প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকদের অভিমত
রাস্তায় পার্কিং ও মোড়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে

রাস্তার ওপর অবৈধ গাড়ি পার্কিং ও মোড়ে এলোমেলোভাবে গণপরিবহনের যাত্রী ওঠানামার কারণে নগরে যানজট সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাও যানজট বাড়াচ্ছে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও ভুক্তভোগী ব্যক্তিরা।
গতকাল শনিবার সকালে প্রথম আলো আয়োজিত ‘যানজটে স্থবির চট্টগ্রাম: করণীয় কী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব মতামত তুলে ধরা হয়। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, যানজট এখন এই শহরের বড় সমস্যা। যানজটের কারণে এক রকম স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় আমরা আপনাদের মতামত শুনতে চাই। তাই এই গোলটেবিলের আয়োজন।
বৈঠকে বিশেষজ্ঞরা যানজট নিরসনে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে ছোট গাড়ি নিরুৎসাহিত করা এবং গণপরিবহন বাড়ানোর ওপর জোর দিয়েছেন তঁারা।
বৈঠকের যানজটের ভুক্তভোগী স্কুলশিক্ষিকা পল্লবী খাস্তগীর তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি প্রতিদিন শহর থেকে ৩৮ কিলোমিটার দূরের ফটিকছড়ির কর্মস্থলে আসা-যাওয়া করি। গন্তব্যে পৌঁছাতে ১ ঘণ্টা ২০ মিনিটের মতো লাগার কথা। সেখানে এখন লাগে আড়াই ঘণ্টা। মুরাদপুর থেকে শুরু হয় যানজট। মোড়ে ইচ্ছামতো গাড়ি পার্ক করে রাখা হয়। অক্সিজেন মোড়ে গিয়েও একই অবস্থা। চালকেরা খেয়ালখুশি মতো গাড়ি চালান। কে কার আগে যাবে, গাড়িগুলোর ওই প্রতিযোগিতায় থাকে। কারও কিছুই বলার নেই। অক্সিজেন থেকে হাটহাজারীতে গিয়ে পড়ি আরেক যানজটে। সড়কের ওপর সিএনজিচালিত অটোরিকশাগুলো দাঁড়িয়ে থাকে। দেখি ট্রাফিক পুলিশও আছে। কিন্তু পুলিশ তাদের কিছু বলে না। আসার সময়ও একই অবস্থা।’
বৈঠকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম কমার্শিয়াল হাব। বিশ্বমানের বন্দর আছে এখানে। চট্টগ্রামকে বিশ্বমানের শহর করতে হবে। না হলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে যাবে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কিছুদিন আগে একজন বিদেশি ক্রেতা বিমানবন্দর থেকে নেমে বন্দর এলাকায় এলেন। সেখান থেকে তাঁর কর্মস্থল কালুরঘাটে যেতে আড়াই ঘণ্টা লাগল। একজন বিদেশি বিনিয়োগকারীকে ১৪ কিলোমিটার রাস্তা যদি আড়াই ঘণ্টায় পাড়ি দিতে হয়, তাহলে বিনিয়োগ কীভাবে আসবে। এটা বড় প্রশ্ন।
তিনি বলেন, ‘আমার যদি ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে তিন ঘণ্টা রাস্তায় থাকতে হয় তাহলে ব্যবসা কীভাবে হবে। কিংবা একটি ট্রাকের যদি চার ঘণ্টা রাস্তায় অলস সময় কেটে যায় তখন দিন শেষে এর মূল্য দিতে হবে ভোক্তাদের। কারণ এতে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে।’
যানজট নিরসনে সড়ক দখলমুক্ত করার ওপর জোর দিয়ে মাহবুবুল আলম বলেন, ‘আমাদের প্রধান সড়ক ৮০ ফুট প্রশস্ত। কিন্তু রাস্তা তো বেদখল। যদি রাস্তা দখলমুক্ত করা যায়, তাহলে যানজট ৯০ শতাংশ কমে যাবে।’ তিনি চট্টগ্রাম বন্দরের সামনের জায়গা যানজটমুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মাহবুবুল আলম বলেন, ‘আমাদের দেশে বিপণিকেন্দ্রে কোনো পার্কিং নেই। বিদেশে আছে। আর আমাদের গণপরিবহন বাড়াতে হবে। আমরা একটি গাড়ি করে চারজন লোক চলাফেরা করি। কিন্তু একটি বাসে ৪০ জন লোক যেতে পারে। তাহলে কেন আমরা শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু করছি না।’
বৈঠকে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি এবং গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া যানজট নিরসনে সবার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমরা যে কাজগুলো করছি যানজট নিরসনে সেগুলো কি অতীত থেকে শিক্ষা নিয়ে করছি, নাকি নিজেদের পছন্দমতো কাজগুলো করে যাচ্ছি? বিশেষজ্ঞদের সুপারিশ মেনে চলব, নাকি নিজেদের ইচ্ছাগুলোকে পূরণ করব?’
