রাস্তার খাবারের উৎসব 'স্ট্রিট ফুড ফেস্ট'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে একটি রাস্তার খাবারের দোকান
নয়াদিল্লিতে একটি রাস্তার খাবারের দোকান

কথায় আছে ‘দিল্লির লাড্ডু যে খেলো সে পস্তাল, যে না খেলো সেও পস্তাল’। ইতিহাস-খ্যাত সেই দিল্লিতেই শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতের স্ট্রিট ফুড ফেস্ট বা ‘রাস্তার খাবার উৎসব’।
লাড্ডু থাকুক বা না থাকুক এখানে আছে ছোলা-বাটোরা, স্প্রিং রোল, মাছ-পাকোড়া, কাবাব থেকে শুরু করে মম, থুপ্পাসহ জিভে জল আনা নানা রসাল-ঝাঁজালো সব খাবারদাবার।
ভারতের রাজধানী নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ উত্সবের আয়োজক ‘ভারতের সড়ক-দোকানি জাতীয় সংঘ’ (এনএএসভিআই)। এর আগেও এমন দুটি উৎসব আয়োজন করলেও এবারের আয়োজন কলেবরে অনেক জমকালো। এবার ভারতের ১৯টি রাজ্যের ৪০০ সড়ক-দোকানিকে মোট ১২৭টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে জানিয়েছেন আয়োজক সংগঠনের সমন্বয়কারী অরবিন্দ সিং।
দেশের নানা প্রান্তের নানা সংস্কৃতির এসব খাদ্য-পানীয় চেখে দেখতে প্রতিদিন অন্তত পাঁচ হাজার লোক এ উত্সবে আসবেন বলেই আশা করছেন এর আয়োজকেরা।
কেরালা, কর্ণাটক, রাজস্থান, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের দোকানিরা খাবারের আয়োজন নিয়ে দোকান সাজিয়েছেন নেহরু স্টেডিয়ামের ভেতরে। এ ছাড়া এবারই প্রথম এ উৎসবে যোগ দিয়েছেন সিকিমের সড়ক-দোকানিরা।

প্রথম দিনেই তাঁদের আনা থুপ্পা (সিকিমের নুডলস স্যুপ) পুরোপুরি শেষ। ফলে নয়াদিল্লির অধিবাসীদের বাকি দুই দিন শুধু মোমো (সিকিম-নেপালের জনপ্রিয় পিঠা) খাওয়াতে পারবেন বলে জানিয়েছেন সিকিমের দোকানি রিনজং লেপচা। বন্ধু লাকেই লেপচাকে সঙ্গে করে খাবারের পসরা নিয়ে এমন আয়োজনে আসতে পেরে খুবই আনন্দিত সিকিমের এ দুই যুবক। খুশি না লুকিয়েই জানিয়েছেন সিকিমের বাড়িতে থেকেই দুই বন্ধু মিলে এখানে একটা খাবারের ব্যবসা চালু করা যায় কি না তা ভেবে দেখছেন তাঁরা।

সিকিমের যুবকেরা এবারই প্রথম এখানে এলেন। তবে কর্ণাটকের চেলুমনা এবং তাঁর পরিবার এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছেন এ রাস্তার খাবার উৎসবে। চেলুমনা জানান, এবার মুরগি আর মাছ ভাজা খাওয়াচ্ছেন তাঁরা। গতবার লোক সমাগম কম থাকলেও এবারের রমরমায় খুব খুশি বলেও জানালেন তিনি।

রাস্তার খাবার উত্সবে বিভিন্ন দোকানে নানা ধরনের খাবারের প্রতি প্লেট দাম ২০ থেকে ১৮০ রুপি পর্যন্ত। পাকোড়া ও বড়ার মতো খাবারের দামই সর্বনিম্ন আর কাবাব বা অন্যান্য মাংসের তৈরি খাবারের দামই সর্বোচ্চ।     

ক্রেতা-দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য তিন দিনের এ আয়োজনের প্রতিদিনই থাকছে বেশ কয়েকটি গানের দলের পরিবেশনা। সবাইকে কাছে টানতে জনপ্রিয় গানগুলোই গাইছেন তাঁরা।

নিজের মেয়েদের আর বন্ধুদের সঙ্গে নিয়ে উত্সবে আসা মলয়জ সিংহ জানালেন, ‘মুরগি ভাজা ও এমন কয়েকটি খাবার চেখে দেখেছি আমরা। খাবার ভালো লেগেছে এবং পরিবেশনাও ছিল স্বাস্থ্যসম্মত। আমার মেয়েরা গান উপভোগ করছে।’

উৎসবের শেষ দিন থাকছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অংশগ্রহণকারী দোকানিদের উত্সাহ দিতে পরিচ্ছন্নতা, সৃজনশীলতাসহ কয়েকটি বিভাগে পুরস্কৃত করা হবে। সবচেয়ে জনপ্রিয় দোকানিকে নগদ ২৫ হাজার রুপি পুরস্কার দেওয়া হবে। 

নয়াদিল্লিতে ‘জাতীয় রাস্তার খাবার উত্সব’ আয়োজকেরা এবার একটি পোস্টারও ছেপেছে। তাতে ইংরেজিতে লেখা মূল স্লোগানটির অর্থ অনেকটা এমনই—‘মরো মরো, রাস্তার খাবার না খেয়ে মরো না!’