রিপন সাহার বোধের বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিপন সাহার প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা
রিপন সাহার প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা

অ্যাক্রেলিকে আঁকা ছবিগুলোকে ক্যানভাসের কবিতাও বলা চলে। ২১টি ছবিতেই আছে আলাদা গল্প, অনুভূতির অনুবাদ। তরুণ শিল্পী রিপন সাহা তাঁর প্রথম প্রদর্শনীতেই স্বকীয় শিল্পভাষার স্বাক্ষর রাখলেন। গত শুক্রবার সন্ধ্যায় নগরের সার্সন রোডের হাটখোলা ক্যাফের গ্যালারিতে শুরু হওয়া এই প্রদর্শনীর শিরোনামটিও যথার্থই মনে হবে দর্শকের কাছে। ‘বোধ’ শিরোনামের এই প্রদর্শনী চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। সন্ধ্যা সাতটায় প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী ঢালী আল মামুন। তিনি বলেন, বর্তমানে শিল্পমাধ্যমে বিশ্বজুড়ে নতুন নতুন কাজ হচ্ছে। শিল্পীরা নতুন নতুন প্রকাশের ভঙ্গি ও আঙ্গিক খুঁজে নিচ্ছেন। প্রদর্শনীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবীর, সংগীত শিল্পী হাসিনা জাকারিয়া, শিল্পী দিলারা বেগম জলি, কাউন্সিলর রেহানা বেগম প্রমুখ। রিপনের প্রত্যেক ছবির পেছনেই কোনো না কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা ও গল্প আছে। প্রাত্যহিক জীবনের ফটোগ্রাফিক চিত্র খুঁজে না পেলেও দর্শক অন্য এক বাস্তবতা খুঁজে পাবেন তাঁর ক্যানভাসে। জীবনের টুকরো ছবিগুলোকে এমনভাবে হাজির করেন তিনি যা দর্শকের কাছে নতুন মনে হয়। ক্রমাগত পাল্টাতে থাকা সমকালীন শিল্পভাষা আয়ত্ত করছেন তিনি। নতুন শিল্পভাষা নির্মাণের পথ ধরেই এগিয়েছেন।
রিপন সাহা বলেন, ‘প্রদর্শনীতে প্রদর্শিত প্রতিটি ছবির পেছনের অনুপ্রেরণা জীবনানন্দ দাশের বোধ কবিতা। আমি জীবনকে সেভাবেই দেখেছি। চেষ্টা করেছি আমার মতো করে ফুটিয়ে তুলতে।’ প্রদর্শনী দেখতে আসা স্বাগতম দাশ গুপ্ত বলেন, ‘প্রদর্শনীর ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছি। প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন বাস্তবতা খুঁজে পেয়েছি। শিল্পী মানুষের মৌলিক আবেগ নিয়ে কাজ করেছেন।’