ধোয়ার পর পানিসহ চুলায় চাপিয়ে দেওয়া হয় চাল। কিছুক্ষণ পর তা ফুটতে শুরু করে। দেশে দেশে এভাবেই ভাত রান্না করা হয়। বিজ্ঞানীরা বলছেন, প্রচলিত এই পদ্ধতিতে চালে থাকা আর্সেনিকসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক অনেকাংশেই রয়ে যায়। তাই তাঁরা নতুন এক পদ্ধতি বাতলে দিয়েছেন।
নর্দার্ন আয়ারল্যান্ডের কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের জীববিজ্ঞানের অধ্যাপক অ্যান্ডি মেহারগ দাবি করেছেন, ভাত রান্নার সবচেয়ে নিরাপদ উপায় হলো সারা রাত ভিজিয়ে রাখার পর চাল বারবার ধুতে হবে। যতক্ষণ চাল ধোয়া পানি পরিষ্কার পানির মতো স্বচ্ছ না হবে, ততক্ষণ এ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এরপর এক ভাগ চালের সঙ্গে পাঁচ ভাগ পানি মিশিয়ে সসপেনে রান্না করতে হবে।
বিবিসির একটি অনুষ্ঠানে অ্যান্ডি মেহারগ বলেন, রান্নার সময় চালের মধ্যে থাকা আর্সেনিকসহ অন্যান্য
ক্ষতিকর রাসায়নিক তাপের কারণে দূর হয়ে যায় বলেই বেশির ভাগ মানুষ মনে করেন। কিন্তু গবেষণায় দেখা গেছে, রাতভর ভিজিয়ে রাখার পরই কেবল চাল থেকে এসব রাসায়নিক দূর হতে পারে।
মেহারগের নেতৃত্বে একদল বিজ্ঞানী গবেষণায় দেখেছেন, ধান চাষের সময় যে কীটনাশক প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা করা হয়, তার মাধ্যমে চালের মধ্যে আর্সেনিকের মতো বিষ ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক জমা হতে পারে। এই চাল থেকে যে ভাত হয়, তা খেয়ে হৃদ্রোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এতে শিশুর বেড়ে ওঠা বাধাগ্রস্ত হতে পারে।
মেহারগ জানান, তাঁরা প্রথমে এক ভাগ চালের সঙ্গে দুই ভাগ পানি মিশিয়ে রান্না করেন। এরপর পরীক্ষা করে দেখেন, চালের মধ্যে লুকিয়ে থাকা সিংহভাগ আর্সেনিক রয়ে গেছে। দ্বিতীয় পদ্ধতিতে ভালো করে ধোয়ার পর এক ভাগ চালের সঙ্গে পাঁচ ভাগ পানি মিশিয়ে রান্না করেন। এবার দেখা যায়, অর্ধেক পরিমাণ আর্সেনিক দূর হয়েছে। তৃতীয় পদ্ধতিতে চালকে রাতভর পানিতে ভিজিয়ে রাখা হয়। এ পদ্ধতি অবলম্বনের পর দেখা গেছে, ভাতে আর্সেনিকসহ বিষাক্ত রাসায়নিকগুলো ৮০ শতাংশ পর্যন্ত দূর হয়ে গেছে।