রাহুলের অপেক্ষায় কংগ্রেস
ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান দল কংগ্রেসের জন্য চলতি বছরটি হতে পারে নেতৃত্বে পরিবর্তনের বছর। দলের ভেতরে জোর গুঞ্জন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও বর্তমান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী কংগ্রেসের আরও জ্যেষ্ঠ ও সক্রিয় নেতৃত্বে উঠে আসতে পারেন। আর সেটা হতে পারে কয়েক মাসের মধ্যেই।কংগ্রেসের শীর্ষ মহলের সূত্রে জানা গেছে, সোনিয়া চান রাহুল দলের কার্যকরী সভাপতির পদ গ্রহণ করুন। এতে করে তিনি দলে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারেন। আর এটা হবে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার পথে রাহুলের আরও এক ধাপ এগিয়ে যাওয়া। জানা গেছে, মায়ের ইচ্ছা থাকলেও রাহুল মনে করেন, তিনি এখনো ওই পদের জন্য তৈরি নন। তবে দলের মধ্যে আরও সক্রিয় ভূমিকা নিতে রাজি হয়েছেন বর্তমানে সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল।এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর মন্ত্রিসভা ও দল—উভয়েই রদবদলের পরিকল্পনা রয়েছে মনমোহন-সোনিয়া জুটির। মন্ত্রিসভা থেকে অনেক প্রভাবশালী জ্যেষ্ঠ নেতাকে সরিয়ে দিয়ে তাঁদের দলের সঙ্গে যুক্ত করা হতে পারে। মিডিয়ায় উল্টোটা বলা হলেও ‘টিম রাহুলে’ শুধু তাঁর আওতার তরুণ তুর্কিরাই নন, থাকবেন সঞ্জয় ও রাজীব গান্ধীর সময়ের অভিজ্ঞ নেতারাও। মন্ত্রিসভায় রদবদল হলে অনেক নতুন মুখ দেখা যেতে পারে। আসতে পারেন অভিষেক মানু সিংভি, মনীশ তিওয়ারি, তরুণ আদিবাসী নেতা গজেন্দ্র সিং রাজু খেরি, অনলবর্ষী তরুণ নেতা মনিকা ঠাকুর ও বিজয় ইন্দার সিংলা।দলীয় এমপিদের অভিযোগ, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রথম সরকারের সঙ্গে দ্বিতীয়বার গঠিত সরকারের কোনো পার্থক্য নেই।২০০৯ সালে ইউপিএ দ্বিতীয়বার ক্ষমতায় এলে কংগ্রেসের সদর দপ্তরে ঘোষণা করা হয়েছিল, এবারের মন্ত্রিসভায় পরিবর্তন আসবে। এরপর কংগ্রেসের সাধারণ সম্পাদকদের মধ্যে চারজন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পান। বাকি পাঁচজনের মধ্যে একমাত্র দিগ্বীজয় সিংয়ের সঙ্গেই বোঝাপড়া ভালো রাহুলের। বলা হচ্ছে, রাহুলের ওপর দলের দায়িত্ব যখন আরও বেশি করে বর্তাবে, তখন তাঁর দরকার হবে এমন একটি দলের, যারা পরামর্শদাতা হওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে সহচরের মতোই চলবেন। রাহুল গান্ধী অবশ্য ইতিমধ্যে নিজের মতো করে একটি দল গড়তে শুরু করেছেন। তরুণ এই নেতারা দলের সদর দপ্তরে কাজ না করে রাহুলের তুঘলক লেনের বাসভবনেই বেশি সময় কাটান। তাঁদের মধ্যে আছেন মিলিন্দ দেওরা, দীপেন্দর হুড়া, জীতিন প্রসাদ, সন্দ্বীপ দীক্ষিত, শচীন পাইলট প্রমুখ। চলতি মাসের শুরুর দিকে সোনিয়ার একটি বিবৃতি মনোযোগ কেড়েছে কংগ্রেস নেতাদের। প্রয়াত স্বাধীনতা-সংগ্রামী রণবীর সিং হুড়ার সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে সোনিয়া ‘সময়মতো’ রাজনীতি থেকে অবসর নেওয়ার জন্য রণবীরের প্রশংসা করেন। রণবীর ৬৪ বছর বয়সে অবসর নিয়েছিলেন। অনেকেই বলেছেন, এটি শুধু জ্যেষ্ঠ মন্ত্রীদের ইঁদুর দৌড় বন্ধের তাগিদই নয়, এতে নিজেরও আসন্ন অবসরের ইঙ্গিত দিয়েছেন সোনিয়া। ভারতকে নিজের দেশ করা এ ইতালীয় বংশোদ্ভূত নারীর বয়সও এখন ঠিক ৬৪! অনেক দিন রাহুল নিজেকে সীমাবদ্ধ রাখেন দলের একজন সাধারণ সম্পাদক হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্বের মধ্যে। সম্প্রতি তিনি তাঁর সংশ্লিষ্টতা বাড়াচ্ছেন। তবে তাও অনানুষ্ঠানিকভাবে। যেমন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বা এম করুণানিধি সোনিয়ার সঙ্গে ১০ জনপথে সাক্ষাৎ করার সময় উপস্থিত ছিলেন রাহুলও। দলের তরুণ শাখার বাইরের কোনো বিষয়ে কিছু জিজ্ঞেস করা হলে রাহুল বলেন, তিনি অন্যতম সাধারণ সম্পাদক মাত্র। সব বিষয়ে কথা বলার অনুমতি নেই তাঁর। কিন্তু কার্যকরী সভাপতি হলে রাহুলের কর্তৃত্বের পরিধি অনেক বাড়বে। সোনিয়া তখন হয়তো ইউপিএর চেয়ারপারসনের দায়িত্ব পালনের পাশাপাশি ‘রাজমাতা’র মতো একটি ভূমিকা নিয়ে কংগ্রেসের দেখভাল করবেন।রাহুলের ‘নিজের রাজ্য’ উত্তর প্রদেশে কিন্তু তাঁর অবস্থা এ মুহূর্তে তেমন আশাপ্রদ মনে হচ্ছে না। সম্প্রতি উত্তর প্রদেশ সফরকালে একদল তরুণ কর্মীর সঙ্গে বৈঠক করেন রাহুল। বৈঠকে তিনি বলেন, এই রাজ্যকে এগিয়ে নিতে হলে মায়াবতীর আসন নড়বড়ে করতে হবে। তখন এক কর্মী দাঁড়িয়ে বলেন, ‘মায়াবতীকে নড়াতে হলে প্রিয়াঙ্কাকে নিয়ে আসুন।’ ইন্ডিয়া টুডের এক জরিপে দেখা যায়, রাহুলের জনপ্রিয়তা মাত্র ছয় মাসে ৯ পয়েন্ট কমে গেছে। সোনিয়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন, দলীয় কর্মী-সমর্থকদের রাহুলের বদলে তাঁর বোন প্রিয়াঙ্কার দিকে ঝুঁকে পড়া ঠেকাতে তাঁকে দ্রুত উদ্যোগ নিতে হবে। বিহারের পর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বাজে ফল রাহুলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এ জন্য আগেই তাঁর নেতৃত্বটা সংহত করা দরকার। রাহুলের বয়স এখন ৪০ বছর। ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, সাড়ে ছয় বছর ধরে নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। কংগ্রেসের গড়পড়তা সমর্থক মনে করেন সোনিয়া-মনমোহন জুটির মধ্যে ভাটার টান লেগেছে। এখন প্রয়োজন দলে নতুন প্রাণসঞ্চার করার। মাহফুজার রহমান, ইন্ডিয়া টুডে থেকে