
ইশিমা ওহাশি সেতু
খাড়া ঢাল বেয়ে সে সেতুর ওপরে উঠতে বা নামতে পাকা চালকের নাকি ঘাম ছুটে যায়, আর জানটাও চলে আসে হাতে। মূল রাস্তা থেকে ১৪৭ ফুট উচ্চতার খাড়া ঢাল উঠতে গিয়ে তিনি মনে করতেই পারেন, এ যেন রাস্তার মধ্যে আচমকা বসিয়ে রাখা একটি রোলার কোস্টার! ‘রোলার কোস্টার সেতু’ হিসেবে পরিচিত জাপানের এই সেতুটির নাম ইশিমা ওহাশি। ১ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ সেতুটি দেশটির নাকাউমি হ্রদের ওপর নির্মাণ করা হয়েছে। নাকাউমি হ্রদের দুই প্রান্তের মাতসুই ও সাকাইমিনাটো শহরকে এক করেছে ইশিমা ওহাশি সেতু।
আটলান্টিক ওশেন রোড
সে রাস্তায় চলতে চলতে শুধু একটি কথাই নাকি মনে হয়—সাগরে ভাসছি, নাকি রাস্তায় চলছি! চারপাশে সাগরের নোনা জল আর হঠাৎ চলন্ত গাড়িতে এসে লাগা ঢেউয়ের ঝাপটা এমনই ধন্দে ফেলে নরওয়ের পশ্চিম উপকূলের ‘আটলান্টিক মহাসাগর রাস্তা’। আটলান্টিক মহাসাগরের কূল ঘেঁষে বানানো ৮ দশমিক ৩ কিলোমিটার রাস্তাটি নরওয়ের মোন্ডেকে ও ক্রিসটিয়ানসান্ড শহরকে যুক্ত করেছে। এই পথ পেরোতে ছোট-বড় মোট আটটি সেতু পার হতে হয়। তবে ৮৫০ ফুট দৈর্ঘ্যের স্টোরসেইসানডে সেতুটির কথা আলাদা করেই বলতে হয়। সেতুতে ওঠার পর নিচের দিকে তাকালে মনে হয়, সামনের সেতুটি হয়তো ভাঙা কিংবা পানিতে ডুবে আছে! এমনই ভ্রমে ফেলা আটলান্টিক রোডের সবচেয়ে দীর্ঘ এই সেতুটি বিশ্বের বিপজ্জনক সেতুগুলোর একটি।
গ্রন্থনা: সজীবমিয়াসূত্র: দ্য আটলান্টিক রোড ডটওআরজি, ডেইলিমেইল, দ্যমিরর
