন পেয়ে নিমেষে সব অস্থিরতা দূর হয়ে যায় ক্লোরিনের।
ইলেকট্রনের লেনদেনের মাধ্যমে সোডিয়াম আর ক্লোরিন এক প্রবল শক্ত বন্ধনে আবদ্ধ হয়। দুজনে একে অপরের হাত ধরাধরি করে গান গেয়ে ওঠে, ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে...।’ অতঃপর তাহারা, মানে সোডিয়াম আর ক্লোরিন ‘সোডিয়াম ক্লোরাইড’ হইয়া সুখে-শান্তিতে বসবাস করিতে থাকে!