রাস্তা সংস্কার হলো গ্রামবাসীর শ্রমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে সাতটা। গ্রামের প্রতিটি পরিবারের একজন করে সদস্য এসেছেন। কারও হাতে কোদাল, কারও হাতে দা, কারও হাতে টুকরি আর কারও হাতে মাটি ফেলার বস্তা। সবাই প্রস্তুত। উদ্দেশ্য, গ্রামের সড়কটি সংস্কার আর সমপ্রসারণ করা। স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কাছে বহুবার আবেদন করার পরও কোনো কাজ হয়নি। শেষে গ্রামবাসীই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।২২ জুন শুক্রবার কার্বারি (পাড়াপ্রধান) হেমন্ত বিকাশ চাকমার নেতৃত্বে সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত একটানা কাজ করে সড়কটি সংস্কার করেন গ্রামবাসী। স্বেচ্ছাশ্রমে সড়ক সম্প্রসারণের এ ঘটনা ঘটেছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়া গ্রামে। বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র রিটেন চাকমা ও কলেজছাত্র অসীম চাকমা জানায়, রাস্তাটি কাদায় ভরা। প্রতিদিন স্কুল-কলেজে যেতে তাদের অসুবিধা হতো। গ্রামবাসী এ রাস্তা ব্যবহার না করে জমির আল দিয়ে আসা-যাওয়া করেন। এতে জমির আল ভেঙে যাচ্ছিল। এখন রাস্তা হলে সবারই উপকার হবে। যাতায়াতে কষ্ট হবে না।কৃষক ধনঞ্জয় চাকমা বলেন, ‘গ্রামবাসী এত দিন আমার জমির ওপর দিয়ে যাওয়া-আসা করতেন। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। কিন্তু সবার চলাচলের স্বার্থে দুর্ভোগ মেনে নিয়েছিলাম। রাস্তা সংস্কারের ফলে এখন আর আমার জমির আল দিয়ে এলাকাবাসী আসা-যাওয়া করবেন না। এতে অনেক ক্ষতি থেকে রক্ষা পাব।’কাজ করতে আসা ওপেন চাকমা, পুণ্য সিং চাকমা, শিবপ্রু চাকমা ও বাদাল্যে চাকমা জানান, রাস্তাটি সংস্কার আর সমপ্রসারণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বহুবার আবেদন করা হয়েছে। তিনি রাস্তা ঠিক করে দেবেন বললেও কাজ করেননি। গ্রামের কার্বারি হেমন্ত বিকাশ চাকমা বলেন, ‘এই সড়ক দিয়ে মেইল ধনপাড়া, রামতনুপাড়া, দীনবন্ধুপাড়া, মুনিপাড়া, প্রভু মুনিপাড়া, রঞ্জনপাড়া, অনিলপাড়ার শত শত মানুষ প্রতিদিন আসা-যাওয়া করে। জুমের খেতের ফসল এই রাস্তা দিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যান কৃষকেরা। রাস্তাটি সমপ্রসারণ হলে গাড়ি চলাচল করতে পারবে। এতে উৎপাদিত ফসলাদি বাজারজাত করার সুযোগ সৃষ্টি হবে।’ স্থানীয় ইউপি মেম্বার স্নেহ কুমার চাকমা বলেন, ‘২০০০ সালে এই রাস্তায় ইট বিছানো হয়েছিল। তবে এখন আবার এটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। রাস্তাটি সমপ্রসারণ করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেও কাজ হয়নি।’ স্থানীয় চেয়ারম্যান সমর বিকাশ চাকমা বলেন, ‘আগামীবার বরাদ্দ পেলে রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণ করা হবে।’ এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘একটি রাস্তার জন্য সাতটি গ্রামের মানুষ কষ্ট পাচ্ছে। শিগগিরই অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি সংস্কার ও সমপ্রসারণ করা হবে।’