রাস্তায় সাবধানে চলাফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেললাইন বা রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা ও হেডফোন দিয়ে গান শোনা থেকে বিরত থাকুন। মডেল: নোবেল, ছবি: অধুনা
রেললাইন বা রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা ও হেডফোন দিয়ে গান শোনা থেকে বিরত থাকুন। মডেল: নোবেল, ছবি: অধুনা

গান শোনার অনুষঙ্গ হিসেবে হেডফোন থাকা চাই-ই আজকালের তরুণ-তরুণীদের। এই হেডফোন নিংসঙ্গতায় আপনাকে যেমন দিতে পারে ভালো সঙ্গ, তেমনি একটু অসতর্কতায় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।  সম্প্রতি যেমনটি হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর গওহরের বেলায়। ১৭ ফেব্রুয়ারি সকালবেলা টিউশনির উদ্দেশে বাসা থেকে বেরিয়ে তিনি হাঁটছিলেন রেললাইনের ওপর দিয়ে। কানে ছিল হেডফোন। রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটে পৌঁছে রেলক্রসিং পার হওয়ার সময় ঘটল দুর্ঘটনা। পেছন দিক থেকে আসছিল ট্রেন। তানভীর শুনতে পাননি ট্রেনের আওয়াজ। যা ঘটার তা-ই ঘটল। ট্রেনের ধাক্কায় মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্নপ্রদীপ।
ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে অনেকেই রেললাইন ধরে কিংবা রাস্তায় হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে হাঁটেন। এ সময় গান শুনে আনমনা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই হাঁটার সময় কানে হেডফোন নয়। এইটুকু সতর্কতা আপনাকে দিতে পারে পরবর্তী সময়ে গান শোনার সুযোগ। শুধু কি হেডফোনেরই দায়? রাস্তায় বেরোলেই তো দেখা যায়, ট্রাফিক সিগন্যাল না মেনে রাস্তা পার হচ্ছেন অনেকে। হয়তো আপনার অফিস বা কাজের তাড়া রয়েছে কিংবা প্রায় অভ্যাসবশত এ কাজ করছেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন পাঁচ মিনিট আগে পৌঁছানোর জন্য আপনি যা করছেন, তা কতটা বিপজ্জনক? রেস লাগিয়ে মোটরসাইকেল আরোহীরাও মাঝেমধ্যে ট্রাফিক নিয়মকে এড়িয়ে চলেন বা বিপরীত দিক থেকে চলে আসেন। কিন্তু এমন মুহূর্তে যে লোক রাস্তা পার হচ্ছেন, তিনি কি জানেন বিপরীত দিক থেকে গাড়ি আসছে। কারণ, বিপরীত দিক থেকে তো গাড়ি আসার কথা নয়। তাই গাড়িচালক অথবা রাস্তা চলাচলকারী যে-ই হোন, ট্রাফিক আইন মেনে চলুন।
রাস্তা পার হওয়ার সময় মেনে চলুন কয়েকটি নিয়ম। রাস্তা পারাপারিদের জন্য এসব পরামর্শ দিয়েছেন শাহবাগ ট্রাফিক পুলিশ জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মাহফুজা আক্তার।
* জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হোন।
* ফুটওভারব্রিজ ব্যবহার করুন।
* রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকুন।
* যেখানে জেব্রা ক্রসিং নেই সেখানে সামনে-পেছনে, ডানে-বাঁয়ে তাকিয়ে রাস্তা পার হোন।
* তাড়াহুড়া করে রাস্তা পার হবেন না।
* মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।