তিনি আরও বলেন, ‘যানজটের সমস্যা সমাধান করব, এ জন্য একটি গাইডলাইন দেওয়া আছে। সেই গাইডলাইন আমরা মেনে চলছি না। ১৯৯৫ সালের মহাপরিকল্পনায় কুয়াইশ-অক্সিজেন সড়কটি আউটার রিং রোড হিসেবে ছিল। কিন্তু সড়কটি ওই পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আমরা টাকাটা খরচ করেছি। ওই সড়কে এখনই যানজট হচ্ছে।’
সুভাষ বড়ুয়া বলেন, পরিবহন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনা একটি কঠিন বিষয়। এটিকে টেকসই করতে হলে বর্তমানের কথা যেমন ভাবতে হবে, তেমনি ভবিষ্যতের কথাও মাথায় রাখতে হবে। কিন্তু ভবিষ্যতের সেই চিন্তা করা হচ্ছে না। যা করা হচ্ছে, তাতে পুরো শহরটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এদিকে আমরা গণপরিবহনকে উৎসাহিত করছি না। ছোট গাড়িকে উৎসাহ দিচ্ছি। তা ছাড়া বিমানবন্দর সড়কে কনটেইনার টার্মিনাল কেন হবে? পরিকল্পনার যে একটি বিভাগ লাগবে, সেই বিভাগ কোথায়? এই কাজগুলো করবেন পরিকল্পনাবিদেরা। কিন্তু সেটা হচ্ছে না। কোন সড়কে কোন ধরনের গাড়ি চলবে, সেটা নির্ধারণ করবেন পরিকল্পনাবিদেরা। উড়ালসড়কের কারণে যেখানে আগে যানজট হতো না, সেখানেও হচ্ছে।
সুপারিশ দিয়ে সুভাষ বড়ুয়া বলেন, যদি সড়কের মোড়ে শৃঙ্খলা এনে পার্কিং নিয়ন্ত্রণ করে রিকশার জন্য আলাদা লেন করা যায়, তাহলে যানজট অনেক কমবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, মানবজট কমানো না গেলে যানজট কমবে না। উত্তরবঙ্গ থেকে মানুষ আসছে কাজের তাগিদে। উপজেলা থেকে মানুষ আসছে স্বাস্থ্য, শিক্ষা কিংবা কেনাকাটার জন্য। কিন্তু আমরা উপজেলা পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে পারিনি। তাই মানুষের ভিড় বাড়ছে, যানজটও বাড়ছে শহরে।
তিনি বলেন, আগে গণপরিবহনের লেট ফাইন (বিলম্ব জরিমানা) ছিল। লাইন ব্যবস্থাপনা ছিল। এখন নেই। গাড়ি এক যাত্রাপথ থেকে অন্য যাত্রাপথে চলে যাচ্ছে। তার পারমিট অনুযায়ী সে এটা করতে পারে না। যাত্রাপথ পরিবর্তনের জন্য যদি কাউকে আটক করেন, তাহলে আমরা কিছু বলব না। ফিটনেসের জন্য আটক করলে আমরা আন্দোলন করব না। এখন তো গাড়ির ফিটনেস সনদ দেখাই হচ্ছে না, এগুলো দেখা হচ্ছে না।
মৃণাল চৌধুরী আরও বলেন, ‘আমরা মূল কারণ ধরতে না পারলে পরিকল্পনা করে লাভ নেই। বছরে ৩০ হাজার গাড়ির চাহিদা বাড়ছে। কিন্তু চালক পাঁচ থেকে ছয় হাজার। তাঁদের প্রশিক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নেই। ফলে যিনি আজ কৃষিকাজ করছেন, কাল তিনি বাসচালক। হঠাৎ করে উন্নতি বড় সমস্যা। যার কারণে চালক জানে না আইন কী বলে।’
তিনি স্কুলগুলোর সামনে ছোট গাড়ি জটলাকে যানজটের অন্যতম কারণ বলে মনে করেন। তিনি বলেন, এ জন্য দরকার বাস। কর্ণফুলী সেতুতে যানজটের জন্য চালকেরা যেমন দায়ী, তেমনি রাজনৈতিক চাপও রয়েছে। নানামুখী চাপ পুলিশের কাছেও আসে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ট্রান্সপোটেশন বিশেষজ্ঞ মাহমুদ ওমর ইমাম বৈঠকে বলেন, চট্টগ্রাম নগরের যানজট নিরসনে বহদ্দারহাট উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে বাস্তবায়ন করার কথা ছিল, তা করা হয়নি। ফলে এটি এখন ওভারপাস হয়ে গেছে।
