রাসায়নিকের ঝুঁকিপূর্ণ ব্যবহার ও বিপণন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের বিপরীতে একটি বিপণিকেন্দ্রে (মার্কেট) পাশাপাশি দুটি দোকান। ওখানে গ্যাসের চুলার পাশাপাশি বিক্রি হয় গ্যাস সিলিন্ডার। পেট্রোলিয়াম বিধিমালা ১৯৩৭ অনুযায়ী কোনো দোকানে ১০টির বেশি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে বিস্ফোরক অধিদপ্তর থেকে অনুমতিপত্র (লাইসেন্স) নিতে হয়। কিন্তু মেসার্স জিহান এন্টারপ্রাইজ ও আল মদিনা ট্রেডার্স নামের ওই দুটি প্রতিষ্ঠান কোনো অনুমতিপত্র নেই। কথা বলার জন্য দোকানের মালিককে পাওয়া যায়নি। বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা বিধিমালা সম্পর্কে কিছুই জানেন না। নগরসহ জেলায় এ রকম অনুমতিপত্রবিহীন দুই শতাধিক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে অবৈধভাবে এ রকম ব্যবসা চলছে বলে অগ্নিনির্বাপণকেন্দ্র (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) সূত্রে জানা গেছে। ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাহ্য রাসায়নিক পদার্থের ব্যবহার, বিপণন ও গুদামজাত করছেন। যুগোপযোগী নীতিমালা এবং সচেতনতার অভাবে এসব দ্রব্যের ব্যবহার ও বিপণন দিন দিন বাড়ছে বলে অগ্নিনির্বাপণকেন্দ্র ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন। এতে হুমকির মুখে রয়েছে বিভিন্ন আবাসিক এলাকাসহ জননিরাপত্তা। এসব দাহ্য রাসায়নিকের মধ্যে রয়েছে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, জেট ফুয়েল, অকটেন, পেট্রল, ডিজেল, গ্যাস, কেরোসিন, পারফিউম, সলিউশন গ্যাস, গান পাউডার, হাইড্রোজেন পার-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড ইত্যাদি। কার্পাসগোলা সড়কে পরিচিতিফলক ছাড়া একটি দোকানে দেখা যায় প্রায় অর্ধশত গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য রাখা হয়েছে। বিস্ফোরক অধিদপ্তরের অনুমতিপত্র আছে কি না জানতে চাইলে বিক্রয়কর্মী আবুল হাশেম বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’ বিধি অনুযায়ী বিক্রির জন্য ২০০ লিটারের বেশি পেট্রল বা অকটেন রাখতে হলেও বিস্ফোরক অধিদপ্তর থেকে অনুমতিপত্র নিতে হয়। বহদ্দারহাট ও রাহাত্তারপুল এলাকায় তিনটি পেট্রল বিক্রির প্রতিষ্ঠানে গিয়ে জানা যায় সেখানে নিয়ম মানা হচ্ছে না। বিস্ফোরক অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর ও জেলা এলাকায় এ দপ্তর থেকে অনুমতিপত্র নেওয়া (পেট্রল বিক্রির) দোকান আছে ২০০টি। নাম প্রকাশ না করার শর্তে এক সহকারী বিস্ফোরক পরিদর্শক বলেন, ‘শহর ও জেলা এলাকায় অসংখ্য অবৈধ প্রতিষ্ঠান রয়েছে। যেসব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণভাবে দাহ্য রাসায়নিক দ্রব্য বিক্রি হচ্ছে। যেকোনো মুহূর্তে এসব প্রতিষ্ঠানকে ঘিরে ঢাকার নিমতলীর মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।’ সূত্র জানায়, ঝুঁকিপূর্ণভাবে রাসায়নিক গ্যাস (অ্যামেনিয়া) ব্যবহারের কারণে পাঁচ মাস আগে সাগরিকা সড়কে অবস্থিত বিডি ফুডসের কারখানায় আগুন লেগে কোটি টাকার ক্ষতিসাধন হয়। অগ্নিনির্বাপণকেন্দ্রের ওয়্যারহাউস পরিদর্শক মো. চানমিয়া জানান, মাঝিরঘাটের গুদামে প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাস দুয়েক আগেও একটি চালের গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। ওই গুদামে হাইড্রোজেন পার-অক্সাইড মজুদ করা ছিল। একইভাবে প্রায় পাঁচ মাস আগে আলকরণের কাজী নজরুল ইসলাম সড়কের একটি গ্যারেজে সিএনজি চালিত অটোরিকশার ইঞ্জিন পরিষ্কারের জন্য দেশলাই দিয়ে আলো জ্বালানোর সময় গ্যারেজে রাখা অকটেনে আগুন ধরে যায়। এতে গ্যারেজটির ১৪টি সিএনজি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল, পাঁচটি দোকানঘর ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিনির্বাপণকেন্দ্রের একজন পরিদর্শকের সঙ্গে সরেজমিন নগরের মাঝিরঘাট, পূর্ব মাদারবাড়ি, স্র্ব্যান্ড রোড ও আসাদগঞ্জ এলাকা ঘুরে দেখা যায় অন্তত অর্ধশতাধিক দোকানে দাহ্য রাসায়নিক দ্রব্য বিক্রি হচ্ছে। মাঝিরঘাট ও স্র্ব্যান্ড রোডে অন্তত ১২টি গুদামে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, গান পাউডারসহ বিভিন্ন দাহ্য রাসায়নিক দ্রব্য রাখা হয় বলে স্থানীয় সূত্র ও অগ্নিনির্বাপণকেন্দ্র সূত্রে নিশ্চিত হওয়া গেছে। অগ্নিনির্বাপণকেন্দ্রের পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ‘দিনে এসব গুদাম তালাবদ্ধ থাকে। রাতে গুদামগুলো খুলে রাসায়নিক দ্রব্য মজুদ ও সরবরাহ করা হয়।’ দাহ্য দ্রব্যের দোকান, কারখানা বা গুদামের সামনে ‘বিপজ্জনক’, ‘আগুন থেকে সাবধান’ এ ধরনের পরিচিতিফলক টাঙানোর সরকারি নির্দেশ থাকলেও তা কেউ মানছেন না। দারোগাহাট এলাকার মেসার্স মোহাম্মদিয়া এন্টারপ্রাইজের বিক্রয়কর্মী মো. তারেক বলেন, ‘এ ধরনের নামফলক টাঙানোর কোনো নির্দেশ আমরা পাইনি।’ এদিকে, জনবহুল ব্যবসাকেন্দ্র হাজারি লেনের বিভিন্ন সোনার দোকানে স্বর্ণ গলাতে দাহ্য রাসায়নিক দ্রব্য নাইট্রিক এসিড ব্যবহূত হচ্ছে। নগরের প্রায় সব অলংকার তৈরির দোকানেও এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় নাইট্রিক এসিড ব্যবহার করা হয় বলে ব্যবসায়ীরা জানান। আসাদগঞ্জের কিছু জরাজীর্ণ ভবনে বিভিন্ন প্রকার তরল সুগন্ধী (পারফিউম) গুদামজাত করা হয় বলে জানিয়েছেন অগ্নিনির্বাপণকেন্দ্রের সহকারী পরিচালক আবদুল মান্নান। এদিকে, চকবাজার কাপাসগোলা এলাকার প্রায় অর্ধশত প্রতিষ্ঠানে ব্যাটারি তৈরিতে এসিড ব্যবহূত হচ্ছে। এখানকার আল্লাহ ভরসা ব্যাটারি, সিলসিলা ব্যাটারি, গরিবে নেওয়াজ ব্যাটারিসহ সড়কের পাশের অনেক প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যাটারি তৈরিতে এসিড ব্যবহার করতে দেখা গেছে।অগ্নিনির্বাপণকেন্দ্র চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক নুরুল ইসলাম জানান, নগরে দাহ্য রাসায়নিক দ্রব্য বিপণন ও গুদামজাতকরণের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৬০টি। এ ছাড়া, পূর্ব মাদারবাড়ি, স্র্ব্যান্ড রোড, মাঝিরঘাট, আসাদগঞ্জ, সদরঘাট ও ডিটি রোডে দুই শতাধিক অননুমোদিত প্রতিষ্ঠান রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘পূর্ব মাদারবাড়ির বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাহ্য রাসায়নিক দ্রব্য বিশেষ করে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, গান পাউডার বিপণন ও গুদামজাত করা হচ্ছে।’ বিস্ফোরক অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিভাগের আওতায় এ দপ্তর থেকে সনদ পাওয়া পেট্রল, অকটেন, ডিজেল বিক্রির প্রতিষ্ঠান রয়েছে ২০০। এ ছাড়া রয়েছে দেড় শ পেট্রল পাম্প ও দেড় শ সিএনজি রিফুয়েলিং স্টেশন। এর মধ্যে চট্টগ্রামে সিএনজি রিফুয়েলিং স্টেশন রয়েছে ৬৭টি। সিএনজি রিফুয়েলিং স্টেশন কিংবা জ্বালানি তেল বিক্রির কেন্দ্রগুলোতে প্রায় শতভাগ নিরাপদে জ্বালানি তেল বিপণন হলেও যেকোনো মুহূর্তে এসব কেন্দ্রে দুর্ঘটনার আশঙ্কার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক শংকর প্রসাদ পাল। এ বিষয়ে তাঁদের দায়িত্বের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘বিস্ফোরক জাতীয় দ্রব্য বিক্রির প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তার বিষয়টি দেখার জন্য পর্যাপ্ত লোকবল প্রয়োজন। কারণ অসাবধানতা বা গাফিলতির কারণে যেকোনো মুহূর্তে এসব প্রতিষ্ঠানেও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। কিন্তু আমাদের লোকবল কম।’ অগ্নিনির্বাপণকেন্দ্রের এক কর্মকর্তা গত শুক্রবার বলেন, ‘মাঝিরঘাটে এ পর্যন্ত যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর বেশির ভাগের উৎস রাসায়নিক দ্রব্য।’ মাঝিরঘাটে ৬ নম্বর লেনের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘এখানকার প্রায় গুদামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি রাসায়নিক দ্রব্য রাখা হয়। তাই আমরা মৃত্যুভয়ের মধ্যে বাস করছি।’