রাস্তা বিলীন নদীতে, হুমকির মুখে ১০৫ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ির কাচালং নদীর ভাঙনে বিলীন হচ্ছে লাল্যাঘোনা গ্রামের বসতভিটা ও সড়ক l প্রথম আলো
বাঘাইছড়ির কাচালং নদীর ভাঙনে বিলীন হচ্ছে লাল্যাঘোনা গ্রামের বসতভিটা ও সড়ক l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ির লাল্যাঘোনায় কাচালং নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে গ্রামের একমাত্র রাস্তাটি। এখন ভাঙনের মুখে রয়েছে ১০৫ বসতঘর। এই বর্ষায় প্রতিনিয়ত আতঙ্কে কাটছে গ্রামবাসীর দিন।
লাল্যাঘোনা গ্রামের বাসিন্দারা জানান, ২০১৪ সালে গ্রামের ঘাটের নিচে কাচালং নদীতে সামান্য ভাঙন দেখা দেয়। ভাঙন রোধের কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই বছর গ্রামের একমাত্র রাস্তাটি নদীগর্ভে চলে যায়। অব্যাহত ভাঙনে গত বছর চারটি বসতঘরও চলে যায় নদীগর্ভে। ভাঙন অব্যাহত থাকায় গ্রামের দুই শতাধিক নারকেল, সুপারিসহ বিভিন্ন গাছ হারিয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাস্তা বিলীন হয়ে যাওয়ায় লোকজন চলাচল করছেন নদীর পাড় ধরে। কিছু স্থানে বাড়িঘরের উঠানের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এবার বর্ষার শুরুতেই ভাঙন শুরু হওয়ায় ১০ থেকে ১৫টি বাড়িঘরের উঠান ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। যেকোনো মুহূর্তে ঘর চলে যেতে পারে।
লাল্যাঘোনা গ্রামের বাসিন্দা আবদুল সাত্তার প্রথম আলোকে বলেন, উজান থেকে পাহাড়ি ঢল নামলে পুরো গ্রামের লোকজন আতঙ্কে থাকে।
মো. আবদুুল মোতালেব নামের আরেক বাসিন্দা জানান, গ্রামে ১০৯ পরিবারের বসবাস। ইতিমধ্যে চার পরিবারের ঘর নদীগর্ভে চলে গেছে। যেভাবে ভাঙন চলছে দ্রুত রোধ করা না হলে গ্রামের আরও অনেক বাড়িঘর নদীর গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘লাল্যাঘোনা এলাকায় কাচালং নদীর ভাঙন বিষয়ে আমাকে জানানো হয়েছে। কিছুদিনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ভাঙন রোধের ব্যবস্থা করা যায় কি না, দেখব। যদি না হয় তাহলে অন্য দপ্তরের সহযোগিতা চাওয়া হবে। তবে নদীভাঙন রোধে করে পানি উন্নয়ন বোর্ড। এখনো তাদের কার্যক্রম না থাকায় সামান্য ভাঙন হলে আমরা প্রকল্প দিয়ে থাকি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন, ‘লাল্যাঘোনা এলাকায় নদীভাঙনের বিষয়ে জেনেছি। কিন্তু আমাদের সামান্য বরাদ্দে সেই ভাঙন রোধে ব্যবস্থা করা সম্ভব নয়। আমি ঢাকায় একটি উন্নয়ন সংস্থার সঙ্গে কথা বলেছি। তারা লাল্যাঘোনা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’