রাহিমার স্বপ্ন কি পুড়ে ছাই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ে গেছে রাহিমার ঘর, রাহিমার স্বপ্ন l ছবি: প্রথম আলো
আগুনে পুড়ে গেছে রাহিমার ঘর, রাহিমার স্বপ্ন l ছবি: প্রথম আলো

‘আছেলে ঘরডা। হেইডাও পোড়াইয়া দেলো। অ্যাহন আমার সব স্বপ্নই শ্যাষ।’ দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বললেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের গৃহবধূ রাহিমা বেগম। গত ২৮ সেপ্টেম্বর তাঁর স্বামী মাসুম বিল্লাহ বাড়িতে আগুন লাগিয়ে দেন। এতে রাহিমার মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু নিশ্চিহ্ন হয়ে গেছে। নয় বছরের সন্তান রামীমকে নিয়ে তিনি এখন দিশেহারা।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, রাহিমার স্বামী একজন মাদকাসক্ত। তিনি কখনোই সংসারের খরচ দিতেন না। সংসার আগলে রাখতে রাহিমাকেই সব দায়িত্ব পালন করতে হতো। প্রতিদিন রাহিমার কাছে নেশা করার টাকা চাইতেন। টাকা না দিলে ঘরের মালপত্র ভাঙচুর তো করতেন, স্ত্রীকেও মারধর করতেন।
ঘটনার দিনও নেশা করার জন্য স্বামী টাকা চেয়েছিলেন—জানালেন রাহিমা বেগম। টাকা না দেওয়ায় দিনের বেলা ঘরে আগুন লাগিয়ে দেন। আগুনে ঘরের আসবাব, কাপড় সব পুড়ে যায়। রাহিমার জীবিকার অবলম্বন ছিল যে সেলাইমেশিনটি, সেটিও পুড়ে যায়। পরনের একটি কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি তাঁর।

১৪ অক্টোবর রাহিমার বাড়িতে গিয়ে দেখা গেল, সুনসান নীরবতা। এক সপ্তাহ আগে এই বাড়িতে যে একটা বড় বিপদ হয়েছে, তা বোঝা যায় চারদিকে তাকিয়েই। যেখানে থাকার ঘর ছিল সে ভিটার ওপর পোড়া টিন এবং কাঠ পড়ে আছে। রাহিমা সন্তানকে নিয়ে পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

পটুয়াখালীর তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী গ্রামের মাসুমের সঙ্গে প্রায় ১৬ বছর আগে রাহিমার বিয়ে হয়। বিয়ের পর রাহিমার বাবা জামাইকে একটি অটোরিকশা দেন। স্ত্রীকে না জানিয়ে কিছুদিন পর অটোরিকশাটি বিক্রি করে দেন এবং টাকাও খরচ করে ফেলেন মাসুম বিল্লাহ। এরপর রাহিমা আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার করে এবং নিজের জমানো কিছু টাকা দিয়ে আবার মোটরসাইকেল কিনে দেন স্বামীকে।

একসময় দেখা গেল, মাসুম বিল্লাহ মাদকাসক্ত হয়ে পড়েছেন। ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। উপায় না পেয়ে রাহিমাকেই সংসারের হাল ধরার চিন্তা করতে হলো। একটি প্রতিষ্ঠানে সেলাইয়ের কাজ শিখলেন রাহিমা। ঘরে বসেই সেলাইয়ের কাজ শুরু করলেন। গ্রামের নারীরা তাঁর কাছ থেকে নানা কাজ করিয়ে নিতেন। ধীরে ধীরে আয় বাড়তে থাকল। এই আয় দিয়ে সংসার ভালোই চলে যাচ্ছিল।

রাহিমা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে মাসুম নানা ছলছুতায় আমারে মাইরধর করত। একদিন পর পর মাইর দিত। অরে বুঝাইয়া ভালো করার চেষ্টাও করছি। ২৬ সেপ্টেম্বর রাইতেও আমারে মাইরধর করছে। আমার ডাকচিৎকার হুইন্যা আশপাশের লোকজন আইয়া আমারে উদ্ধার করছে।’

ঘটনার পরই সালিস বসেছিল গ্রামে। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রফুল্ল চন্দ্র হাওলাদার বলেন, ‘আমরা ঘর পোড়ার পর সালিস বিচারে বসছিলাম। মাসুম বিল্লাহ বলছিল সব ঠিক করে ফেলবে। কিন্তু কথা রাখেনি। উল্টো রাহিমাকে মাসুমের পরিবার নানা ধরনের ভয়ভীতি দেখাইতেছে।’

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, ‘আগুন দেওয়ার পর অমানুষ, মাদকসেবী মাসুমকে এলাকার লোকজন ধাওয়া করে ধরে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় রাহিমা থানায় একটি মামলা করেছেন। মাসুম এখন জেলহাজতে রয়েছেন।’

ফিরে আসার সময় আবার কথা হলো রাহিমার সঙ্গে। বললেন, ‘আমার মাথা গোঁজার ঠাঁই নাই। অ্যাহন সন্তানডারে লইয়া খাওনের চিন্তা করমু, না থাহনের চিন্তা করমু? বাবার বাড়িতে পাওয়া সম্পত্তি বিক্রির টাহায় সলিমপুর গ্রামে ছোট্ট একটা জায়গা কিন্যা টিনের ঘর উডাইছেলাম। সন্তানডারে লইয়া কত স্বপ্ন দেখছি। অ্যাহন আমার সবই শ্যাষ। কইতে গেলে আমার স্বপ্নডা ওই পাষণ্ড ছাই কইর‍্যা দেছে।’