রাহুলের অপেক্ষায়ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভার নির্বাচন হতে এখনো প্রায় তিন বছর বাকি। ২০১৪ সালের এপ্রিল-মে মাসে তা হওয়ার কথা। কিন্তু ইতিমধ্যে ভারতের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে যে পরবর্তী লোকসভা নির্বাচন এগিয়েও আসতে পারে। এর কারণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, ভারতের শাসক জোট কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএর মধ্যে যেভাবে দুর্নীতি বাসা বেঁধেছে, সে ক্ষেত্রে তাদের আরও তিন বছর ক্ষমতায় থাকা কঠিনই হয়ে পড়বে। গোটা দেশে ইউপিএর বিরোধী মহল সক্রিয় হচ্ছে। তারা আন্দোলন করছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপিও ভালো নেই। তারাও জড়িয়ে পড়েছে দুর্নীতির জালে। এই দুর্নীতির জেরে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিজেপির দলীয় নেতা ইয়েদুয়াপ্পা পদত্যাগও করেছেন সম্প্রতি। এতে বিজেপির ওপরও আস্থা হারাচ্ছে মানুষ। কংগ্রেস ও বিজেপির এহেন দুর্নীতিতে জড়িয়ে পড়াকে দেশবাসী ভালো চোখে দেখছে না। এ কারণে লোকসভার নির্বাচন এগিয়ে এলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।নতুন নির্বাচনের কথা উঠলেই অনিবার্যভাবে এসে যায় নতুন প্রধানমন্ত্রীর কথা। পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে ভারতের রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনার অভাব নেই। এখন পর্যন্ত যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে কংগ্রেস জোটেরই নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি। কারণ, দুর্নীতি বাদ দিলে কংগ্রেস খুব খারাপ করেনি। ভারতের প্রাচীনতম এ দলের সংগঠন গোটা দেশব্যাপী। বিরোধী বিজেপিরও দেশজুড়ে সংগঠন রয়েছে। কিন্তু দলটি এখন তীব্র অন্তর্কলহে ভুগছে। রয়েছে নেতৃত্বের অভাবও। সে ক্ষেত্রে ঘুরেফিরে কংগ্রেস জোটেরই সরকার গড়ার সম্ভাবনা বেশি। আর আগামীবারও কংগ্রেস ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে তেমন বিতর্ক নেই। দেশবাসীও মোটামুটি ধরে নিয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধীই হচ্ছেন। কংগ্রেসও রাহুলকে সেভাবে তৈরি করছে।রাজনীতির ‘উচ্চতর ব্যবহারিক’ পাঠ নিচ্ছেন রাহুলও। গান্ধী পরিবারের সন্তান হিসেবে রাজকাজের পাঠ চলছে আবাল্য। রাহুল এখন নতুন দফায় চষে বেড়াচ্ছেন রাজনীতির ময়দান। আগামী বছর উত্তর প্রদেশ, পাঞ্জাব ও গুজরাটের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে উপলক্ষ করে রাহুল উত্তর প্রদেশে জোরকদমে সফর চালাচ্ছেন। এই উত্তর প্রদেশ একসময় ছিল কংগ্রেসের ঘাঁটি। এ প্রদেশেরই আমেথি রাহুলের বাবা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পাকা আসন ছিল। ভারতের সবচেয়ে জনবহুল আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যটিতে কংগ্রেসের সেই শক্তি আজ ক্ষয়ে গেছে বিজেপি, সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টির দাপটে। এবার রাহুল সেই হূত জমি পুনরুদ্ধারে মাঠে নেমেছেন। সাড়াও পাচ্ছেন ভালোই।কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং আগেই ঘোষণা দিয়েছেন, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য রাহুল গান্ধী। একজন প্রধানমন্ত্রীর যেসব গুণ থাকা প্রয়োজন, তার সবকিছুই বর্তমান রাহুলের মধ্যে। রাজনৈতিক মহলও মনে করছে, বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং আর পরবর্তী মেয়াদের জন্য দাঁড়াবেন না। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ‘ভালো মানুষ’ ভাবমূর্তিও অনেকটা নষ্ট হয়েছে দুর্নীতি ও স্থবিরতার বিরুদ্ধে নিষ্ক্রিয়তায়। সবকিছু মিলে তিনি যে আর প্রধানমন্ত্রীর আসনে বসবেন না, তা একরকম নিশ্চিত। মনমোহন না হলে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে আসে মূলত তিনটি নাম—প্রণব মুখোপাধ্যায়, এ কে অ্যান্টনি ও পি চিদাম্বরম। তবে তাঁদের কেউ এ পদের জন্য কংগ্রেসের পুরো সমর্থন পাবেন, তা নিশ্চিত নয়।এ নিয়ে থাকবে পাল্টাপাল্টি লবিং। সে ক্ষেত্রে মুশকিল আসান হিসেবে রাহুল গান্ধীই হবেন সবার পছন্দের বিকল্প। রাহুলের ব্যাপারে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বে বিরোধিতা কমই থাকবে। কারণ কংগ্রেসের দলীয় দ্বন্দ্ব-সংঘাত মেটানোর জন্য গান্ধী পরিবারের যেমন বিকল্প নেই, তেমনি ভোট বা সমাবেশে লোক টানতেও এ পরিবারের সক্ষমতা প্রশ্নাতীত। গান্ধী পরিবারের তরুণ নেতা রাহুলই তাই হতে যাচ্ছেন ভবিষ্যতের কংগ্রেসের মূল হাতিয়ার। রাহুল গান্ধীর পক্ষে আছে জনমত জরিপের ফলও। বিভিন্ন জনমত সমীক্ষায় পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাহুলের নাম উঠে এসেছে।দেশবাসীও যে তাঁকে নেতা হিসেবে চাইছে, এটি তারই প্রমাণ। এ বিষয়ে সাম্প্রতিকতম বড় জনমত সমীক্ষাটি ভারতের প্রভাবশালী সাময়িকী ১৪টি ভাষায় প্রকাশিত দ্য সানডে ইন্ডিয়ান ও সি-ভোটারের যৌথ উদ্যোগে করা। পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে দেশে চলমান জল্পনা-কল্পনার প্রেক্ষাপটে এ নিয়ে সমীক্ষাটি চালানো হয়। এর ফল বলছে, এই মুহূর্তে ভোটারদের পছন্দের তালিকার শীর্ষে রাজীব-সোনিয়াতনয় রাহুল গান্ধীর নাম। সংবাদ মাধ্যমের হিসাবে প্রণব, চিদাম্বরম ও অ্যান্টনির নাম এলেও জনমত সমীক্ষায় তাঁদের পেছনের সমর্থন রাহুলের তুলনায় বেশ কম। সমীক্ষার ফলে দেখা যায়, মনমোহনকে বাদ দিলে কংগ্রেসে এখন প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতম ব্যক্তি হচ্ছেন রাহুল গান্ধী। এতে রাহুল গান্ধীর পক্ষে রায় দিয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ ভোটার। এর পরে রয়েছেন যথাক্রমে: প্রণব মুখোপাধ্যায় (৮ দশমিক ৩), শীলা দীক্ষিত (৪ দশমিক ৪), এ কে অ্যান্টনি (৩ দশমিক ৭), পি চিদাম্বরম (৩), দিগ্বিজয় সিং (১ দশমিক ৫) ও সালমান খুরশিদ (১ দশমিক ৫)। সমীক্ষায় আরও দেখা গেছে, রাহুল গান্ধী একজন ভালো প্রধানমন্ত্রী হবেন—এ ধারণার পক্ষে সায় দিয়েছেন ৬৯ দশমিক ৪ শতাংশ ভোটার। আর বিপক্ষে রায় দিয়েছেন ২৪ দশমিক ৪ শতাংশ। এদিকে এই সমীক্ষায় প্রত্যক্ষ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া উচিত—এ বক্তব্যের পক্ষে ৯১ শতাংশই সায় দিয়েছেন। বিপক্ষে ৭ দশমিক ৩ শতাংশ ভোটার। ভারতের ২৮টি শহরে চালানো হয় এই সমীক্ষা।