কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের একটি গ্রাম তোতকখালী তাহের মুহাম্মদ ঘোনা। পাঁচ শতাধিক পরিবারে অন্তত চার হাজার মানুষের বসবাস এখানে। প্রধান সড়ক থেকে দূরত্ব মাত্র কয়েক শ গজ। কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতোই অবহেলিত গ্রামটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে অচল হয়ে পড়ে প্রধান দুটি সড়ক। নানা জায়গায় ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে গ্রামবাসীর হাতচাঁদায় নতুন করে তৈরি হলো রাস্তা।স্থানীয় লোকজন জানান, সড়ক সম্প্রসরাণ করেছোট গাড়ি চলাচলের উপযোগী করতে সম্প্রতি মাঠে নামেন গ্রামের বাসিন্দা বাদশা মিয়া, শাহ্ আলম, আমান উল্লাহ, নাছির উদ্দিনসহ অনেকে। গ্রামের প্রত্যেক বাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণের হাতচাঁদা তুলে গ্রামের মানুষ তৈরি করেন প্রায় ১০ কিলোমিটারের দুটি রাস্তা। গত ২৮ ডিসেম্বর রাস্তার নির্মাণকাজ শেষ হলে অটোরিকশা, টমটম ও রিকশা চলাচলের জন্য খুলে দেওয়া হয়।রাস্তার কাজে নিয়োজিত শ্রমিক নুরুল আমিন (৪০) ও শহীদুল্লাহ (৩৫) বলেন, রাস্তাটি সংস্কারে আমরা দৈনিক ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করেছি। পারিশ্রমিক একটু কম হলেও কষ্ট লাগেনি। কারণ এই রাস্তা দিয়েই আমাদের গ্রামের ছেলে-মেয়েরা হাঁটবে। স্থানীয় গৃহবধূ রাশেদা বেগম (৪৫) বলেন, ‘রাস্তাটি দরকার ছিল। তাই রাস্তাটি বড় হওয়ার জন্য নিজের কেনা জমি ছেড়ে দিয়েছি।’ রাস্তার উন্নয়নকাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত হিসাব রক্ষক আবুল কালাম জানান, রাস্তা নির্মাণে তাদের প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। সব টাকাই হাতচাঁদার। পিএমখালী সদরের বটতলী থেকে উত্তর দিকে তাহের মুহাম্মদ ঘোনা কবরস্থান পর্যন্ত এবং বটতলী থেকে দক্ষিণ দিকের পেয়ারাঘোনা পর্যন্ত দুটি সড়কে এখন স্বছন্দ চলাচল করছেন লোকজন।স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, ‘ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান-মেম্বাররা এখানে আসবেন তো দূরের কথা খোঁজখবরও নিচ্ছেন না। তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে রাস্তাটি তৈরি করেন। এখন রাস্তাটি তৈরি হওয়ায় ছভাইয়ারপাড়া, মাঝের ঘোনা, ভারুয়াখালী, ধমনখালী, পরানিয়া, মোহছেনিয়াপাড়া, পুরাকাটা ও সদরকাটা গ্রামের অন্তত ১০ হাজার মানুষ চলাচল করতে পারছেন। মুমূর্ষু রোগীকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হাসপাতালে নিতে কোনো সমস্যা হবে না। এ প্রসঙ্গে জানতে চাইলে পিএমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহীদুল্লাহ বলেন, ‘নির্বাচনের আগে তিনি কোনো ধরনের প্রতিশ্রুতি দেননি। প্রাপ্ত বরাদ্দ দিয়ে সব ওয়ার্ডে সমানভাবে কাজ করা হচ্ছে।’