শুরু হয়ে গেছে ২০১২ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ঝাঁপ। আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন লাভের প্রথম অনানুষ্ঠানিক পরীক্ষা ‘স্ট্র পোল’ অনুষ্ঠিত হয়ে গেল গত শনিবার। আইওয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ওই ভোটে অংশ নিয়েছেন প্রায় ১৭ হাজার ভোটার। জনসমর্থন যাচাইয়ের এ প্রাথমিক পরীক্ষায় মিনেসোটার কংগ্রেস সদস্য মিশেল বাখম্যান সফল হয়েছেন। যদিও তা অল্প ব্যবধানে। প্রেসিডেন্ট পদে লড়তে রিপাবলিকান দলের চূড়ান্ত টিকিট পাওয়ার ক্ষেত্রে এ ভোট কোনো গুরুত্ব বহন করে না। তবে এ জয়ের পর বাখম্যান নিজেকে অন্যতম ‘ফ্রন্টরানার’ হিসেবে তুলে ধরার সুযোগ পাবেন। আর ভাগ্য ভালো হলে রিপাবলিকান মনোনয়ন পেয়ে গিয়ে শেষমেশ হোয়াইট হাউসেও যে প্রবেশ করবেন না, এরই বা নিশ্চয়তা কী?স্ট্র পোলের ফলে দেখা গেছে, চার হাজার ৮২৩ ভোট পেয়েছেন মিশেল বাখম্যান। নিকট প্রতিদ্বন্দ্বী টেক্সাসের কংগ্রেসম্যান রন পল চার হাজার ৬৭১ ভোট এবং সাবেক মিনেসোটা গভর্নর টিম পলেন্টি দুই হাজার ২৯৩ ভোট পান। ম্যাসাচুসেটসের গভর্নর মিট রমনি এ ‘প্রাইমারি’তে অংশ না নিয়েও ৫৬৭ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বিতার তালিকায় টেক্সাসের গভর্নর রিক পেরির নামও ছিল না। কিন্তু তিনিও ৭১৮ ভোট পেয়েছেন।হোয়াইট হাউসের পথে এ জনমত যাচাই একেবারেই প্রথম ধাপ। তবে এখানে ভালো করা মানে মনোনয়ন দৌড়ে কিছুটা এগিয়ে থাকা। প্রচারের আলো পাওয়ার সুযোগ তো বটেই। এ কারণেই এ প্রাইমারি নিয়ে আগ্রহের কমতি ছিল না প্রার্থীদের মধ্যে। ভোটারদের মন জয়ে প্রার্থীরা আয়োজন করেন বাহারি সব খাবারের। সমর্থকদের জন্য পাতা ছোট ছোট তাঁবুতে চুটিয়ে চলেছে নির্বাচনী আড্ডা। কেউ ব্যস্ত ছিলেন ট্যাক্সবিরোধী আলোচনায়, কেউ বা আবার প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট বারাক ওবামাকে তুলোধুনো করতে। সমর্থকদের মনোরঞ্জনে ছিল ব্যান্ডের সুরের মূর্ছনাও।সমর্থকদের পক্ষে টানতে যুক্তির খই ফুটল প্রার্থীদের মুখে। উদারপন্থী রন পল বললেন, ‘যুক্তরাষ্ট্রকে এখন আগে নিজের ঘর সামলাতে হবে। আফগানিস্তান বা পাকিস্তানের সীমান্ত নিয়ে আর মাথা ঘামাতে চাই না আমরা। সেনাদের দেশে ফিরিয়ে আনার এখনই মোক্ষম সময়।’ভোটারদের উদ্দেশে টিম পলেন্টির সোজাসাপ্টা কথা: অনেক রিপাবলিকানই জ্বালাময়ী বক্তব্য দেবেন। তবে মনে রাখা দরকার, বক্তব্য দেওয়া অনেক সহজ। বাস্তবায়ন করা কঠিন।নিজের সমর্থন নিয়ে আশঙ্কার জন্যই কি না কে জানে, স্বঘোষিত রক্ষণশীল মিশেল বাখম্যান বক্তব্যের মধ্যে অন্তত এক ডজনবার উল্লেখ করলেন তিনি আইওয়ারই একজন। ভোটের ফল বলছে, শেষ পর্যন্ত তাঁর এ রাজনীতি কাজেও লেগেছে।বাখম্যান অনলবর্ষী বক্তা হিসেবে পরিচিত। তাঁর পেটে নাকি আগুনের ফুলকি আছে, যা মুখ দিয়ে বের হওয়া মাত্রই শ্রোতাদের কাবু করে ফেলে। তাঁর ঘোষণা, ‘আমরা সম্মিলিতভাবে বারাক ওবামাকে শুধু এক মেয়াদের প্রেসিডেন্ট বানাতে যাচ্ছি।’ সঙ্গে সঙ্গে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা সরগরম।সমকামী বিয়ের অনুমোদন প্রসঙ্গে প্রেসিডেন্ট ওবামাকে খোঁচা দিয়ে বাখম্যান বললেন, ‘বিয়ে শুধু দুজন নারী ও পুরুষেরই ব্যাপার। কারণ, পরিবারই দেশের ভিত্তিমূল। পরিবার ছাড়া আমরা কীভাবে টিকে থাকব?’তবে আইওয়াতে মুখরক্ষা হলেও বাখম্যানের পথে বড় বাধা টেক্সাসের গভর্নর রিক পেরি। বাখম্যানের মতো তিনিও ‘সোশ্যাল কনজারভেটিভ’ হিসেবে পরিচিত রক্ষণশীল। আইওয়ার প্রাইমারিতে অংশ না নিলেও পেরি রিপাবলিকান টিকিটের জন্য শেষমেশ নিজের প্রার্থিতা ঘোষণা করায় বাখম্যানের সম্ভাবনা কমে যেতে পারে। কারণ, চরম বেকারত্বের সমস্যার মধ্যে গভর্নর হিসেবে নিজ অঙ্গরাজ্য টেক্সাসে চাকরির ক্ষেত্র তৈরিতে রিক পেরি অনেকটা সফল। দেশজুড়ে মন্দার ভেতরেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্যগুলোর অন্যতম টেক্সাস বিগত কয়েক মাসে বিশাল এক চাকরির বাজারে পরিণত হয়েছে। এ ছাড়া রিপাবলিকান মনোনয়নের অন্যতম শক্ত দাবিদার সারাহ পেলিনও আইওয়ার স্ট্র পোলে অংশ নেননি। সব মিলিয়ে একমাত্র সামনের দিনগুলোই বলতে পারে, ওবামার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ রুখতে কে রিপাবলিকান ঝান্ডা হাতে মাঠে নামবেন। ১৯৭৯ থেকে রিপাবলিকান পার্টির জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইওয়া স্ট্র পোলে ভোট দিয়ে আসছেন। ১৮ বছরের ঊর্ধ্বে এবং ৩০ ডলার দিয়ে টিকিট কিনতে সক্ষমরাই ভোট দিতে পারেন। অংশগ্রহণকারীদের রিপাবলিকান পার্টির সদস্য হতে হবে, এমন কোনো শর্ত নেই। তবে তাঁদের অবশ্যই ওই রাজ্যের বাসিন্দা বা আইওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। হারুন-অর-রশীদ