তিনি বলেন, মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত উড়ালসড়কের সম্ভাব্যতা যাচাই করার বিষয়টি তখন এল, যখন এটি বিমানবন্দর পর্যন্ত বর্ধিত করার কথা আসছে। লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত উড়ালসড়কের পরিকল্পনা থাকলেও এখন শোনা যাচ্ছে এটি বারিক বিল্ডিং থেকে শুরু হয়ে কাঠগড় পর্যন্ত যাবে। কিন্তু সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল পুরো উড়ালসড়কের জন্য। আর এভাবে নকশা পরিবর্তনের ফলে প্রকল্প ব্যয় অনেক বেড়ে যাবে। এর সুফল পাওয়া যাবে না।
চুয়েটের এই জ্যেষ্ঠ শিক্ষক বলেন, নগরের যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে বিভিন্ন মোড়ে গাড়ির রাইট টার্নিং (ডানে বাঁক নেওয়া) ব্যবস্থা বন্ধ রাখা যায়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসা গাড়িগুলোর জন্য আলাদা লেন করা যেতে পারে। ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন কৌশল প্রয়োগ করা হলে নগরের যানজট অর্ধেকে নেমে আসবে। তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ের মাধ্যমে কাজ করলে যানজট নিরসনের ব্যবস্থা অনেকটা কার্যকর হবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বলেন, ‘যানজটের ব্যাপারে আমরা সচেতন নই। পর্যাপ্ত রাস্তা নেই। অনেক রাস্তা পার্ক করা গাড়ি ও হকারের দখলে। শেখ মুজিব সড়কে গাড়ির পার্টস কেনাবেচা ও তা সংযোজনের জন্য রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। তাতে রাস্তাটি সরু হয়ে যায়। অথচ ওই সড়কটি প্রায় ৮৫ ফুট প্রশস্ত।’
তিনি বলেন, মোড় মুক্ত না থাকলে যানজট হবে। অন্যান্য দেশে ট্যাক্সি চলে মিটারে। আমাদের এখানে চলে না। যার কারণে কীভাবে উল্টো পথে গিয়ে বের হবেন, ওই চিন্তা করেন চালকেরা। যদি মিটারে চলত, তাহলে ট্রাফিক আইন মেনেই চালক চলতেন। কারণ অপেক্ষার বিল যাত্রী দেবেন।
তিনি আরও বলেন, ট্রাফিক এবং সড়ক ব্যবস্থাপনা ঠিক হলে ৫০ শতাংশ জট কমে যাবে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান বলেন, দেশের প্রধান বন্দর ও বড় শহরের একটি হচ্ছে চট্টগ্রাম। সমুদ্রপথের আমদানি-রপ্তানির ৯০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। ১৯৭৮ সালের পর এই শহরে জনসংখ্যা ও গাড়ি প্রায় ১৫ থেকে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। বিগত পাঁচ বছরে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য দ্বিগুণ হয়েছে। রূপকল্প ২০২১ বাস্তবায়িত হলে তা আরও দ্বিগুণ হবে। ২০৪১–এ উন্নত দেশের যে স্বপ্ন, সেটি বাস্তবায়িত হলে তখন কী হবে? তাই এসব মাথায় নিয়ে পরিকল্পনা করতে হবে। না হলে শহর স্থবির হয়ে যাবে। এ জন্য কৌশলগত পরিকল্পনা এখনই দরকার।
