রাস্তা ভেঙে নদীতে, ঝুঁকিতে বেইলি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযোগস্থলে সড়ক ধসে গভীর খাদ সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পানছড়ি-লোগাং-দুধুকছড়া সড়কের লোগাং বাজার বেইলি সেতু। একই স্থানের আরও একটি বেইলি সেতু সংযোগের নাট–বল্টু খুলে গেছে (ইনসেটে) l প্রথম আলো
সংযোগস্থলে সড়ক ধসে গভীর খাদ সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পানছড়ি-লোগাং-দুধুকছড়া সড়কের লোগাং বাজার বেইলি সেতু। একই স্থানের আরও একটি বেইলি সেতু সংযোগের নাট–বল্টু খুলে গেছে (ইনসেটে) l প্রথম আলো

বেইলি সেতুর সংযোগস্থলেই বিশাল গর্ত। নদীভাঙনে সড়কের ওই অংশ ধসে গেছে। ভেঙে গেছে সেতুর এক পাশের ধারক দেয়ালও। ১২০ ফুট লম্বা সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চললেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি-লোগাং-দুধুকছড়া সড়কের লোগাং বাজার বেইলিটির এমন বেহাল দশা।
এটি ছাড়া এই সড়কের আরও দুটি বেইলি সেতু সাম্প্রতিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। অন্য সেতু দুটি হলো লোগাং নদীর ওপর লোগাং সেতু ও পূঁজগাং খালের ওপর অবস্থিত পূঁজগাং সেতু।
১৪ কিলোমিটার দীর্ঘ পানছড়ি-লোগাং-দুধুকছড়া সড়কটি পানছড়ি উপজেলা সদর হতে দুধুকছড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত চৌকি পর্যন্ত বিস্তৃত। এই রাস্তা দিয়ে বিজিবির যানবাহন ছাড়াও পণ্যবাহী গাড়ি ও ছোট–বড় যাত্রীবাহী যানবাহন চলাচল করে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বড় তিনটি বেইলি সেতুর মধ্যে লোগাং বাজার বেইলি সেতুটি ভাঙনের কবলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর সংযোগস্থলে সড়ক ধসে যাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।
এ ছাড়া সড়কের ৪২০ ফুট দীর্ঘ লোগাং সেতুর ধারক দেয়ালের তলার মাটি খালের পানিতে ভেসে গেছে। বর্তমানে বালির বস্তা ও ইট ফেলে যান চলাচলের উপযোগী করা হয়েছে। এ ছাড়া পূঁজগাং খালের ভাঙনে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূঁজগাং খাল বেইলি সেতু।
পানছড়ি বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এ সড়কে ছোটখাটো ভাঙন দেখা দিলে বিজিবি সদস্যরা মেরামত করে থাকেন। এক সপ্তাহ আগে প্রচুর বৃষ্টির কারণে লোগাং বাজার সেতুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দ্রুত মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে তাগাদাও দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, এই সড়কে ৪১ কিলোমিটার (লোগাং বাজার সেতু) সেতুটি পাহাড়ি ঢলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত এটি সাময়িকভাবে মেরামত করা হবে। তবে এই সড়কের তিনটি বড় বেইলি সেতুর স্থানেই পাকা সেতু তৈরি করা হবে। ইতিমধ্যে এ জন্য মাটিও পরীক্ষা করা হয়েছে। বরাদ্দ এলে নতুন সেতুর নির্মাণকাজ শুরু হবে। নতুন সেতু নির্মাণের আগ পর্যন্ত সাময়িক মেরামত করেই যোগাযোগব্যবস্থা অব্যাহত রাখা হবে।