‘এই যাবেন, শাহবাগ?’ ‘যামু।’
‘কত?’
‘এক শ।’
‘কী? ওয়ারী থেকে শাহবাগ এক শ টাকা? আশি, যাবেন?’
আশ্চর্য, কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করছে না লোকটা।
‘আর দশ টাকা দিব। নব্বই, যাবা?’
মহোদয় নিশ্চুপ। আর কথা না বলে পরাজয় মেনে উঠে বসলাম রিকশায়। আমাকে যে উঠতেই হবে। উঠেই বললাম, ‘পেছনের কালো গাড়িটা বারবার হর্ন দিচ্ছে। ওটাকে আগে যেতে দাও তো।’
রিকশা এগিয়ে যাচ্ছে ধীরগতিতে। ব্যাটারিচালিত রিকশা। শুধু পা দুটো চেপে আর হাত ব্রেকে রাখলেই হলো। সমস্যা হলো রিকশাওয়ালার একটি পা কম। একটিমাত্র পা আর দুটি হাতে টেনে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ সুস্থ আরেকটা মানুষকে।
‘আমি প্রতিবন্ধী। আমার একটা পা নেই। রিকশা চালিয়ে সংসার চালাই। আমাকে ধাক্কা দেবেন না’ লেখাটা রিকশার পেছনে লেখা বড় করে। লেখাটা দেখেই আমি উঠেছি রিকশায়। এখন খুঁটিয়ে দেখছি লোকটাকে।
মাঝারি গড়ন, ঘামে চিকচিক করছে স্যান্ডো গেঞ্জি ফাঁকি দেওয়া কালো শরীরটা। একটা হাঁটু পর্যন্ত ছুঁই-ছুঁই লুঙ্গি। আরেকটা হাঁটু নেই।
‘ভাই, আপনার পরিবারে কে কে আছে?’
‘আপনার কী দরকার?’
‘এই জ্যামে বসে আছি, একটু কথা বলি আর কি।’
‘বউ আছে, দুইটা পোলা আছে।’
‘আর কেউ কাজ করে না পরিবারে?’
‘বউ ছুটা বুয়ার কাম করে। বড় পোলা লেগুনার হেলপার। ছোট পোলা স্কুলে যায়। টুয়ে পড়ে।’
হিউম্যান হলারকে ওরা ‘লেগুনা’ বলে। জিজ্ঞেস করে জানলাম, বড় ছেলের বয়স তেরো বছর।
‘আরে, ও তো শিশু। আপনি শিশুশ্রম করাচ্ছেন? জানেন, এটা অন্যায়?’
‘শিশুরে আমি স্কুলে দিমু। টাকা আপনে দিবেন? ঘরে বসাইয়া রাখমু। আপনে সংসার চালাবেন?’
জ্ঞান দেওয়া সহজ, সমাধান দেওয়া কঠিন। প্রসঙ্গ পাল্টে বললাম, ‘আপনার পা কীভাবে কাটা গেছে?’
‘ট্রাকের ড্রাইভার ছিলাম আমি। বছর তিনেক আগে অ্যাক্সিডেন্টে জানটা একটুর জন্য বেঁচে গেছে। আর পা-টা কেটে ফেলতে হইছে।’
‘এক পা নিয়ে রিকশা চালান কীভাবে? কষ্ট হয় না। আর কোনো কাজ জানেন না?’
‘কোন কাজে কষ্ট নাই? আমার কোনো কষ্ট নাই। নিজের ঘাম ঝরাইয়া টাকা কামাই। ভিক্ষা করি না আমি, মেহনত করি। পরোয়া করি না কোনো কিছুর।’
কথাটা বলল লোকটা নেমে দাঁড়িয়ে, আমার দিকে তাকিয়ে। চোখ জ্বলছে, মাথা গর্বে উঁচু হয়ে আছে। আমরা শাহবাগে এসে পড়েছি। এরপর আর রিকশা যাওয়া নিষেধ। একটা পাঁচ শ টাকার নোট বাড়িয়ে দিতেই যখন লোকটা বলল, ভাংতি নেই, বললাম, ‘পুরোটাই রাখেন।’
‘দয়া দ্যাখান? আমি দান নেই না।’
‘দয়া না, উপহার। আপনাকে আমার সশ্রদ্ধ উপহার।’
‘মজা করেন? আপনার উপহার আমি নিমু ক্যান?’
‘তাহলে মনে করেন গুরুদক্ষিণা। এই একটা ঘণ্টা আপনার কাছ থেকে পরিশ্রম, সততা, আত্মবিশ্বাস, দৃঢ়তা...থাক, কঠিন হয়ে যাচ্ছে। অনেক কিছুই শিখলাম ভাই। এটা আপনি রাখেন।’
সামনে সেই কালো গাড়িটা দাঁড়িয়ে। আমার ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে আছে। রিকশাওয়ালার চোখ দুটো বলছে, জীবনের এই একটা ঘণ্টার অভিনয় সে ক্ষমা করে দিয়েছে।
আহাদ আদনান
মাতুয়াইল, ঢাকা