মাসুদ উল হাসান বলেন, চট্টগ্রাম শহরের ট্রাফিক–ব্যবস্থা জটিল প্রকৃতির। একই রাস্তা দিয়ে ধীর ও দ্রুতগতির গাড়ি চলছে। রাস্তাগুলোও উঁচু-নিচু। বিআরটিএর পরিসংখ্যান অনুযায়ী, যে সব গাড়ি কেনা হয় তার ৮০ ভাগই ব্যক্তিগত। আর গণপরিবহন কেনা হয় মাত্র ৬ থেকে ৭ শতাংশ। এখানে ব্যক্তিগত গাড়ি কেনার প্রতিযোগিতা আছে। এভাবে চলতে থাকলে গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে না।
নগরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মাসুদ উল হাসান। নগরের যানজট নিরসনে সিটি করপোরেশনের মেয়রকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠনের ওপর জোর দেন তিনি। বৈঠকে তিনি বলেন, মেয়র কিছু কিছু পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। সব তাঁর একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
মাসুদ উল হাসান বলেন, এখন নগরের সব গাড়ি নির্দিষ্ট সার্কেলের মাধ্যমে আনার চেষ্টা করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে গাড়িচালক ও মালিকদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে, তা বন্ধ হয়ে যাবে। তবে এটি কঠিন কাজ।
তিনি আরও বলেন, নগরে সন্ধ্যায় গণপরিবহন পাওয়া যায় না। তখন অধিকাংশ বাস ইপিজেডের শ্রমিকদের বহনের কাজে ব্যবহার হয়। সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করতে বারবার বলা হলেও তা বাস্তবায়ন হয়নি।
ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন একবার ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা না করে নগরে সংকেত বাতি স্থাপন করে। কিন্তু কোনো কাজে আসেনি।
তিনি বলেন, নগরে বৈধ পার্কিং বলতে কিছু নেই। সব অবৈধ পার্কিং। তবে গাড়ি পার্কিংয়ের জন্য ৪৩টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বিনা ফি কিংবা ফির বিনিময়ে চার লেনের সড়কের এক লেন পার্কিংয়ের জন্য দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এ ছাড়া নগরের সড়কদ্বীপ ও গোলচত্বরগুলোর নকশায় ত্রুটি রয়েছে। জরিপ করে এসব ত্রুটি খুঁজে বের করতে হবে। এরপর সংস্কার করতে হবে। তবে মানুষের মন-মানসিকতার পরিবর্তন না হলে যত পদক্ষেপই নেওয়া হোক তার সুফল পাওয়া যাবে না।
যানজট নিরসনে ১০ সুপারিশ
ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা
মোড়গুলোতে নির্দিষ্ট স্টপেজ চালু
সড়ক সংস্কারের জন্য সিটি করপোরেশনের তদারকি সেল গঠন করতে হবে
বন্দরে পণ্য পরিবহনের জন্য আসা ট্রাক, কাভার্ড ভ্যানের জন্য নির্দিষ্ট টার্মিনাল নির্মাণ
গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি এবং এ ব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করা
বিপণিকেন্দ্রে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে
ধীর ও দ্রুতগতির গাড়ির জন্য আলাদা লেন চালু
চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা
ট্রাফিক আইনের ব্যাপারে জনগণ ও চালকদের সচেতনতার জন্য প্রচারণা চালানো
সড়কদ্বীপ ও গোলচত্বরের নির্মাণত্রুটি বের করে সংস্কার করা