রাস্তা পারাপারের সেতু ব্যবহূত হয় না
সামনের রাস্তা দিয়ে সাঁই সাঁই করে চলাচল করছে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ ভারী যানবাহন। সেদিকে ভ্রুক্ষেপ না করে চলন্ত গাড়ির ফাঁক গলিয়েই কিছু পথচারী চেষ্টা করছেন রাস্তা পারাপারের। দীর্ঘক্ষণ চেষ্টার পর রাস্তা পেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন বন্দর ট্রাক মালিক সমিতির কর্মকর্তা পঞ্চাশোর্ধ্ব মো. করিম উদ্দিন। পারাপারের সেতু (ফুট ওভারব্রিজ) ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওপরে সব ময়লা-আবর্জনা। কীভাবে পার হব?’ নগরের বন্দর এলাকার ফকিরহাটের একটি পারাপারের সেতুর চিত্র এটি।শুধু ফকিরহাট নয়, নগরের বিভিন্ন স্থানে পাঁচটি রাস্তা পারাপারের সেতুর মধ্যে তিনটিই অব্যবহূত অবস্থায় পড়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) সামনের দুইটি সেতু ব্যবহূত হলেও এতে লোকজনের চলাচল কম। অন্য তিনটি পারাপারের সেতু রয়েছে স্টেশন রোড, নিউমার্কেট (জুবিলি রোড) ও ফকিরহাট এলাকায়। তিনটি সেতুরই পরিবেশ এত নোংরা যে কোনো সুস্থ মানুষ এসব সেতু দিয়ে চলাচল করতে চায় না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্টেশন রোড, জুবিলি রোড ও ফকিরহাট মোড়ের তিনটি রাস্তা পারাপারের সেতুর ওপরেই হাঁটাচলার জায়গাটি মলমূত্রসহ নানা ময়লা-আবর্জনায় ভরা। সবচেয়ে বেহাল অবস্থা স্টেশন রোডের সেতুটির। সেতুর ওপর মলমূত্র, ফলের ভাঙা খাঁচাসহ নোংরা পানিতে সয়লাব হয়ে আছে। অন্যদিকে, ফকিরহাট মোড়ের সেতুটি ঢেকে আছে বন্দর ট্রাক মালিক ও কনট্রাক্টর অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রচারণার পোস্টারে। সিইপিজেডের দুইটি সেতু কিছু লোক ব্যবহার করলেও বিলবোর্ডের আড়ালে ঢাকা পড়েছে। এ ছাড়া প্রতিটি সেতুর ওঠা-নামার সিঁড়ি দখল করে সেখানে পণ্যের পসরা সাজিয়েছেন কিছু খুদে ব্যবসায়ী। ফকিরহাট মোড়ের পান বিক্রেতা মো. ইমন বলেন, ‘এখানকার সেতুর ওপর রাতের বেলা মাদকাসক্ত লোকজনের আড্ডা বসে। দিনের বেলায় দুই-একজন চলাচলের চেষ্টা করলেও রাত নামলে কেউ সেতুর ওপরে ওঠেন না।’ স্টেশন রোডের সাইকেল বিক্রেতা মোহাম্মদ নাসির জানান, রাস্তা পারাপারের সেতুটি কেউ ব্যবহার করেন না। লোকজন মলমূত্র ত্যাগ করে এটি নোংরা করে রেখেছে। পথচারী আসমা আকতার বলেন, ‘রাতের বেলা দূরে থাক দিনের বেলাতেই সেতুর ওপর দিয়ে যেতে গা ছমছম করে। কখন কোন দিক দিয়ে ছিনতাই হবে তা নিয়ে ভয় হয়? তাই ঝুঁকি নিয়ে রাস্তা পার হই।’এ প্রসঙ্গে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী এম আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘সেতুগুলো বড় বড় বিজ্ঞাপনফলকে ঢাকা থাকায় লোকজন নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ছাড়া জুবিলি রোড, স্টেশন রোডসহ কয়েকটি সেতু থাকে অপরিচ্ছন্ন। তাই কর্তৃপক্ষকে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্তৃপক্ষকে সড়ক বিভাজক (ডিভাইডার) উঁচু দেয়াল এবং কাটাতারের বেড়া দিয়ে লোকজনকে সেতু ব্যবহারে বাধ্য করতে হবে।’ এ জন্য জনসচেতনতাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘প্রতিদিনই ফুট ওভারব্রিজ পরিষ্কার করা হয়। আপনি গিয়ে দেখে আসেন পরিষ্কার আছে।’ আরও চারটি হচ্ছে: চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে নতুন করে চারটি পারাপারের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো স্থাপন করা হবে নেভাল অ্যাভিনিউ, দামপাড়ার মহিলা সমিতি উচ্চবিদ্যালয় ও কলেজ, কর্নেলহাট এবং দেওয়ানহাট এলাকায়। যানজট নিরসন এবং দুর্ঘটনা এড়াতে এসব সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। জানা গেছে, চারটি সেতুর মধ্যে নেভাল অ্যাভিনিউ এলাকার সেতুটি নির্মাণ করবে নৌবাহিনী কর্তৃপক্ষ। অন্য তিনটি করবে বেসরকারি ব্যাংকগুলো। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।আগের সেতুগুলো অব্যবহূত থাকা অবস্থায় নতুন সেতু নির্মাণ প্রসঙ্গে করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘সেতুগুলো অব্যবহূত থাকার মূল কারণ জনগণের অসচেতনতা। নিজ থেকে সচেতন না হলে রোড ডিভাইডার কিংবা বেড়া দিয়েও জনগণকে সেতু ব্যবহারে বাধ্য করা যাবে না। আগামী দিনে যে চারটি রাস্তা পারাপার সেতু নির্মাণ করা হবে সেগুলোতে চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হবে।’