রাহাত আলী উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা সকাল আটটার ঘর ছুঁই ছুঁই করছে। পটিয়া এএস (আবদুস্ সোবহান) রাহাত আলী উচ্চবিদ্যালয়ের ৯৬ ব্যাচের ছাত্রদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিদ্যালয় অঙ্গন। কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী আবার কেউ ব্যবসায়ী। সবাই এসেছেন পুনর্মিলনীতে অংশ নিতে। ১৪ বছর পর বন্ধুরা একে অপরকে বুকে জড়িয়ে ধরছেন, মেতে উঠছেন হাসাহাসি আর উচ্ছ্বাসে। তাঁরা জানতে চাইছেন পরস্পরের কুশল। স্মৃতি হাতড়ে বলাবলি করছেন ‘হ্যাঁরে দোস্ত! বিদ্যালয়ের ফটক, পুরোনো দালান—সবই যেন বদলে গেছে, কৃষ্ণচূড়া গাছটা নেই’—ইত্যাকার নানা কথা। এভাবে আনন্দঘন পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হলো এএস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের ছাত্রদের মিলনমেলা।পুনর্মিলনী উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুস্ সোবহানের কবর জেয়ারতের মধ্য দিয়ে। এর আগে সবাই শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান। শুরুতে রশীদ এনামের সঞ্চালনায় একে একে ছাত্রজীবনের স্মৃতিচারণ ও অনুভূতি জানান প্রাক্তন ছাত্ররা। এসব কথায় উঠে আসে শ্রেণীকক্ষের টুলে কখনো গাদাগাদি করে বসা, বিদ্যালয় পালিয়ে চলচ্চিত্র দেখা কিংবা ক্রিকেট ম্যাচ উপভোগ করা, পরদিন শ্রেণীকক্ষে এসে শিক্ষকের হাতে রামধোলাই খাওয়া, প্রিয় শিক্ষকদের স্নেহ-আদর আরও কত কি ! স্মৃতিচারণ শেষে আলোচনা পর্বে বিদ্যালয়ের সাবেক ছাত্র, চিকিত্সক নুরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক। প্রধান অতিথি নিজ নিজ কর্মস্থলে থেকে দেশের উন্নয়ন ও সমাজের অবহেলিত মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি ছাত্র-শিক্ষকের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং পাঠ্যবইয়ের পাশাপাশি মননশীলতার বিকাশে এগিয়ে আসার ওপর জোর দেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ বিকাশ দাশ। তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে অবদান রাখার ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদের মধ্যে জ্যেষ্ঠ শিক্ষক আহমেদ শরীফ আজাদ, লিয়াকত হোসেন, সাবেক ছাত্র আবু হাসান, আসাদ উজ্জামান, আমির হোসেন, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। শেষে পুনর্মিলনী সংকলন ইশকুল বেলার মোড়ক উন্মোচন এবং অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।