রাস্তাঘাট আগের চেয়ে খারাপ হয়েছে
>

সিটি মেয়রের ১০০ দিনের কর্মকাণ্ড সম্পর্কে বলেছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান
প্রথম আলো: মেয়রের দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্ণ হলো গত সোমবার। এর মধ্যে তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে কী পদক্ষেপ নিলেন?
মুহাম্মদ সিকান্দার খান: আমার মনে হয়, বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। ঝড়-বৃষ্টি হয়েছে অনেকবার। ফলে রাস্তাঘাটের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। তিনি এসব মেরামত করার সুযোগ পাননি। তাঁর প্রচেষ্টা হয়তো ছিল। কিন্তু কাজ হয়নি।
প্রথম আলো: সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনায় পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করার ব্যাপারে মেয়রের কোনো উদ্যোগ ছিল?
মুহাম্মদ সিকান্দার খান: মেয়রের প্রথম ১০০ দিন একভাবে চলে গেল। আমাদের মনে হচ্ছিল, তিনি সমাজের নানা স্তরের মানুষ, পেশাজীবী সংগঠন কিংবা নাগরিক সমাজের সঙ্গে আলাপ ও মতবিনিময়ের কাজ করবেন। কিন্তু সে রকম কিছু শুনিনি।
প্রথম আলো: সিটি করপোরেশনের সঙ্গে অন্য সেবাধর্মী সংস্থাগুলোর সম্পর্ক কেমন হওয়া উচিত বলে মনে করেন?
মুহাম্মদ সিকান্দর খান: নগরের উন্নয়নের জন্য সিটি করপোরেশনের সঙ্গে সব সেবা সংস্থার নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও রেলওয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। কেননা, নগরের বড় একটা জায়গাজুড়ে এসব সংস্থার অবস্থান। কিছু করতে হলে তাদের সহযোগিতা দরকার। অবশ্য এ ক্ষেত্রে সিডিএর সঙ্গে সিটি করপোরেশনের একধরনের বোঝাপড়া হয়েছে। এটাও খারাপ নয়। তবে অন্য সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন কি না, সেটা আমরা জানি না।
প্রথম আলো: ভবিষ্যতে মেয়রের কাছে কী প্রত্যাশা আপনার?
মুহাম্মদ সিকান্দর খান: আমরা আশা করব, নগরের উন্নয়নে ভবিষ্যতে তিনি অনেক পদক্ষেপ নেবেন। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর কথা মনে রাখবেন এবং পূরণে সচেষ্ট হবেন।
প্রথম আলো: মেয়রের ১০০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন কীভাবে?
মুহাম্মদ সিকান্দর খান: এই সময়ে ইতিবাচক কিছু কাজ করে দেখাতে সক্ষম হয়েছেন কি না, আমার জানা নেই। অবশ্য এখনো মূল্যায়ন করার মতো কোনো কাজ চোখে পড়েনি।