
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে করেঙ্গাতলী ছড়ার দুই পাড়ে ১৫ হাজার মানুষের বসবাস। ওই এলাকায় তিনটি বৌদ্ধমন্দির, দুটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি প্রাক্-প্রাথমিক বিদ্যালয় আছে। সেতু না থাকায় ঝুঁকি নিয়ে ছড়া পারাপার করতে হয় শিক্ষার্থীদের। তা ছাড়া পাকা সড়ক না থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন।
করেঙ্গাতলী ছড়ার তীরে অবস্থিত ডুলু বন্য গ্রামের বাসিন্দা মিলন কান্তি চাকমা জানান, আশির দশকে রাজনৈতিক পরিস্থিতির কারণে করেঙ্গাতলী ছড়ার দুই পাড়ে কয়েক শ পরিবার আশ্রয় নেয়। পরবর্তী সময়ে ছড়ার আশপাশে পশ্চিম বঙ্গলতলী, ডুলু বন্যা, ভালুক মারা ও খেদারছড়া গ্রামেও শত শত পরিবার বসতি গড়ে তোলে। বর্তমানে সেখানে তিনটি বৌদ্ধ মন্দির, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি সংস্থা পরিচালিত তিনটি প্রাক্-প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে। করেঙ্গাতলী ছড়া পারাপারের জন্য এলাকাবাসী একটি সেতু নির্মাণের দাবি করছেন দীর্ঘ দিন ধরে। কিন্তু সে দাবি পূরণ হয়নি। এতে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে শিশুরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া করেঙ্গাতলী বাজার থেকে মারিস্যা-বঙ্গলতলী সড়ক পর্যন্ত মাত্র তিন কিলোমিটার পাকা রাস্তা না থাকায় লোকজনকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
একই এলাকার বাসিন্দা লক্ষ্মী ধন চাকমা বলেন, ‘সড়ক পাকা করার জন্য কয়েক বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু এ পর্যন্ত কোনো কাজ হয়নি।’
পশ্চিম বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ছাত্র নয়ন চাকমা ও সুপন চাকমা বলে, ‘ছড়া পেরিয়ে স্কুলে যেতে হয় আমাদের। প্রায় সময় বই-খাতা ভিজে যায়। বর্ষায় পানি বেড়ে গেলে অনেক সময় স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যায়।’
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা উত্তম কুমার চাকমা বলেন, ‘করেঙ্গাতলী থেকে মারিস্যা-বঙ্গলতলী সড়ক পর্যন্ত পাকা রাস্তা করার আবেদন জানিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ ও এলজিইডির কাছে একাধিকবার চিঠি লিখেছি। কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত পার্বত্য মন্ত্রণালয়ের সচিবের কাছেও আবেদন করা হয়। এত কিছু করার পরও কোনো প্রতিষ্ঠান প্রতিশ্রুতি দেয়নি। অথচ মাত্র তিন কিলোমিটার রাস্তা হলে ১৫ হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমবে।’
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারুসি চাকমা বলেন, একটি সেতু ও তিন কিলোমিটার সড়ক হলে এলাকায় যাতায়াতের অসুবিধা দূর হবে। কৃষিপণ্য সহজে বাজারজাত করতে পারবেন চাষিরা। সড়ক হলে এলাকায় বিদ্যুৎও আসবে। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, তিনি ওই এলাকা থেকে কোনো রাস্তা কিংবা সেতু তৈরির জন্য আবেদন পাননি। সরেজমিনে দেখে রাস্তা ও সেতু তৈরির জন্য প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করবেন বলে তিনি জানান।