রিজভীর আশ্বাসের পরও আন্দোলনের ঘোষণা জনসংহতির
পার্বত্য চুক্তি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পরও আন্দোলনের পথ থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে জনসংহতি সমিতি। তবে সরকার কত দ্রুত চুক্তি বাস্তবায়ন করছে, তার ওপর আন্দোলনের মাত্রা নির্ধারিত হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা।সম্প্রতি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা রাঙামাটি সফর করেন। এ সময় তাঁরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাসহ তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, সরকারি দল আওয়ামী লীগের স্থানীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সন্তু লারমা ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠকে গওহর রিজভী পার্বত্য চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল বা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে তিনি কোনো আশ্বাস দেননি। তিনি শুধু পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়টা দেখবেন বলে কথা দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যবিধিমালাসহ যেসব বিধি ও প্রবিধান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তা আগামী ছয় মাসের মধ্যে চূড়ান্ত করে কার্যকর করা হবে বলে বৈঠকে গওহর রিজভী আশ্বাস দিয়েছেন। চুক্তি অনুযায়ী স্থানীয় পুলিশ বাহিনী গঠন ও পার্বত্য জেলা পরিষদের কাছে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ হস্তান্তরের কার্যক্রম শুরুরও আশ্বাস দিয়েছেন তিনি। এ সরকারের মেয়াদেই চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে গওহর রিজভী জানান। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের অপসারণ বিষয়ে গওহর রিজভী বলেন, এ কমিশন সংসদ দ্বারা গঠিত কমিশন। সুতরাং চেয়ারম্যানকে অপসারণ আইনগতভাবে সঠিক হবে না। ২০১২ সালের আগস্ট মাসে এ চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পর সবার গ্রহণযোগ্য চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান।তবে, গওহর রিজভীর এ আশ্বাসের পরও জনসংহতি সমিতি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলটির শীর্ষ নেতারা জানান, গত ১৪ বছরে সরকার সব সময় চুক্তি বাস্তবায়নের কথা বলেছে। কিন্তু তারপর বারবার উদাসীনতা দেখিয়েছে। সে কারণে আন্দোলন কর্মসূচির কোনো পরিবর্তন হবে না। এ বিষয়ে জনসংহতি সমিতির সর্বস্তরের নেতা-কর্মীর মতামত গ্রহণ করা হয়েছে বলে তাঁরা জানান। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা চুক্তি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। গত ৩০ নভেম্বর পার্বত্য চুক্তি ১৪তম বার্ষিকী উপলক্ষে ঢাকার একটি হোটেলে জনসংহতি সমিতি আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়।মঙ্গল কুমার চাকমা জানান, কর্মসূচি অনুযায়ী ২০১২ সালে জানুয়ারি থেকে তিন পার্বত্য জেলায় গণসংযোগ, গণ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি করবে জনসংহতি। পাশাপাশি একই সময়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। চুক্তি বাস্তবায়ন না হলে মার্চে মহাসমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।