রাস্তার ধারে শিমগাছের সারি লাভবান হচ্ছেন চাষিরা
গ্রামের নাম চরখিজিরপুর। কর্ণফুলী নদীর তীরঘেঁষা এ চর এলাকাটি একসময় বিখ্যাত ছিল শীতকালীন শাকসবজির জন্য। এলাকায় এলাকায় বসত সবজির হাট। ১০ বছর ধরে সবজির সমারোহের বদলে শোভা পাচ্ছে শিল্পকারখানা। কর্ণফুলী নদীকে ঘিরে গড়ে উঠেছে নানা শিল্পকারখানা। কমছে চাষাবাদের জমি। কমে গেছে সবজির উৎপাদন। তবুও ওই এলাকার বিভিন্ন সড়কের দুই ধারে শোভা পাচ্ছে সারি সারি শিমগাছ। থোকা থোকা শিমের সমারোহ দেখলেই মন জুড়িয়ে যায়। এমন শিম হাসি এনে দিয়েছে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকার চাষির মুখে।কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা কধুরখীল, চরণদ্বীপ ও খরণদ্বীপ ছাড়াও পাহাড়ি এলাকা জ্যৈষ্ঠপুরা এবং করলডেঙ্গায়ও ব্যাপক শীতকালীন সবজির চাষ হয়। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারেও সরবরাহ করা হচ্ছে এসব শিম। দেখা গেছে, চরখিজিরপুর এলাকার রাস্তা, খাল-বিল ও আলের ধারে ধারে লাগানো হয়েছে শিমগাছ। ছোট-বড় মেঠোপথ ও বাড়ির আঙিনায়ও প্রচুর চাষ হয়েছে শিমের। শিমের ফুল ও ফলন দেখে হাসছেন এলাকার চাষিরা। চাষি আবদুল হাকিম (৫০), মো. বাবুল (৩০) ও আবদুল নবী (৪৫) জানান, ১৫ বছর আগেও এ চরাঞ্চল ছিল চাষাবাদের জন্য নামকরা। শীতকালে মাঠের পর মাঠজুড়ে থাকত সবজিখেত। নারী-পুরুষ সবাই ব্যস্ত থাকতেন সবজি চাষ নিয়ে। এলাকায় এলাকায় বসত সবজির হাট। নৌকা-সাম্পান ও ট্রাকযোগে এখানকার সবজি সরবরাহ করা হতো নগরের বিভিন্ন বাজারে। স্থানীয় লোকজন জানান, ১০-১৫ বছর ধরে এ এলাকার প্রতি লোলুপ দৃষ্টি পড়ে নব্য শিল্পোদ্যোক্তাদের। কর্ণফুলী নদীকে ঘিরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠে শিল্পপ্রতিষ্ঠান। দখল হচ্ছে নদীর পাড়। ইতিমধ্যে চরাঞ্চলে গড়ে উঠেছে ডজনখানেক ছোট-বড় কারখানা ও ইটভাটা। দখল আর কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এ জন্য ফলন কমে গেছে আগের তুলনায়। দিন দিন কমছে চাষাবাদের উপযোগী জমি। চরখিজিরপুর এলাকার চাষি মো. আলী বলেন, ‘১০ বছর আগেও শুধু চাষাবাদের ওপর নির্ভরশীল ছিলাম। ধান আর শীতকালীন সবজি পরিবারের চাহিদা মিটিয়ে বাইরে বিক্রি করে চলে যেত বছর। এখন তো সেই অবস্থা নেই। কয়েক বছর ধরে রাস্তার ধারেই শিমচাষ করছি। চাষি আবুল মনছুরও বললেন একই কথা। তবে যেটুকু হয়েছে তাতেও খরচ উঠে লাভ যাবে বলে খুশি বলে জানালেন তাঁরা। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, বোয়ালখালীতে শীতকালীন সবজির মধ্যে এবার শিম ২৫ হেক্টর, বরবটি ১৫ হেক্টর, বেগুন ২০ হেক্টর, টমেটো ১৬ হেক্টর, ফুলকপি ৫ দশমিক ৬০ হেক্টর, বাঁধাকপি ৭ দশমিক ৬০ হেক্টর, মুলা ১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। অন্যান্য ফলনও হয়েছে ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, ‘বোয়ালখালীতে বিচ্ছিন্নভাবে শিমচাষ হয়। খাল-বিল ও নদীর তীরেও ভালো শীতকালীন সবজির আবাদ হয়। আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি।’